হাইকোর্টের রায়ে সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল এবং ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আদালত যে রায় দিয়েছেন, তা মাথা পেতে নেব। আমার বিচার করতে হলে সংসদে আইন পাস করতে হবে। তাই বলে সংসদ তো পেছনের কথা বলে আইন করতে পারবে না। আমি সুবিচার চাই। ন্যায়বিচার চাই। গতকাল সোমবার রংপুর টাউন হলে জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার পার্টি উপলক্ষে আলোচনা সভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন এরশাদ। একটি বেসরকারি সংবাদ সংস্থা ও অনলাইন সংবাদপত্রের পরিবেশিত খবরকে মিথ্যা দাবি করে এরশাদ বলেন, ‘আমার বিচার কেউ করতে পারবে না—এমন বক্তব্য আমি কাউকে দিইনি। আমি কোনো সাংবাদিককে সাক্ষাৎকারও দিইনি। আমি রংপুরে আসার পর এই প্রথম কর্মিসভা করছি।’এইচ এম এরশাদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, নীতি-নৈতিকতা মেনে চলুন। রং মাখিয়ে কোনো মিথ্যা খবর পরিবেশন করবেন না। এরশাদ বলেন, রংপুর আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। প্রধানমন্ত্রীকে বলেছি, গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমার দল আপ্রাণ চেষ্টা করে যাবে।এরশাদ বলেন, ‘আমি এমনি এমনি ক্ষমতা নিইনি। বাধ্য হয়ে নিয়েছি। ১৯৮৪ সালে আমার কোনো দল ছিল না। আমি ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলাম। অনেক দলকে আহ্বান করেছিলাম। কেউ আসেনি। এ কারণে সামরিক শাসন জারি করতে হয়েছে।’১৯৮৬ সালের ১০ নভেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এখন থেকে জাতীয় পার্টি ১০ নভেম্বর গণতন্ত্র দিবস হিসেবে পালন করবে।রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, সাংসদ আসিফ শাহরিয়ার, সাংসদ আনিসুল ইসলাম মণ্ডল, সাবেক সাংসদ মশিউর রহমান, পৌরসভার মেয়র এ কে এম আব্দুর রউফ প্রমুখ।