নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহার নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারদলীয় স্থানীয় সাংসদ নজরুল ইসলাম।আজ বৃহস্পতিবার নরসিংদী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে সাংসদ এজাহার নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, ঘাতক ছিল মুখোশপরিহিত। তাঁকে চেনা যায়নি। কিন্তু মামলায় অনেকের নাম দেওয়া হয়েছে, এটা বিভ্রান্তিকর।সাংসদ মামলার প্রধান আসামি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ভাই সালাউদ্দিন ওরফে বাচ্চুর পক্ষেও সাফাই গেয়েছেন। তিনি বলেন, ‘আমি শুধু এমপি হিসেবেই নয়, একজন বিবেকবান মানুষ হিসেবে বলছি, সালাউদ্দিন বাচ্চুকে আমি যতদিন ধরে চিনি, আমার মন কিছুতেই বলছে না, এই ঘটনার (লোকমান হত্যা) সাথে তিনি জড়িত। কারণ ভালো মানুষের ব্যাপারে আমাকে বলতেই হবে।’টেলিযোগাযোগমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) মাসুদুর রহমানও লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর সম্পর্কে সাংসদ বলেন, ‘ঘটনার সময় তিনি ছিলেন দেশের বাইরে।’লোকমানকে হত্যার ঘটনায় তাঁর ভাই কামরুজ্জামান মন্ত্রীর ভাই, এপিএসসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন। আসামিদের বেশির ভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। লোকমান হত্যার নয় দিন পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এজাহারে অভিযোগ করা হয়, লোকমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আসামিরা পরস্পর যোগসাজশে তাঁকে হত্যা করেছে। এ ছাড়া আওয়ামী লীগের আসন্ন জেলা সম্মেলনে সাধারণ সম্পাদক পদে লোকমান ও মন্ত্রীর ভাই সালাহউদ্দিন পদপ্রার্থী ছিলেন। এ নিয়ে তাঁদের বিরোধ ছিলও বলে এজাহারে উল্লেখ রয়েছে।