আমার প্রতিষ্ঠানটি যেন বেঁচে থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেশ কয়েক দিন থেকেই তাঁর শরীরটা ভালো যাচ্ছিল না। তবুও তিনি থেমে থাকেননি। ভোরের আলো ফুটতে না ফুটতেই তিনি প্রশিক্ষণার্থীদের ঘরে যেতেন। সারা দিন তাঁদের সঙ্গেই কাটাতেন। রাত ১১টা পর্যন্ত চলত তাঁর কাজ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তাঁর নামে প্রতিষ্ঠিত ‘জাহান আরা কুটির শিল্প শিক্ষাকেন্দ্রের অসহায়, বঞ্চিত ও উপেক্ষিত নারীদের সঙ্গেই ছিলেন। কার কী সমস্যা জানতে চাইতেন, সমাধান করতেন। বুঝিয়ে দিতেন।’ কথাগুলো বললেন, জাহান আরা বেগমের সন্তান ও শিক্ষাকেন্দ্রের পরিচালক খায়রুল বাসার।কুমিল্লার জাহান আরা বেগম ‘কুটির শিল্পের রানি’ হিসেবে দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছেন। কুটির শিল্প চর্চা করেই প্রচুর সম্মান পেয়েছেন। যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া স্বর্ণপদক, তত্কালীন পূর্ব পাকিস্তানের গভর্নর পদক, বাংলাদেশের স্বাধীনতা পদক, তিনবার জাতীয় সমবায় পুরস্কার, সাদামনের মানুষ, অনন্যা শীর্ষ-১০ নারী, কুমিল্লা ফাউন্ডেশন স্বর্ণপদক, জাতীয় সমাজসেবা পুরস্কার, উইমেন ফর উইমেন পদক ও রোটারি ক্লাব পদক পেয়েছেন। ১৬ জানুয়ারি রাত পৌনে একটায় তিনি না ফেরার দেশে চলে যান। রেখে গেছেন বিশাল প্রতিষ্ঠান। দীর্ঘ ৬৫ বছরের কর্মময় জীবনে জাহান আরা বেগম পাড়ি দিয়েছেন বহু পথ। প্রতিষ্ঠা করেছেন ‘জাহান আরা কুটির শিল্প শিক্ষাকেন্দ্র।’ এ কেন্দ্রের মাধ্যমেই অসংখ্য নারীর জীবন বদলে দিয়েছেন। বাঁশের ঝুড়ি, বাঁশি, স্কেল, বেতের কাজ, হস্তশিল্প আর বাটিকের কাজ এখান থেকেই পরিচালনা করতেন। বিশ্বাস করতেন, ‘প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ছোটই সুন্দর। সাধারণই সুন্দর। ছোট ছোট কাজের মাধ্যমে বড় সাফল্য আসে।’ পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৪৫ সালের জানুয়ারি মাসে মাত্র ১৩ বছর বয়সে তাঁর বিয়ে হয়। ওই সময় থেকেই তিনি কুটির শিল্পের কাজে জড়িয়ে পড়েন। বাঁশ দিয়ে তৈরি করতেন স্কেল, ঝুড়িসহ নানা ধরনের সামগ্রী। মহিলাদের স্বাবলম্বী করতে তিনি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। ১৯৬২ সাল থেকে তিনি কাজের ব্যাপ্তি বাড়িয়ে দেন। তখন জাহান আরা বেগমের সুনাম ছড়িয়ে পড়ে গোটা দেশেই। মৃত্যুর আধাঘণ্টা আগে ছেলে খায়রুল বাসারকে বলেছিলেন, ‘তাঁর পরিবর্তনের স্বপ্নের প্রতিষ্ঠানটি চালাতে। এর মধ্যই বেঁচে থাকবে তাঁর কীর্তি।’ ১৯৩২ সালের ১৫ জানুয়ারি কুমিল্লা শহরতলির শুভপুরে তাঁর জন্ম। পাঁচ ভাই ও ছয় বোনের মধ্যে তিনি তৃতীয়। বাবা নাসির উদ্দিন আহমদ ও মা সুলতানা রেজিয়া গত হয়েছেন অনেক আগেই। স্বামী মনিরুল ইসলাম মিয়াজী মারা যান ১৯৮০ সালে। এরপর তিন দশক তিনি কাজের মধ্যে কাটিয়েছেন। চার ছেলের মধ্যে প্রথম ছেলে এ কে এম শামসুদ্দীন শাহজাদা কুটির শিল্পের প্রশিক্ষণ ও বাজারজাত করেন। তিনি কুমিল্লা শিল্পনগরে মনির কুটির শিল্প পরিচালনা করেন। দ্বিতীয় ছেলে এ বি এম রুহুল কুদ্দুস শাহনেওয়াজ ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাহান আরা কুটির শিল্প চালান। তৃতীয় ছেলে খায়রুল বাসার শিপন প্রশিক্ষণকেন্দ্র ও বিক্রয়কেন্দ্র পরিচালনা করেন। চতুর্থ ছেলে আবুল হাসান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকল্প তৈরির কাজে সহযোগিতা করেন। তা ছাড়া তাঁর তিন মেয়েও কুটির শিল্পের সঙ্গে জড়িত। জাহান আরা বেগম ছিলেন কাজপাগল। তিনি কুটির শিল্পের রানি হিসেবে সারা দেশে পরিচিত ছিলেন। ১৯৬২ সালে রানি এলিজাবেথ প্রদত্ত স্বর্ণপদক, ১৯৯৩ সালে পল্লি উন্নয়নে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পদক পেয়েছেন। ১৯৮২, ১৯৮৫ ও ২০০৮ সালে পেয়েছেন জাতীয় সমবায় পুরস্কার। ১৯৭৭ সালে কুমিল্লা ফাউন্ডেশন কর্তৃক বেকার মহিলার উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে স্বর্ণপদক, ২০০০ সালে অনন্যা শীর্ষ-১০ নারী পুরস্কার, রোটারি ক্লাব পুরস্কার অর্জন করেন। উইমেন ফর উইমেনের তিন দশক পূর্তি উত্সবে বিশেষ অবদানের জন্য ২০০২ সালে তাঁকে শ্রেষ্ঠ নারীদের কর্মসংস্থানের পথিকৃত্ হিসেবে পুরস্কার দেওয়া হয়। ২০০২ সালে চট্টগ্রাম বিভাগ কর্তৃক শ্রেষ্ঠ জেলা সমবায় সমিতি পদকও পেয়েছেন। তিনি কুটির শিল্পের সামগ্রী নিয়ে বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে অংশ নিয়ে ১২৬টিতে প্রথম পুরস্কার এবং বিভিন্ন কার্যক্রমের জন্য ১৮টি স্বর্ণপদক পেয়েছেন। ২০০৭ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানী ঢাকার জাতীয় কন্যাশিশু ফোরাম তাঁকে সম্মাননা দিয়েছে। তিনি কুমিল্লা পৌরসভার কমিশনারও (কাউন্সিলর) ছিলেন।জাহান আরা বেগম ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা ছিলেন। তিনি সমবায় আন্দোলন, শিক্ষা বিস্তার, শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কাজও করেছেন। ২০০৩ সালের ৮ নভেম্বর প্রথম আলোর সাপ্তাহিক আয়োজন ছুটির দিনে এবং ২০০৮ সালের একই দিনে তাঁকে নিয়ে দুটি মূল রচনা প্রকাশিত হয়।বয়সের চাপ তাঁর মুখে স্পষ্টই ছিল। কিন্তু প্রতিজ্ঞায় ছিলেন অনড়। প্রতিনিয়ত পরিবর্তনের পক্ষে ছিলেন তিনি। বলতেন, কুটির শিল্পের মাধ্যমে এ দেশকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। দরকার উদ্যোগ আর আন্তরিকতা।চলে গেছেন জাহান আরা বেগম। রেখে গেছেন তাঁর কীর্তি। তবে মারা যাওয়ার আধ ঘণ্টা আগেও তাঁর স্বপ্ন ছিল ‘আমার প্রতিষ্ঠানটি যেন বেঁচে থাকে’।