সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘প্রথম আলো ও ট্রান্সকমের মালিক লতিফুর রহমানকে নিয়ে আমার বক্তব্য কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে পরিবেশন করা হয়েছে। আবার কেউ কেউ বক্তব্যের ভুল ব্যাখ্যাও দিয়েছেন।’ গতকাল মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে মহীউদ্দীন খান আলমগীর এ কথা বলেন। দুদকের নোটিশ পাঠানো সম্পর্কে তিনি বলেন, ‘আমি শুনেছিলাম তালিকায় নাম থাকলেই ওই সময় দুদক নোটিশ পাঠাত। সত্য-মিথ্যা দেখার সাধ বা সাধ্য কোনোটাই তাদের ছিল না। লতিফুর রহমানকে নোটিশ না দিয়ে থাকলে এটি অন্তত ভালো কাজ হয়েছে।’ তিনি বলেন, ‘লতিফুর রহমানের মতো বড় ব্যবসায়ী-উদ্যোক্তাও যে এ হয়রানি থেকে রক্ষা পাননি, সে কথাই আমি বলতে চেয়েছিলাম।’মহীউদ্দীন খান বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংবিধান লঙ্ঘন করে গোষ্ঠী স্বার্থে বিশেষ মহলের তল্পিবাহক হিসেবে কাজ করেছে দুদক। সেই সময় রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের তারা কালিমা লেপন করতে চেয়েছিল।প্রসঙ্গত, গত সোমবার সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তত্ত্বাবধায়ক সরকারের সময়ের দুদকের কাজের সমালোচনার একপর্যায়ে মহীউদ্দীন খান বলেছিলেন, প্রথম আলো ও ট্রান্সকমের মালিক লতিফুর রহমানকে নোটিশ পাঠিয়েছিল দুদক, সেই নোটিশ এখন কোথায়?মোজাফ্ফর আহমদের বিবৃতি: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর একই অনুষ্ঠানে অধ্যাপক মোজাফ্ফর আহমদেরও সমালোচনা করেন।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি মোজাফ্ফর আহমদ এর প্রতিবাদ করে বলেছেন, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অর্থ ব্যক্তিগত হিসাবে জমা হয়েছে বলে যে অভিযোগ তুলেছেন মহীউদ্দীন খান আলমগীর, এ বিষয়ে কেউ কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারবে না। বিদেশি টাকার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, সুজন, হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনসহ যেসব নাগরিক আন্দোলনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে, সেখানে লিখিতভাবে বিদেশি প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ নিষিদ্ধ রয়েছে।মইন উ আহমেদের দুটি বইয়ের মোড়ক উন্মোচন করে অনির্বাচিত সরকারকে সমর্থন জানানোর অভিযোগ সম্পর্কে বিবৃতিতে বলা হয়, প্রথম বই উন্মোচনের সময় তিনি সামরিক বাহিনীর সংবিধান অনুযায়ী ক্রিয়াকর্ম করার দায়বদ্ধতার কথা উল্লেখ করেন এবং দ্বিতীয় বইটিতে ইতিহাসের অর্ধসত্য তুলে ধরার কারণে সমালোচনা করেন। তিনি মহীউদ্দীন খানের একটি বই নিয়েও আলোচনা করেছিলেন বলে জানান। ওই বইটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন প্রকল্পের উন্নয়ন ও সম্ভাবনার ওপর লেখা।বিবৃতির শেষে মোজাফ্ফর আহমদ বলেন, ‘উঁচু গলার মিথ্যা ভাষণে চরিত্রহননের চেষ্টা ভদ্রচিত নয় এবং শিক্ষাপ্রাপ্ত কোনো পদস্থ ব্যক্তির পরিচয়ও সেটা হতে পারে না। আমি আমার ছাত্রকে অনুরোধ করব অশিষ্ট আচরণ থেকে দূরে থাকতে ও মিথ্যাচার পরিহার করতে।’