আমার বক্তব্যে সূচক কমেনি: মুস্তফা কামাল
শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আগের সরকারের আমলেও আমার নামে নানা অভিযোগ আনা হয়েছিল। সেই সময় কিন্তু দুর্নীতির মামলার মূল আসামি হয়েও খালাস পেয়ে এসেছি। তাই এসব অভিযোগ নিয়ে ভাবছি না আমি।’আজ বুধবার সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল এসব কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল আরও বলেন, ‘আমি নির্দোষ, এটা আমি বলব না। কিন্তু আমার বক্তব্যের কারণে কখনো পুঁজিবাজারের সূচক কমেনি। স্বাভাবিক কারণেই সূচক বেড়েছে-কমেছে।’ তিনি বলেন, ‘শেয়ারবাজার কারসাজি-সংক্রান্ত ওই তদন্ত প্রতিবেদন সাংবাদিকদের কাছেও আছে। আপনারা পড়ে দেখুন, আমার কোনো অপরাধ পান কি না। সিএমসি কামালের কোনো অপরাধ আছে কি না, তাও পরীক্ষা করে দেখুন।’সিএমসি কামাল জানান, আগামী ৯ জুন বাজেট উপস্থাপনের পর অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পুঁজিবাজার-সংক্রান্ত বিশেষ বৈঠকের তারিখ নির্ধারণ করবে কমিটি। ওই বৈঠকে তাঁর পরিবর্তে কমিটির সদস্য আলী আশরাফ সভাপতিত্ব করবেন। ওই সময় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন তিনি।আগামী সভায় পুঁজিবাজার তদন্ত প্রতিবেদনসহ পুঁজিবাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।