আমার মাটির ময়নাডা কেমনে ভাইঙ্গা গেল..
ঘুম থেকে উঠেই তারেক মাসুদ ফোন করতেন মাকে। সারা দিনের কাজের ফাঁকে নিয়মিত খোঁজ নিতেন মা কী করছেন, খেয়েছেন কি না। সেই তারেক কিনা বৃহস্পতিবার ভাঙ্গা থেকে ঢাকায় এসে মাত্র একবার কথা বললেন মায়ের সঙ্গে। বলবেনই বা কীভাবে? কয়েক দিন ধরে ভাঙ্গায় বিদ্যুৎ নেই। নুরুন্নাহার মাসুদের মোবাইল ফোনে তাই চার্জ ছিল না। ‘জেনারেটর দিয়া আর কতক্ষণ চার্জ দেওয়া যায়। বাবা না জানি কতবার আমারে মোবাইলে চেষ্টা করছিল। আর আমি ওর ফোনডা ধরতেই পারলাম না।’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মর্গে ঢুকেই নুরুন্নাহার মাসুদের বিলাপ, ‘বাবা তারেক, কই গেলা বাবা।’ হিমশীতল ঘরে কফিনের ভেতর তারেক মাসুদকে শেষবারের মতো দেখে নিজেকে যেন আর ধরে রাখতে পারছেন না। আরেক ছেলে নাহিদ মাসুদের কাঁধে মাথা রেখে যখন বের হলেন, নুরুন্নাহার মাসুদের একটাই কথা, ‘তোরা আমার তারেকরে ফিরাইয়া দে।’সম্প্রতি মৃত্যুবরণ করেছেন তারেক মাসুদের বাবা। তাঁকে কবর দিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরে এসেছিলেন তারেক মাসুদ। কথা ছিল, শনিবার কাজ শেষ করেই ফিরে যাবেন ভাঙ্গায়। বাবার মিলাদের আয়োজন করবেন। ‘বাবারে কবর দিয়া রাতের বেলা তারেক আমারে কইল, মা গো, আমারে বাবার পাশে কবর দিয়ো কিন্তু। আমি কইলাম, এই সব কী কথা! আমি তোমারে কবর দিব কেন। তুমি আমারে কবর দিবা। সেই সোনার টুকরা ছেলেরে তোমরা তো রাখতে পারলা না।’ নুরুন্নাহার মাসুদকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের জানা নেই।‘কত যে স্বপ্ন ছিল ওর। আমারে কত কথা কইত। কিছুই তো শেষ কইরা যাইতে পারল না। কোনো দিন কোনো স্কুলে যায় নাই। যা করছে সব নিজে নিজে। কেমনে কেমনে যে মাটির ময়নার মতো ছবি বানাইল। আমি তো অবাক হইয়া যাই। আমার ছেলে এত বড় মানুষ। আরেকটা আলমগীর কবির চইলা গেল।’ ক্যাথরিন ও নিষাদকে নিয়েই এখন সব চিন্তা নুরুন্নাহারের। ‘নিষাদরে নিয়া উঠানের কাদার মধ্যে ছাইড়া দিত। কইত, আমার ছেলেরে বাংলাদেশের মাটির মানুষ বানাব। কাদা মাটি গায়ে না মাখলে কেমনে হবে। আহা রে, আমার নিষাদ আর ক্যাথরিনের এখন কী হবে!‘১২ বছর বয়সে আমার বিয়া হইয়া গেল। ওর বাবা তো পরহেজগার লোক ছিলেন। কোথাও বাইর হইতে পারতাম না। তারেক কেমনে যে আমার সেই কষ্ট বুঝল জানি না। ও সেই গল্প দিয়া ছবি বানাইল সোনার বেড়ি। কত যে ছবি আমারে দেখাইছে। ছবি নিয়া তার কত যে গল্প।‘আমারে পথের পাঁচালী দেখানোর সময় কইছিল, মা দেখো এইখানে দুর্গা কিন্তু মারা যাবে। তুমি কিন্তু কাঁদবা না। আমারে কানতে না কইরা ও নিজেই কান্দে। আসমা (তারেক মাসুদের প্রয়াত বড় বোন) যখন মরে, সেই কথা ও কেমনে ভুলব। চারদিকে বন্যার পানি আর পানি। আসমারে কবর দিতে মাটি পাইতেছিলাম না। শেষে কবরের মাটি খুঁজতে গেলাম আমার বাপের বাড়ি। এক নৌকায় আসমার লাশ, আরেক নৌকায় আমি আর তারেক। তারেক খালি ওই নৌকায় যাইতে চায়। মাটির ময়না তো আর ছবি না। ওর নিজের কথা। ওরে আল্লা...আমার মাটির ময়নাডা কেমনে ভাইঙ্গা গেল...।’