আমার পাল্টা জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপালে অপবাদের তিলক পরিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছিল। তিনি ধরা পড়েছেন ডোপ পরীক্ষায়। এই গুঞ্জন উড়িয়ে দিতেই যেন ব্যাট হাতে ছিলেন রুদ্রমূর্তি, বল হাতেও নীরব ঘাতক। পরশু ম্যাচের পর বিবিসিতে লেখা কলামে তিলকরত্নে দিলশান জানালেন, এটা তাঁর পাল্টা জবাব।বুধবার খবর এল, আমি নাকি ডোপ টেস্টে ধরা পড়েছি!এমন অভিযোগ এই প্রথম ওঠেনি। সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে মাঝেমধ্যেই এ নিয়ে কথা হয়েছে। আমার মনে হয়, খেলা থেকে আমার মনোযোগ সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। কিন্তু এ নিয়ে মোটেও উদ্বিগ্ন নই। এ ধরনের খবরে আমি কান না দেওয়ার চেষ্টা করি। পুরো মনোযোগ দিই খেলায়।আসল ঘটনা হলো, অস্ট্রেলিয়া ম্যাচের আগে আইসিসি দ্বৈবচয়ন ভিত্তিতে ডোপ টেস্টের জন্য বেছে নিয়েছিল অজন্তা মেন্ডিস ও চামারা সিলভাকে। আমার নমুনা ওরা নেয়ইনি। বুঝতে পারছি না, এ ধরনের ভিত্তিহীন খবর কোত্থেকে রটে। বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে আমি আমার নিন্দুকদের সেটারই পাল্টা জবাব দিয়েছি। আমি চাপে ছিলাম না, এমনও নয় ক্ষুব্ধ ছিলাম। তবে কেউ যখন আপনার মনোযোগে ব্যাঘাত ঘটাবে, সেটিও বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট চলার সময়; স্বাভাবিকভাবেই আপনি বিরক্ত হবেন।অবশ্য বৃহস্পতিবার দিনটা কী দুর্দান্তই না গেল আমাদের! ওয়ানডেতে এটাই আমার সেরা পারফরম্যান্স। বিশ্বকাপে করতে পারায় সেটি আরও বেশি স্পেশাল হয়ে গেছে। পুরো কৃতিত্ব দেব উপুল থারাঙ্গাকে। ওর সমর্থন আর দৃঢ়তার কারণেই আমি এগিয়ে যেতে পেরেছি, উদ্বোধনী জুটিতে রেকর্ড ২৮২ রান করেছি। এদিন আমরা দুটো রেকর্ড গড়েছি। এই প্রথম দুই ওপেনার বিশ্বকাপে সেঞ্চুরি পেল। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের সাঈদ আনোয়ার ও ওয়াস্তির ১৯৪ রানের উদ্বোধনী জুটির রেকর্ডও ভেঙেছি। রেকর্ড গড়তে কার না ভালো লাগে! তবে ব্যক্তিগত অর্জন নয়; আমাদের লক্ষ্য ছিল দলের জয়।পাল্লেকেলের মুরালিধরন স্টেডিয়ামের এই উইকেটটা ছিল ব্যাটিং-বান্ধব। দুই অধিনায়কই শিশির-প্রভাব নিয়ে দুশ্চিন্তায় ছিল। এলটন চিগুম্বুরা টসে জিতে বোলিং নিয়ে ভুল করেনি। আমরা জিতলেও সেটাই করতাম।থারাঙ্গা আর আমার জুটির পর মিডলঅর্ডার ব্যাটসম্যানরা দ্রুত রান করতে গিয়ে আউট হয়ে গেছে। এতে কোনো দুশ্চিন্তার কারণ দেখি না। এটাকে ব্যাটিং ধস বলা যাবে না। তখন মাত্র ২০-২৫ বল বাকি ছিল। ওই সময়ের ভেতরে যত বেশি সম্ভব রান তোলার চেষ্টা ওরা করেছে।ম্যাচে আমরা একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মুরালিধরনকে খেলিয়েছি। ফলে খণ্ডকালীন স্পিনার হিসেবে আমার ওপর দায়িত্ব ছিল কিছু ওভার বল করা। ভালো বল করেছি। কিন্তু সবচেয়ে ভালো হতো ১৪৪ রানের ইনিংসটার পাশাপাশি যদি বল হাতে ৫ উইকেটও নিতে পারতাম!