আমার মেয়ে ছিল প্রাণপ্রাচুর্যে ভরা
সারা বিশ্ব এখন তাঁকে জানে ‘দিল্লিতে গণধর্ষণের শিকার’ বলে। কিন্তু বাবার কাছে তিনি ছিলেন ‘সাহসী, নির্ভীক আর প্রাণপ্রাচুর্যে ভরা’।গত ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সেই মেডিকেল ছাত্রীর বাবা ও ভাই এমন অনেক কথাই বলেছেন বিবিসিকে। বলেছেন তাঁর পারিবারিক জীবনের অনেক গল্প। গত মঙ্গলবার মেয়েটির দেহভস্ম গঙ্গায় বিসর্জন দেওয়ার সময় এই আলাপচারিতা হয়। তা প্রকাশিত হয় গত বুধবার। সেখান থেকে কিছু অংশ এখানে তুলে ধরা হলো।ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাল্লিয়া জেলার নিম্নমধ্যবিত্ত পরিবারটি ১৯৮৩ সালে দিল্লিতে চলে যায়। লক্ষ্য ছিল মেয়েটির পড়াশোনা ও উন্নত জীবন। পড়াশোনার খরচ চালাতে বাড়ির জমিজমাও বিক্রি করতে হয় তাঁদের। কিন্তু গত ১৬ ডিসেম্বর রাতে সেই ধর্ষণের ঘটনা গোটা পরিবারকে লন্ডভন্ড করে দিয়েছে।বাড়ির বাইরে মাটিতে বসে শোকে ভারাক্রান্ত বাবা বলছিলেন, ‘আমার মেয়ের স্বপ্ন ছিল নিজের গ্রামে একটি হাসপাতাল তৈরি করবে। সে চাইত অনুন্নত এ অঞ্চলের মানুষের জন্য কিছু করবে। তাদের দুঃখ দূর করবে।’বাবা বলেন, ‘পুতুল খেলার বয়স থেকেই ও চিকিৎসক হতে চেয়েছে। আমি ওর পড়াশোনার খরচ চালাতে পারব না—বারবার বলার পরও মেয়ে ছিল নাছোড়। স্বপ্ন থেকে ও দূরে সরে যায়নি। স্বপ্ন পূরণে আত্মবিশ্বাস ছিল ওর।’ বাবা খুব গর্ব নিয়ে বলেন, ‘আমি চেয়েছি আমার সন্তানেরা সর্বোচ্চ শিক্ষালাভ করুক।’পাশবিক এ ঘটনার শিকার হওয়ার আগে ওই ছাত্রীর সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল ছোট ভাইয়ের। তাঁর কাছে দিদি ছিল স্নেহময়ী ও পরিশ্রমী। তিনি বলেন, ‘দিদি দিন-রাত পড়াশোনা করত। আমরা জানতাম না দিদি কখন ঘুমাত, কখন জেগে উঠত।’ দিদির সঙ্গে খুনসুটির কথা মনে করেই মুখটি কষ্টে কুঁকড়ে যাচ্ছিল তাঁর। তিনি বলেন, ‘আমাদের মধ্যে টিভির রিমোট কন্ট্রোল নিয়ে বেশি কাড়াকাড়ি হতো। সিরিয়াল ও বিগ বস ছিল তাঁর প্রিয় অনুষ্ঠান। সে আমাকে প্রায়ই বকাঝকা করত, কিন্তু ভালোবাসত প্রচণ্ড।’ঘটনার দিনের বিবরণ দিতে গিয়ে ওই ছাত্রীর ছোট ভাই বলেন, ‘দিদি সাধারণত প্রতিদিন রাত আটটার মধ্যে বাড়ি ফিরত। দেরি হলে আগেই ফোন করে জানাত কখন কীভাবে ফিরবে। ওই দিন (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে দিদি ফোন দিয়ে জানায়, তাঁর আসতে একটু দেরি হবে। কিন্তু রাত আটটার পর দিদিকে ফোন দিয়ে আর পাচ্ছিলাম না। এর কয়েক ঘণ্টা পর সফদরজং হাসপাতাল থেকে একটি ফোন আসে। তারা জানায়, একটি দুর্ঘটনার পর পুলিশ দিদিকে ওই হাসপাতালে ভর্তি করেছে।’হাসপাতালে দিদির সঙ্গে বড়দিনের দিন শেষ কথা হয় তাঁর। তিনি বলেন, ‘দিদি তাঁর আঙুল নেড়ে ইশারায় বুঝিয়েছিল সে স্বর্গে চলে যাচ্ছে।’হাসপাতালে থাকাকালে মেয়ের অবস্থার বিবরণ দিতে গিয়ে বাবা বলেন, ‘একবার যখন মেয়েটার জ্ঞান ফিরল, তখন সে টফি খেতে চেয়েছিল। চিকিত্সক ওকে ললিলপ দিতে চাইলে সে খুশি হয়।’আগামী ফেব্রুয়ারিতে মেয়ের বিয়ের কথা ছিল এমন খবরকে নাকচ করে দিয়ে বাবা বলেন, ‘ভাইদের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করবে না বলে জানিয়েছিল আমার মেয়ে।’অভিযুক্ত হতে পারেন পাঁচজনগণধর্ষণের এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করা হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ হতে পারে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হলেও ষষ্ঠজন নাবালক ও কিশোর বলে ধারণা করা হচ্ছে। তার বয়সের বিষয়ে নিশ্চিত হতে শারীরিক পরীক্ষা করা হবে। দিল্লির সাকেত জেলা আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হবে।এদিকে গতকাল হাজার হাজার নারী ধর্ষণের প্রতিবাদে একটি মিছিল নিয়ে দিল্লি থেকে রাজঘাটে যান। দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত মিছিলে অংশ নেন। ধর্ষণবিরোধী কঠোর আইনের দাবি জানান তাঁরা।মেয়েটির পরিবার জানিয়েছে, ধর্ষণবিরোধী প্রস্তাবিত নতুন আইনটির নামকরণ ওই তরুণীর নামে করলে তাঁদের কোনো আপত্তি নেই।