এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক পৌষ ফাগুনের পালা। গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস অবলম্বনে নাটকটি যৌথভাবে লিখেছেন ইরাজ আহমেদ ও মনসুর রহমান। নাটকে অভিনয় করছেন দিলীপ চক্রবর্তী। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো মঞ্চে কাজ করতেন। টিভি নাটকে এলেন কীভাবে?নাটকে আমার সব ভালোবাসা মঞ্চকে ঘিরে। ২২ বছর আগে আমি যোগ দিই দেশ নাটকে। ২০০২ সালে জাহিদুর রহমান অঞ্জনের মাধ্যমে টিভি নাটকে কাজ শুরু করি। এরপর থেকে মঞ্চের পাশাপাশি টিভি নাটকে কাজ করা। এখন অবশ্য টিভি নাটকে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে।‘পৌষ ফাগুনের পালা’ নাটকে কাজ করে কেমন লাগছে?এই নাটকে কাজ করার আগে অনেক বেশি মহড়া করতে হয়। এখানে সবকিছুতেই ষাটের দশকের একটা আবহ তৈরির চেষ্টা আছে। রীতিমতো কঠিন কাজ। তবে এখানে সবাই খুবই আন্তরিক। কখনো বুঝতেই দেন না আমি অনেক নবীন। সব মিলিয়ে পৌষ ফাগুনের পালা নাটকে কাজের অভিজ্ঞতা অসাধারণ।আপনি নাকি চলচ্চিত্রেও কাজ করছেন?হ্যাঁ। ছবির নাম কমন জেন্ডার। এটি আমার প্রথম চলচ্চিত্র। স্পর্শকাতর একটি বিষয় নিয়ে ছবির গল্প। প্রথম দিকে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। পরে পরিচালকের সহযোগিতায় আর অসুবিধা হয়নি। ছবিতে আমি হিজড়া চরিত্রে অভিনয় করেছি। আগামী বছরের শুরুতে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। কমন জেন্ডার ছাড়াও আমি বেলাল চৌধুরীর অনিশ্চিত যাত্রা নামের আরেকটি ছবিতে কাজ করেছি। আগামী বছরের গোড়ার দিকে নোমান রবিনের একটি ছবিতে অভিনয় করব।ঈদের জন্য কী কাজ করছেন?এখন আমার তিনটি ধারাবাহিকের কাজ চলছে। পৌষ ফাগুনের পালা ছাড়া অন্য দুটি হলো মুরাদ পারভেজের রেস্টুরেন্ট টোয়েন্টি ওয়ান এবং দীপংকর দীপনের আশা টকিজ। ধারাবাহিকের কাজের জন্য ঈদে শুধু একটি নাটকে কাজ করব। এটি মাসুদ হাসান উজ্জ্বলের, নাম ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ। পুরো নাটকের শুটিং হবে বান্দরবানে। নাটকে আমি নৃগোষ্ঠীর দলনেতা হিসেবে অভিনয় করব।মঞ্চের কোনো খবর আছে?আগামী বছরের শুরুতে দেশ নাটকের পাঁচ দিনব্যাপী উৎসব হবে। আপাতত আমরা উৎসবের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এ ছাড়া আমাদের বিরসা কাব্য নাটকের নিয়মিত প্রদর্শনী হচ্ছে। মঞ্চ ও টিভি নাটকের বাইরে লেখালেখির চর্চা আছে।