আমার মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্বাসউদ্দীনের মতো বিরাট মাপের একজন শিল্পীর সন্তান হওয়ায় খুব স্বাভাবিকভাবেই আমার কাছে সবাই আমার আব্বার কথাই জানতে চান। কারণ, আমি নিজেও একজন অতি সামান্য শিল্পী। তাই সবাই এটাই ভেবে নেন যে আমার ওপর আমার আব্বার প্রভাব থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমার জীবনে আমার মায়ের অসীম ভূমিকা এবং প্রভাব ছিল, তা মুখে কখনো বলা হয়নি। আব্বার হাত ধরে গান শিখলেও আমার মায়ের গুনগুনানি শুনেই গানের সঙ্গে জন্মের পর থেকেই পরিচয় ঘটে। ছোট ছিলাম যখন, কলের গানে সেই কালের বিখ্যাত শিল্পীদের গান মা সারাক্ষণ বাজাতেন। আব্বা সে সময় কলকাতায়, যখন আমার শৈশবটা কেটেছে কোচবিহারে। সংসারের দেখাশোনা, আমাদের তিন ভাইবোনকে লালন-পালন করা, আত্মীয়স্বজনের, বিশেষ করে আমার দাদা, দাদির যত্ন-আত্তি আর সব মায়ের মতো তিনিও করতেন। তবু তিনি সাধারণ ছিলেন না। মা আমার খুব সৃজনশীল আর শৌখিন ছিলেন। যে হাতে সবার জন্য রান্নাবান্না করতেন, সেই হাতেই ওস্তাদ বাহাদুর হোসেনের কাছে সেতার শিখে বাজাতেন।আব্বা যত দিন বেঁচে ছিলেন, তত দিন আব্বা-অন্তঃপ্রাণ ছিলাম। আমার সবচেয়ে বড় বন্ধু ছিলেন আব্বা, যার সঙ্গে সব ধরনের কথা বলতে কোনো বাধা ছিল না। আব্বা চলে যাওয়ার পর সেই ভয়াবহ কষ্ট, আর শূন্যতাকে পূরণ করলেন আমার স্নেহময়ী মা বেগম লুত্ফুন্নেসা আব্বাস। বন্ধুর মতো হাত বাড়িয়ে দিলেন তিনি। আব্বার অসুস্থতার পর থেকেই বেতারে, রেকর্ডিংয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে মায়ের সঙ্গেই যাতায়াত করতাম। তার আগে আব্বাই আমার সঙ্গী ছিলেন। একা হয়ে যাওয়ার কষ্ট থেকে নিস্তার দিলেন মা। মা-ই হয়ে উঠলেন আমার বন্ধু, পরামর্শক ও অভিভাবক। আমার সংগীতজীবনের ব্যস্ততা বাড়তে থাকল। ছায়াছবির গানের জন্য সারা রাত রেকর্ডিং করতে হতো। মা রাতের পর রাত আমার সঙ্গে জেগে থাকতেন।১৯৬৩ সালে ইউনেসকোর একটা সংগীতবিষয়ক বৃত্তি পেয়ে লন্ডনে যেতে হলো। আমি তো একা যাব না। মাকে বুঝিয়ে সঙ্গে নিয়ে গেলাম। সেই সময়টা মা-মেয়েতে কী যে উপভোগ করেছি, তা বলার নয়। দুজনে মিলে পুরো লন্ডন, স্কটল্যান্ড ঘুরে বেড়িয়েছি। আব্বাকে হারিয়ে সেই অল্প বয়সেই মাও তো সঙ্গীহারা হয়েছিলেন। তাই তাঁর সময়টাও আমাকে ঘিরেই কেটেছে। আব্বা না থাকার কষ্টটা নিজেকে ব্যস্ত রেখে ভুলে থাকতেন। সে সময় আনাচকানাচে আর দেশ-বিদেশে গানের অনুষ্ঠান লেগেই থাকত। সে সময় আমার জীবনে তিনি ছায়ার মতো ছিলেন। মায়ের সেই একান্ত সান্নিধ্য না পেলে আজ হয়তো এত দূর আসা সম্ভব হতো না।আর একটি বিষয় না বললেই নয়। আব্বা চলে গেলেন যখন, আমি অনার্স দ্বিতীয় বর্ষে। ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করলাম। সবারই আশা, আমি অনার্স ও এমএতেও ভালো করব। কিন্তু সেই সময় গান নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে, মনে হলো আর পড়াশোনা এগোবে না। অনার্স পরীক্ষার সময়টার কথা। আমি তো দেখলাম, কোনোমতেই প্রথম শ্রেণী পাব না। রাতে পড়তাম আর কাঁদতাম। মা তখন আমার পাশে বসে অনুপ্রেরণা দিয়েছেন। বলতেন, ‘পরীক্ষা দাও, তাহলেই হবে।’ এভাবেই মায়ের উত্সাহে এমএ পাস করি। এখন ভাবি, মায়ের উত্সাহ না পেলে পড়াটা আর হতো না।১৯৬৬ সালে আমার বিয়ে হয়। এই প্রথম মা একদম একা হয়ে গেলেন। তখন তিনি নানা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। বেগম রোকেয়ার ওপর কাজ শুরু করলেন বেগম সুফিয়া কামাল ও আয়েশা জাফরকে নিয়ে। বহু কাজ করেছেন বেগম রোকেয়ার ওপর। একটি শিশু সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। এমনকি প্রতি সন্ধ্যাবেলা আমার পুরানা পল্টনের বাড়ির সামনে অনেক পথশিশুকে বই, স্লেট-পেনসিল দিয়ে পড়াতেন রাস্তার আলোয়—তার বিনিময়ে এই শিশুগুলোকে খাওয়াতেন। তারা সবাই মাকে নানি বলে ডাকত। সেই সময়ই শুরু হলো তাঁর লেখালেখির কাজ। আমাদের তিন ভাইবোনকে অবাক করে দিয়ে কবিতার বই, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি ইত্যাদি নিয়ে তিন-চারটি গ্রন্থ প্রকাশ করে ফেললেন। শুধু নিজেই লিখতেন না, আমাকেও সব সময় তাগিদ দিতেন লেখার জন্য। সেই ১৯৬৩ সালেই মা লন্ডন থেকে ফিরে এসে সুন্দর একটা ভ্রমণকাহিনি লিখে ফেললেন। আমি ১৯৬৬ সালে যখন চীনে যাই, তখন তাঁরই উত্সাহে আমার ভাবি আসমা আব্বাসী আমার হাতে ধরিয়ে দিলেন একটি ডায়েরি এবং সত্যি সত্যি ফিরে এসে বেগম পত্রিকায় সপ্তাহে-সপ্তাহে ‘গান গেয়ে এলাম চীনে’ নামে এটা বেরোতে থাকল। লেখাটার জনপ্রিয়তা দেখে শ্রদ্ধেয় নাসিরউদ্দিন চাচা ও নূরজাহান আপা তখনই ওটা বই আকারে বের করতে চেয়েছিলেন; কিন্তু কোনো কারণে তখন হয়নি, তবে পরে ওটা মায়ের উত্সাহেই ছাপিয়েছি।আরও একটা ব্যাপারে মায়ের সাহায্য ছাড়া আমার এই অবস্থানে আসা সম্ভব হতো না। ১৯৬৮ সালে মা হলাম আমি। রুবাইয়াত—এবং ছয় বছর পরে রাজিন। আমার দুই ছেলে। মায়ের খুশি কে দেখে। কিন্তু সেই সঙ্গে দুই ছেলেরই দায়িত্ব পালন করেছেন আমার মা। মায়ের কাছে ওদের রেখে রেকর্ডিং, প্রোগ্রাম ও বিদেশযাত্রা—সবই করেছি নিশ্চিন্তে। ছেলেরাও ছিল মায়ের ভক্ত। সুতরাং এগিয়ে গেছি আমার কাজ নিয়ে পরম নিশ্চিন্তে। আমার মা-সোনাকে আমি পেয়েছি আমার জীবনের প্রায় ৬০ বছরেরও বেশি সময় ধরে—কত সৌভাগ্যবান আমি। আজও তাঁকে আমি কাছে পাই, পাই তাঁর অনুপ্রেরণা—তাঁর পৃথিবী থেকে চলে যাওয়ার পরও। এককথায় আমার মা একজন সুগৃহিণী, সংগীতপ্রিয়, সাহিত্যচর্চায় আগ্রহী, সহজ-সরল নারী ও সমাজসেবী মানুষ। সর্বোপরি তিনি ছিলেন এমন একজন মা, যাঁকে রত্নগর্ভা বললে অত্যুক্তি হবে না।