আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় তখনো সকাল ১০টা বাজেনি। এরই মধ্যে শাহবাগের প্রতিবাদী মানুষগুলো সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে গেলেন। যেই না ১০টা বাজল, সঙ্গে সঙ্গে সবাই গেয়ে উঠলেন প্রিয় জাতীয় সংগীত। উত্তোলন করা হলো জাতীয় পতাকা। গতকাল রোববার এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে একই সময়ে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান-গুলোতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় শিক্ষক-শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে কণ্ঠ মেলালেন প্রিয় সুর, প্রিয় কথা—আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...। কি সরকারি, কি বেসরকারি; কি শহর, কি গ্রাম—সারা দেশের সব ধরনের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে গতকাল উড়ল জাতীয় পতাকা, একযোগে। রাজধানীসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেই সংহতির এ কর্মসূচি পালন করা হয়। আর সবার দাবি ছিল মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। সকাল ১০টায় গরিবের স্কুল হিসেবে পরিচিত রাজধানীর মহাখালীতে অবস্থিত আমতলী স্টাফ ওয়েলফেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানকার শিশুরা জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নিয়েছে। এ বিদ্যালয়ে বেশির ভাগ শিশুই অনগ্রসর ও পিছিয়ে পড়া পরিবার থেকে আসা। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতেও তারা সোচ্চার। চতুর্থ শ্রেণীর ছাত্র আলাউদ্দিনের কাছে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের কারণ জানতে চাইলে একটাই জবাব আসে—কাদের মোল্লার ফাঁসি চাই। শুধু আলাউদ্দিন নয়, অন্য শিশুদেরও চাওয়া মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি। স্কুলের প্রধান শিক্ষক গুলশান আরা খানম প্রথম আলোকে বলেন, কী কারণে এ কর্মসূচি, তা-ও শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। মানবতাবিরোধী অপরাধ বলতে কী বোঝায়, সেটিও তাদের ব্যাখ্যা করা হয়েছে।রাজধানীর অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, তাঁদের বিদ্যালয়েও মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, বিদ্যালয়ের আঙিনায় ছাত্রীদের পাশাপাশি শিক্ষকেরাও জাতীয় সংগীতে কণ্ঠ মেলান। একই সময়ে প্রতিষ্ঠানটির অন্য শাখাগুলোতেও এ কর্মসূচি পালন করা হয়। বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর স্কুল অ্যান্ড কলেজসহ রাজধানীর অন্য সব ধরনের বিদ্যালয়ে এমনকি কিন্ডারগার্টেনেও এ কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের পর ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয়ের একদল ছাত্রী শাহবাগে প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে গিয়ে সংহতি জানায়। ইস্কাটন থেকে রাজপথে মিছিল নিয়েই তারা শাহবাগে যায়। এ সময় ছাত্রীরা ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’, ‘রাজাকারের বিচার চাই’—এ রকম বিভিন্ন ধরনের স্লোগান দেয়। উপাচার্য কাজী শহীদুল্লাহর নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা গণজাগরণ মঞ্চের আহ্বানে কর্মসূচি পালন করেন। গত শুক্রবার প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছিল। ঢাকার মতো চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা,সিলেট, রংপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী, নীলফামারী, নোয়াখালী, রাঙামাটি, বাগেরহাট, নাটোর, কুড়িগ্রাম, ভোলা, মৌলভীবাজার, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেটের বিশ্বনাথ, কুমিল্লার দেবীদ্বারসহ দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে একইভাবে কর্মসূচি পালন করা হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে তারুণদের নেতৃত্বে চলা গণজাগরণের ১৩তম দিনে দেশব্যাপী এ কর্মসূচি পালিত হলো। মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় হওয়ার পরপর তাৎক্ষণিকভাবে শাহবাগের এই আন্দোলন শুরু হয়। এই আন্দোলন এখন দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে।