স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেছেন। আজ বুধবার সচিবালয়ে বিজিএমইএর নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে গত দুই সপ্তাহের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্রমান্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হচ্ছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তিনি সন্তুষ্ট কি না, জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার সন্তুষ্টিতে কারও কিছু আসে যায় না।’শিল্প-পুলিশের অনুমোদন দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে বিজিএমইএর নেতারা আজ সচিবালয়ে এ বৈঠকের আয়োজন করেন। এ সময় নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ঈদুল আজহার সময় দেশের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও ব্যাংক খোলা রাখার বিষয়ে অনুরোধ করেন।বিজিএমইএ সভাপতি সালাম মুর্শেদীর নেতৃত্বে বৈঠকে পুলিশের মহাপরিদর্শক খন্দকার হাসান মাহমুদ, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ও বিজিএমইএর ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।