আমার বন্ধু হুমায়ূন
১৫ জুলাই আমি নিউইয়র্ক পৌঁছেছিলাম। ১৬, ১৭ ও ১৮ জুলাই আমি ছিলাম হুমায়ূন আহমেদের পাশে। ১৬ আর ১৭ জুলাই মনে হয়েছিল তাঁর শরীরের অবস্থা খুব খারাপ। ১৮ জুলাই মনে হচ্ছিল একটু ভালো। মাজহার সে সময় হুমায়ূনের মূল চিকিৎসক ডা. মিলারের একটি এসএমএস দেখাল। আমি নিশ্চিত নই, সম্ভবত ডা. মিলার এই এসএমএস পাঠিয়েছিলেন পূরবী বসুকে। এসএমএসে লেখা ছিল, হুমায়ূনের শরীরের অবস্থা প্রতিদিনের উন্নতি-অবনতি নিয়ে বিচার করা যাবে না। এক সপ্তাহ দেখে তার পরই আসতে হবে কোনো সিদ্ধান্তে।আমি যে তিন দিন নিউইয়র্কে ছিলাম, প্রতিদিনই তাঁকে দেখতে গেছি। প্রথম দিন তাঁকে ছুঁয়ে দেখেছি। কথা বলার চেষ্টা করেছি। সেদিন তিনি একটু কথা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু এরপর থেকে আর কোনো সাড়া দেননি। দিবারাত্রি তাঁর কাছাকাছি ছিল শাওন, মুহম্মদ জাফর ইকবাল, ইয়াসমিন হক ও মাজহার। খোঁজ নিয়ে জেনেছি, তাঁকে সর্বোচ্চ চিকিৎসাই দেওয়া হয়েছে। ১৮ জুলাই নিউইয়র্ক থেকে লন্ডনে আসার সময় জেএফকে এয়ারপোর্ট থেকেও মাজহারের কাছে ফোন করে তাঁর খবর নিয়েছি।গতকাল (১৯ জুলাই) লন্ডনে পৌঁছানোর পর বিকেলের দিকে ঢাকা থেকে আমার স্ত্রীর ফোন পেলাম। তখনই খবরটা পেলাম। আমি মাজহারকে ফোন করার পর ও কিছু বলতে পারছিল না। হাউমাউ করে কাঁদছিল। হুমায়ূন আহমেদকে নিয়ে আমার জীবনের এত ঘটনা রয়েছে, তা কি বলে শেষ করা যাবে?হুমায়ূন শরীরের ব্যাপারে একেবারেই সচেতন ছিলেন না। তেল-চর্বিযুক্ত খাবার খেতে পছন্দ করতেন। ধূমপান করতেন। স্বাস্থ্য সচেতন হলে, সময়মতো স্বাস্থ্যপরীক্ষা করালে আগেই তাঁর ক্যানসার ধরা পড়ত। কিন্তু তিনি মনে করতেন, ‘যতক্ষণ বেঁচে আছি, বাঁচার মতো বেঁচে থাকব।’ ওপেন হার্ট সার্জারি হওয়ার পরেও খাওয়াদাওয়ায় কোনো নিয়ম মেনে চলেননি তিনি। আমরা তাঁকে নিয়ম মেনে চলতে বলতাম, কিন্তু তিনি শুনতেন না। বরং বলতেন, ‘এত টাকা-পয়সা খরচ করে অপারেশন করালাম, তাহলে সেটা করালাম কিসের জন্য? ভালোভাবে থাকার জন্যই তো!’হুমায়ূনের ব্যক্তিগত জীবনের অনেক বিষয়ের সঙ্গেই যুক্ত ছিলাম। নানা ধরনের জটিলতা, সংকটে বন্ধু হিসেবে কমবেশি তাঁর পাশে দাঁড়িয়েছি। আমরা সেটা ঠিক করেছি, না ভুল করেছি, আজ আর সে আলোচনার প্রয়োজন নেই। মানুষ হিসেবে তিনি যেটা ভালো মনে করেছেন, সেটাই করেছেন। হুমায়ূন আত্মকেন্দ্রিক মানুষ ছিলেন না একেবারেই। সবাইকে নিয়ে চলার একটা আগ্রহ সব সময়ই তাঁর ছিল। আনন্দ তিনি একা উপভোগ করতেন না। পরিবার, বন্ধুরা তাঁর পাশে থাকুক, সেটাই চাইতেন। কিন্তু একটা ব্যাপার বলব, তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ছিল কঠিন কাজ। সম্পর্কের একটা পর্যায়ে গিয়ে তিনি একটা দেয়াল তুলে দিতেন। বন্ধুদের কারও পক্ষেই সেই দেয়ালের ওপাশে যাওয়া সম্ভব ছিল না। স্ত্রী-পুত্র-কন্যারা হয়তো যেতে পারত, কিন্তু সে বিষয়ে আমার জানা নেই। খুবই অগোছালো জীবন যাপন করতেন, কিন্তু কিছু কিছু ব্যাপারে তিনি ছিলেন খুব গোছালো। যেমন সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি কারও সঙ্গে দেখা করতেন না। সেটা ছিল তাঁর লেখালেখি আর পড়াশোনার সময়। হুমায়ূনের বাড়িতে ছিটকিনি লাগানো হতো না। চব্বিশ ঘণ্টাই খোলা থাকত। বিচিত্র মানুষ ছিলেন হুমায়ূন। বিজ্ঞানের ছাত্র, কিন্তু অন্যান্য বিষয়ে তাঁর পড়াশোনা ছিল বিস্তর। মানবসভ্যতার ইতিহাস, ধর্ম নিয়ে তাঁর জানার পরিধি ছিল বিশাল। ছবি আঁকাও ছিল পছন্দের বিষয়। ছিলেন গানপাগল। রবীন্দ্রসংগীতের পাশাপাশি লোকসংগীত নিয়েও আগ্রহ ছিল। ময়মনসিংহগীতিকা ভালো লাগত তাঁর। লালনের ছিলেন প্রচণ্ড ভক্ত।কোথাও কেউ নেই নাটকে হুমায়ূন আমাকে চরিত্র বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন। আমি নেতিবাচক চরিত্রটি বেছে নিলাম। তখন টেলিভিশনের এক প্রযোজক আমাকে বলেছিলেন, কাজটা ভালো হলো না। আমাকে নাকি ইতিবাচক চরিত্রেই মানায়। তাই আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম কাজটা। তারপরের ঘটনা তো জানেন সবাই। বাকের ভাই চরিত্রটি ইতিহাস হয়ে গেল। হুমায়ূনের যেকোনো নাটকেই আমি অবধারিতভাবে ছিলাম। কিন্তু রাজনীতিতে ঢোকার কারণে সরে যেতে হলো। একটা পর্যায়ে গিয়ে আর পারলাম না। হুমায়ূন তখন আমার ওপর মনঃক্ষুণ্ন হয়েছিলেন। বলেছিলেন, ‘এখন তো আপনি বড় অভিনেতা হয়ে গেছেন, তাই হুমায়ূনকে আর পাত্তা দিচ্ছেন না।’আগুনের পরশমণি ছবির শুটিংয়ের কাজ শেষের দিকে এসে কিছুতেই শেষ হচ্ছিল না। শুটিংয়ে বসে আছি অনেকক্ষণ ধরে। একসময় অধৈর্য হয়ে বললাম, না, এভাবে আর পারছি না। হুমায়ূনও খেপে গিয়ে বললেন, ‘তাহলে চলে যান। ছবিতে এ চরিত্রটি থাকবে না।’ আমিও সত্যিই খুব কষ্ট পেয়ে বাড়ি চলে এলাম। রাত ১১টায় দেখি আমার বাড়ির কলবেল বেজে উঠল। হুমায়ূন এসেছেন ফুল হাতে। রাতে আড্ডা হলো। খাওয়াদাওয়া হলো। খুব অল্পতেই রেগে যেতেন হুমায়ূন। কিন্তু তা ভুলেও যেতেন অল্পতেই।নিজ গ্রামে তিনি একটি স্কুল করেছেন। প্রথমে বাবার নামে করতে চেয়েছিলেন, পরে সব মুক্তিযোদ্ধার নামে করেছেন। সেই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম আমি। সে সময় গান হচ্ছিল, আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম, তাদের সবার চোখে পানি। সেই স্কুল এখন অনেক বড় হয়েছে। হুমায়ূনের আকাঙ্ক্ষা ছিল, স্কুলটায় সরকারিভাবে বেতন গেলে তাঁর ওপর থেকে চাপ অনেকটা কমে যেত। স্কুলটি সরকারি করা হলে তাঁর আত্মা নিশ্চয়ই শান্তি পাবে।