আমার মায়ের চোখ
আমার মা (উমরতুল ফজল) ছিলেন যেন চট্টগ্রামের অনেকের মা। নারী আন্দোলনের সংগঠক ও লেখক। তিনি মারা গেছেন ২০০৫ সালের ১৫ মে। ১০ মে তিনি গুরুতর অসুস্থ হলে ক্লিনিকে নেওয়া হয়। আমরা বুঝতে পারছিলাম, এ যাত্রা তিনি আর ফিরবেন না। ১৩ মে ছিল আমার জন্মদিন। আমি খুব আশা করেছিলাম, আমার মা আমার জন্মদিনে মারা যাবেন এবং সে সূত্রে মায়ের জীবনের সঙ্গে আমার জীবনের যে একটি বিশেষ সম্পর্ক আছে, তা প্রমাণিত হবে। সেটি না হওয়ায় মায়ের ওপর আমার কিঞ্চিত্ অভিমান হয়েছিল।মৃত্যুর আগে বছর খানেক শয্যাশায়ী অবস্থায় তিনি আমার সঙ্গে ছিলেন। মায়ের চেহারায় সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য ছিল, তাঁর বড় বড় চোখের সস্নেহ চাহনি। মা যখন তাঁর চোখ মেলে একদৃষ্টে তাকিয়ে থাকতেন, তখন চোখ বেয়ে যেন গড়িয়ে পড়ত অপার স্নেহ। মা কি আমাকে চিনতে পারছেন? তিনি কি আমার মনের ভাবনা বুঝতে পারছেন? আমি জানি না পক্ষাঘাতে এক পাশ অবশ ও বাক্রুদ্ধ হওয়া মানুষের মনের খবর। তবু মনে হতো, মায়ের স্নেহঝরা দৃষ্টির ভেতর যেন মিশে থাকত একটু ক্ষীণ হাসি। যেন আমার মনের কথা তিনি ধরতে পারছেন। বলছেন, ‘চিন্তা কোরো না, তুমি যা চাইছ তা-ই ঘটবে। আমার প্রয়োজন ফুরিয়েছে। এবার যাওয়ার পালা।’ হয়তো সবার দিকেই তিনি এভাবেই তাকিয়ে থাকতেন। তবু অস্বস্তি ও অজানা অপরাধবোধে বুকটা ভারী হয়ে উঠত।আমার জন্মদিনে তিনি গেলেন না। যেদিন সত্যি সত্যি গেলেন, আমরা কেউ তাঁর পাশে ছিলাম না। ছিল আমার স্ত্রী আর দেখাশোনা করে যে মেয়েটি সে। খুব ভোরে যখন টেলিফোনে সংবাদ এলো, তখন আবারও মনটা এক দ্বৈত অনুভূতির দোলায় দুলে উঠল। আমি কি বিচ্ছেদের তীব্র বেদনা অনুভব করছি? না কি এক অদৃশ্য বন্ধন থেকে মুক্তির স্বস্তিতে হালকা হয়ে উঠেছি? নিজেই যেন নিজকে বুঝে উঠতে পারছি না। বৈশাখের প্রথম প্রহরের মৃদুমন্দ হাওয়ার সঙ্গে মা চলে গেলেন চারপাশে স্নিগ্ধ আবেশ ছড়িয়ে। মনকে আবারও প্রবোধ দিলাম, এটাই প্রকৃতির চলন-প্রক্রিয়া। বেদনা ও মুক্তির অনুভূতিতেই বুঝি এর প্রকাশ। কোনো বিশেষ স্মৃতিময় দিনে কে গেল প্রকৃতির কাছে, এর আলাদা কোনো মূল্য নেই। আমিও এই বিধানের বাইরে নই।দুই বছরে মায়ের অনেক স্মৃতিই ঝাপসা হয়ে এসেছে। কিন্তু তাঁর সঙ্গে আমার বিশেষ সম্পর্কটি যেন এত দিনে স্থাপিত হলো। মায়ের বড় বড় চোখের দৃষ্টি প্রদীপ্ত আলোকশিখার মতো অমলিন ফুটে রয়েছে আমার মনের একান্ত গহিনে।