আমার ভাগ্য ক্যামেরনের হাতে: জুলিয়ান অ্যাসাঞ্জ
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, তাঁর ভাগ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের হাতে। গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।অ্যাসাঞ্জ বলেন, যুক্তরাষ্ট্রের হাতে তাঁকে তুলে দেওয়াটা ব্রিটেনের জন্য রাজনৈতিকভাবে অসম্ভব হতে পারে। যুক্তরাষ্ট্র যদি তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে, তাহলে তাঁর ভাগ্যের চূড়ান্ত পরিণতি ডেভিড ক্যামেরনের হাতে যাবে।ওই সাক্ষাৎকারে তিনি গার্ডিয়ানকে বলেন, ব্রিটিশ জনগণ যদি তাঁর পক্ষে জোরালো সমর্থন গড়ে তোলে, তবে যুক্তরাষ্ট্রের হাতে তাঁকে তুলে দেওয়াটা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জন্য কঠিন হবে।অ্যাসাঞ্জ পুরো বিষয়টিকে রাজনৈতিক বিষয় বলে অভিহিত করেন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের হাতে তাঁকে তুলে দেওয়া ঠেকাতে ব্রিটেনে রাজনৈতিক জনমত সংগঠিত করতে হবে। অ্যাসাঞ্জ তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন, তাঁর জন্য যুক্তরাষ্ট্রের ওয়াডসওয়ার্থে একটি কারাকক্ষও প্রস্তুত করে রাখা হয়েছে। দ্য গার্ডিয়ান।