বিটিভিতে আজ দুপুরে দেখানো হবে বিবিসি প্রযোজিত ধারাবাহিক নাটক বিশ্বাস ও শিক্ষামূলক অনুষ্ঠান বিবিসি জানালা-মজায় মজায় শেখা। ধারাবাহিকের এবারের গল্পটি লিখেছেন আজাদ আবুল কালাম। কথা হলো তাঁর সঙ্গে।কোথাও যাচ্ছেন নাকি?চট্টগ্রামে যাচ্ছি। বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা দেখব। আশা করছি, দুপুরের আগেই পৌঁছে যাব।আপনি তো আরও অনেক নাটক লিখেছেন, অভিনয় করছেন। ‘বিশ্বাস’ নাটকটি আপনার কাছে কেমন মনে হলো?বিশ্বাস ধারাবাহিকে ১২টি গল্প রয়েছে। এর মধ্যে ‘জন্ম-জন্মান্তর’ আমি লিখেছি। আমি মনে করি, বিশ্বাস ধারাবাহিকে দর্শক নতুন ধারার নির্মাণশৈলীর অভিজ্ঞতা পাচ্ছে। এখানে গল্প বলার রীতি ও উপস্থাপনা দর্শকদের চমৎকৃত করতে পারছে। রহস্যময়তা, ভৌতিকতা, অ্যাডভেঞ্চার—সব মিলিয়েই বিশ্বাস ধারাবাহিকটি।জন্ম-জন্মান্তর লেখার ভাবনা কোথা থেকে পেলেন?রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষুধিত পাষাণ’ গল্প থেকে ‘জন্ম-জন্মান্তর’ লেখার অনুপ্রেরণা পেয়েছি। দুটি গল্পের ভাবনার মাঝে মিল আছে। ধারাবাহিকের প্রতিটি গল্প আলাদা। কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে একই। প্রতিটি গল্প একটি নির্দিষ্ট কাঠামো ও কয়েকটি নির্দিষ্ট চরিত্রকে ঘিরে রচিত হয়। অভিনয়ের পাশাপাশি আমি অনেক দিন থেকেই নাটক লিখছি। কিন্তু বিশ্বাস নাটকে কাজ করা সবার জন্য একটু অন্য রকম অভিজ্ঞতা।সেই অভিজ্ঞতাটা কী রকম?বিবিসির এই ধারাবাহিকে বাংলাদেশের অনেক শিল্পী ও কলাকুশলী কাজ করেছেন। আমি লক্ষ করেছি, বিবিসির এই নাটকে যেসব শিল্পী ও কলাকুশলী কাজ করেছেন, তাঁরা এখন বাইরে আরও অনেক ভালো করছেন।আপনার অন্য লেখালেখির কী খবর?এবার বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় আমার লেখা গল্পের একটি বই বেরিয়েছে। নাম মুঠো ভর্তি জিনতত্ত্ব। বইটি প্রকাশ করেছে অনার্য। সব কটি গল্পই নব্বইয়ের দশকে লেখা। বই আকারে প্রকাশের ব্যাপারে কখনোই ভাবিনি। এবার বন্ধুদের অনুরোধে বইটি বেরিয়েছে। বইটি প্রকাশিত হওয়ার পর পরবর্তী লেখার ব্যাপারে যথেষ্ট অনুপ্রেরণা পাচ্ছি।