বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে স্টুডিও থেকে সরাসরি গানের অনুষ্ঠান ওয়ালটন আমার পণ্য আমার দেশ। আজ গান করবেন বাদশা বুলবুল। কথা হলো তাঁর সঙ্গে।স্টুডিও থেকে সরাসরি দেখানো অনুষ্ঠানে গান করার অভিজ্ঞতার কথা বলুন।আমি এর আগে দেশে একুশে টিভি ও বৈশাখী টিভিতে এবং দেশের বাইরে লন্ডনের বাংলা টিভি ও এস টিভিতে এ ধরনের অনুষ্ঠানে গান করেছি। সরাসরি গান করার অনুভূতিই আলাদা। দর্শকদের মতামত ও পছন্দের কথা সহজেই জানা যায়। ‘ওয়ালটন আমার পণ্য আমার দেশ’ অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?এ পর্যন্ত আমার ১৭টি অ্যালবাম বেরিয়েছে। তার মধ্য থেকে খুব জনপ্রিয় হওয়া গানগুলো করব। যেমন—‘সে যেন চির সুখী হয়’, ‘জনম জনম’, ‘তপস্যাতে থাকিব’, ‘সেই কৃষ্ণচূড়া গাছ আজও মরেনি’, ‘ঘরপোড়া মানুষ আমি’, ‘আমি নিঃস্ব হয়ে গেছি’, ‘তোমাকে দেখলে জীবনানন্দের কথা মনে পড়ে’, ‘সব ফুলে জানি হয় না পূজা’, ‘আমার বুকের ভেতর তুমি থেকো’। এ ছাড়া আমার পছন্দের পুরোনো দিনের কিছু গানও করব। আপনি তো গজল গানও করেন। আজ তেমন কিছু থাকবে?এখন তো বিজয়ের মাস। তাই হিন্দি কিংবা উর্দু কোনো কিছুই গাওয়ার ইচ্ছে নেই। শহীদদের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছি।এবার আপনার নতুন অ্যালবামের খবর বলুন।আমার ১৮ নম্বর অ্যালবামটি হবে পুরোনো দিনের গান নিয়ে। গান বাছাই এবং সংগীত তৈরির কাজ হয়ে গেছে। এখন শুধু গানগুলোতে কণ্ঠ দেওয়া বাকি। নানা ব্যস্ততার কারণে ওটা হচ্ছে না। শিগগিরই কাজটা শেষ করার ইচ্ছা আছে। আর এটি শ্রোতাদের হাতে দেব আগামী পয়লা বৈশাখে। মৌলিক গানের অ্যালবামের ব্যাপারেও পরিকল্পনা করেছি। কয়েকজন সুরকার ও গীতিকারের গান করব একই অ্যালবামে। আপনার মেয়েও তো গানের সঙ্গে জড়িত।হ্যাঁ। ওর নাম তানি। হূদয় খানের মিক্সড অ্যালবামে পারভেজের গাওয়া ‘যাবি যদি দূরে’সহ চারটি গান ওর লেখা। এ ছাড়া তানি নিজে ২৫টা গান কম্পোজ করেছে। আশা করছি, সেখান থেকে কয়েকটি গান বাছাই করে ওর গানের একটা অ্যালবাম করব। ও খুব ভালো গান করছে।