আমি আঞ্চলিক রাজনীতির শিকার: নাজমুল হুদা
বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নাজমুল হুদা দাবি করেছেন, তিনি আঞ্চলিক রাজনীতির শিকার। তাঁকে উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, ‘আমি এই বহিষ্কারাদেশ মানি না। এর বিরুদ্ধে আইনগতভাবে কিছু করা যায় কি না, তা আমি খতিয়ে দেখছি।’বহিষ্কারাদেশের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিজের প্রতিক্রিয়া জানাতে নাজমুল হুদা আজ সোমবার তাঁর ধানমন্ডির বাসভবনে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করেন। সেখানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।নাজমুল হুদা আশা করে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন। তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার সুযোগ চান। একই সঙ্গে তাঁর আশঙ্কা, ‘তাঁর (খালেদার) আশপাশে যারা তাঁকে ঘিরে রেখেছে, তারা সে সুযোগ দেবে না।’নাজমুল হুদা বলেন, ‘ম্যাডামের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তিনি আমাকে সরকারের গুরুত্বপূর্ণ পদ দিতে কার্পণ্য করেননি। তবে কেন যেন দলে গুরুত্বপূর্ণ পদ দিতে কার্পণ্য করেছেন।’