আমার স্বপ্নগুলো
সবাই তো আর প্রতিবছর জাতীয় গণিত উৎসবে যোগ দিতে পারে না। কিংবা বলা যায়, সুযোগ পায় না। আমি প্রথমবার গণিত অলিম্পিয়াডে অংশ নিই ২০০৯ সালে। সেবার আমি বিভাগীয় পর্যায়েই বাদ পড়েছিলাম। গত বছর অর্থাৎ ২০১০ সালের গণিত অলিম্পিয়াডেও আমি কোনো সাফল্য পাইনি। ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব’-এ পরপর দুবার ব্যর্থতার পর এবার মনে একরকম জেদ নিয়েই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হই। অনেকে নানা রকম বই কিনে অনুশীলন করলেও, আমি ঘরে বসেই মোটামুটি প্রস্তুতি নিই। তবে ২০১১ সালের গণিত উৎসবে আমি ‘জুনিয়র’ ক্যাটাগরিতে প্রথম রানারআপ হয়েছি। বর্তমানে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছি। এবার জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পেয়ে এখন আমি স্বপ্ন দেখি নেদারল্যান্ডে আন্তর্জাতিক গণিত উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। গত বছর বাংলাদেশ প্রথমবারের মতো কাজাখস্তানের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক পায়। আমি স্বপ্ন দেখি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে সোনা জেতার। আমার এই স্বপ্ন বাস্তবায়নে আমাকে সহায়তা করছে প্রথম আলো ও গণিত অলিম্পিয়াড কমিটি। তাই এবার জাতীয় গণিত উৎসবে ভালো কিছু করারও স্বপ্ন দেখছি আমি। এবার গণিত উৎসবে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি চালু হয়েছে রুবিকস্ কিউব প্রতিযোগিতা। সব মিলিয়ে এবারের গণিত উৎসব আনন্দমুখর পরিবেশের মাধ্যমে আমাদের মধ্যে জাগিয়েছে শেখার ও জানার আগ্রহ।সবশেষে গণিত অলিম্পিয়াডের প্রতি রইল আমার শুভকামনা। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড যেন দশক পূর্তি করে শতক পূর্ণ করে এগিয়ে যায় সামনের দিকে। অগ্রযাত্রার এই ১০ বছরে আনন্দ ও ভালোবাসার সঙ্গে গণিত অলিম্পিয়াড এগিয়ে যাক।ঐশ্বি তৃষা সৃষ্টিবরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বরিশাল