স্ত্রীর চাকরির কারণে নারায়ণগঞ্জে থাকি। আমার কর্মস্থল ঢাকা শহরে। সময় ও অর্থ—দুটো বাঁচাতে ট্রেনে আসা-যাওয়া করি। কিন্তু বড় সমস্যা হচ্ছে, ট্রেনে উঠলেই মাঝেমধ্যে যাত্রীদের মুঠোফোনসেট ও মানিব্যাগ হারাতে হয়। আমিও একটি মুঠোফোন হারিয়েছি।ট্রেনে আসা-যাওয়া অনেক কষ্টসাধ্য। চাষাঢ়ার যানজট ফেলে এসে রেলস্টেশনের মুখে আরেক দফা জটলায় পড়তে হয়। অনেক কষ্টে ট্রেনের কাছে গিয়ে দেখা যায়, তাতে ওঠা কঠিন। কারণ, যাত্রীর ভিড় এমন যে তাতে তিলধারণের জায়গা থাকে না। ভিড়ে ট্রেনে চড়তে রীতিমতো যুদ্ধে নামতে হয়। কারণ, যাত্রাবাড়ী মোড়ে যানজট বেড়ে যাওয়ায় বাসে ঢাকার কর্মস্থল থেকে নারায়ণগঞ্জের আবাসস্থলে যেতে-আসতে তিন-চার ঘণ্টা লাগে। তাই যাত্রীরা কম সময়ে চলাচল করতে ট্রেনের দিকে ঝুঁকেছে।অনেক কষ্টে ট্রেনে উঠতে পারলেও তাতে ঠিক থাকা মুশকিল। ভিড়ের চোটে না পারা যায় দাঁড়াতে, না পারা যায় বসতে। বয়স্ক যাত্রীদের কথা বলাই বাহুল্য, তাঁরা ট্রেনে চড়ার ঝক্কি সহ্য করতে না পেরে প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। এত কিছুর পর নিজের পকেটের দিকে বাড়তি নজর দিতে হয়, নইলে সর্বনাশ! দিন কয়েক আগের কথা। ট্রেন থেকে কমলাপুর স্টেশনে সবে নেমেছি। মানুষের ভিড় থেকে নেমে মনে হলো, গরমে ঘেমে গোসল করে ফেলেছি। স্টেশনের ভেতরেই দেখলাম, কিছু মানুষ এক তরুণকে মারধর করছে। এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, ‘ভাই, কী হয়েছে?’ তিনি উত্তরে বললেন, ‘আমার মোবাইল চুরি করেছিল।’পকেটমারকে তখন যে যেমন ইচ্ছে কিল, ঘুষি, চড়, লাথি মেরে চলছে। সে তখন চি ৎ কার করে কাঁদছে, মার খেতে খেতে আধামরা হয়ে গেছে। মারপিট থামানোর জন্য আমি লোকজনকে বললাম, ‘ভাই, আর মারবেন না, ও তো মরে যাবে। তার চেয়ে পুলিশের হাতে তুলে দিন।’ তারপর সেই তরুণকে সবাই দুই হাত ধরে টেনে স্টেশনের প্ল্যাটফরমের নিচে নিয়ে গেল। সেখানে পুলিশের একটা ভ্যান দাঁড় করানো ছিল। আমি মুঠোফোনসেটে ছবি তুলতে গেলে একজন বাধা দিয়ে বলেন, ‘ছবি তুলবেন না।’ তখনো তরুণের দেহ উপুড় হয়ে মাটিতে পড়ে আছে। কাজের তাড়া আছে বলে সেখানে থেকে অফিসে চলে এলাম। তারপর আর জানা হয়নি পকেটমারের ভাগ্যে কী ঘটেছিল। কিন্তু আমার মনে নানা প্রশ্ন রয়ে গেছে: একটি মুঠোফোনসেটের জন্য কি একজন মানুষের জীবন বিপন্ন হতে পারে? আমিনবাজারের গণপিটুনিতে ছাত্রদের মৃত্যুর পরও সবাই সচেতন হচ্ছে না কেন? আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজ থেকে কমছে না কেন?সরদার আবদুল মতিনচাষাঢ়া, নারায়ণগঞ্জ