মায়াবতী মা আমার, মায়ের ওপর খুব রাগ হয়েছে না? খুব অভিমান হয়েছে? আচ্ছা, তাই বলে কি মায়ের কথা একবারও ভাববি না মা? তোর পথ চেয়ে দিনের পর দিন কত স্বপ্ন দেখেছি। কেমন দেখতে হবি—গুবদু, গাবদু, স্বভাব কার মতো হবে তোর—এমন কত হাজারো স্বপ্নের ফুলঝুরিতে কেটেছে আমার প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত। যেদিন প্রথম জানলাম তুই আসবি, সেই দিনটার কথা কী বলব। আমরা কখনো হাসি, কখনো কাঁদি। হঠাৎ যেন আমার চারপাশের জগৎটা একেবারে বদলে গিয়েছিল। জীবন এতে সুন্দর হয়। এত অদ্ভুত হয়!তোর আসার অপেক্ষায় আমি প্রহর গুনি আর প্রতিদিন কথা বলি তোর সঙ্গে। কী যে সরব তোর উপস্থিতি আমার মধ্যে! তোকে ঘিরে কত আয়োজন চারপাশে তখন। থ্রিডি আলট্রাসনোগ্রামে তোর ছবি যখন প্রথম দেখি, কী যে আনন্দ আমার! ভাবি, কবে তোকে ছুঁয়ে দেখব। কিন্তু এমনই হতভাগ্য মা আমি, তোকে স্পর্শ করা তো দূরে, একবার চোখের দেখাও দেখলাম না রে মা।আমার জীবনের বিভীষিকাময় সেই রাতের কথা আমি কখনো ভুলব না। হঠাৎ তোর কোনো সাড়া নেই। আমি চিকিৎসককে ফোন করি। তিনি আশ্বাস দেন, ভালো আছে আমার বাবুটা। সকালে আলট্রাসনোগ্রাম করলেই বোঝা যাবে কেন চুপচাপ আছে। সকালে যখন হাসপাতালে যাই, তখন কেমন যেন মাথাটা ফাঁকা ফাঁকা লাগছিল। কিছু ভাবতে পারছিলাম না। আমি টের পাচ্ছিলাম অনেক বড় বিপদ ঘটে গেছে কিন্তু বিশ্বাস করতে চাইছিলাম না। যখন আমাকে জোর করে নির্মম সত্যটা বলল তোর বাবা যে তুই আমাদের ছেড়ে চলে গেছিস, আমার মনে হলো, আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। ঘুম ভাঙলেই দেখব সব ঠিক আছে। এরপর কী ভয়ংকর দুর্বিষহ সময় কাটল। তুই আছিস আমার সঙ্গেই কিন্তু একবারও আমার ডাকে সাড়া দিলি না। একটা মুহূর্তের জন্য তোর ছোট্ট ছোট্ট পা দিয়ে ধাক্কা দিলি না আমায়। কী অদ্ভুত জন্ম হলো তোর মা। মরে যাওয়ার ছয় দিন পর পৃথিবীতে এলি।একটা বারের জন্য হাত-পা ছুড়ে চিৎকার করে জানান দিলি না, ‘মা, আমি এসেছি তোমার কাছে।’ তোর বাবার খুব ইচ্ছা ছিল, গুটুসপুটুস একটা মেয়ে হবে তার। কত দিন কত রকম নাম নিয়ে ভেবেছি আমরা। তোর চলে যাওয়ার ঠিক আগের দিন তোর বাবাকে বলেছিলাম, আমাদের মেয়েটার নাম রাখব মায়াবতী। তুই আমার জীবনে আসায় আমি নতুন করে জীবনটাকে বুঝতে শিখেছি। মা যে কী, তা বুঝেছি তোর কারণে। আমার মাকে যেন নতুনভাবে চিনতে পেরেছি। সত্যি বড় মায়াবতী মেয়ে আমার। চলে গিয়েও বেঁধে রেখেছিস। আমার চারপাশে সব সময় আমি তোর অস্তিত্ব টের পাই মা। শুধু তোকে ছুঁতে পারি না মা। যেদিন তোকে দেখতে গেলাম তোর নতুন ঠিকানায়, মনে হলো লুকোচুরি খেলছিস আমার চারপাশে, একটু হয়তো অভিমানও। এত দিন পরে মা গিয়েছি তোর কাছে। মেয়ের আমার মন খারাপ হবে না। মায়াবতী মা আমার; মার সঙ্গে রাগ করে দূরে দূরে ঘুরে বেড়ায়। মার কাছে ধরা দেয় না। আজিমপুরে ছোট্ট কবরটায় আমার সাত রাজার ধন জানপাখিটা শুয়ে আছে। একটা বারের জন্য আমার কোলে আয় না মা।নাজিয়া আফরীন