মানবতাবিরোধী অপরাধের বিচার: জেরায় শ্যামলী নাসরিন
আমি আদর্শগতভাবে জামায়াতের রাজনীতির বিরোধী
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীকে গতকাল বৃহস্পতিবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। জেরায় শ্যামলী নাসরিন বলেছেন, তিনি আদর্শগতভাবে জামায়াতের রাজনীতির বিরোধী।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শ্যামলী নাসরিনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।মুক্তিযুদ্ধকালে শহীদ আবদুল আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী গত বুধবার এই ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৫ ডিসেম্বর আলবদর বাহিনীর হাইকমান্ড নিজামীর নির্দেশে তাঁর স্বামী আলীম চৌধুরীকে তাঁদের পুরানা পল্টনের বাসা থেকে আলবদরের সদস্যরা ধরে নিয়ে যায়। তিন দিন পর রায়েরবাজার বধ্যভূমি থেকে তাঁর স্বামীর লাশ উদ্ধার করা হয়।গতকাল জেরায় মিজানুল ইসলাম প্রশ্ন করেন, ‘ডা. আবদুল আলীম চৌধুরী হত্যাকাণ্ড নিয়ে বিটিভি, চ্যানেল আই, এটিএনসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে আপনি যে সাক্ষাৎকার দিয়েছেন, তার কোনটিতে নিজামীর নির্দেশে আলবদররা আপনার স্বামীকে ধরে নিয়ে গিয়েছিল—এ কথা বলেছেন?’ জবাবে শ্যামলী নাসরিন বলেন, ‘আমি আমার সাক্ষাৎকারে সব সময় আলবদরের হাইকমান্ডের কথা; নিজামী, মুজাহিদ, চৌধুরী মুঈনুদ্দীন, আশরাফুজ্জামান খান—সবার কথা বলেছি। কিন্তু সব সময় দেখেছি, চ্যানেলগুলো সম্পাদিত সংস্করণ দেখায়, এসব কথা দেখায় না।’আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন করেন, সাক্ষীর লেখা একাত্তরের শহীদ ডা. আলীম চৌধুরী শীর্ষক বইয়ের কোন অংশে আলীম চৌধুরীকে হত্যার সঙ্গে নিজামী জড়িত ছিলেন, এ ধরনের বক্তব্য আছে? জবাবে সাক্ষী বলেন, নেই। যখন (১৯৯১ সাল) বইটি প্রকাশিত হয়, তখন নিজামী, মুজাহিদ, আশরাফুজ্জামান, মুঈনুদ্দীন, গোলাম আযম নামগুলো বইতে উল্লেখ করা হয়নি। কারণ, তাঁদের নাম উল্লেখ করলে ওই সময় বইটি প্রকাশিত হতো না।মিজানুল ইসলামের অপর কয়েকটি প্রশ্নের জবাবে শ্যামলী নাসরিন বলেন, ১৯৯২ সালে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণ-আদালতে তিনি কোনো সাক্ষ্য দেননি। তিনি প্রথমে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিলেন, পরে তিনি ওই কমিটির সহসভাপতি হয়েছিলেন।আসামিপক্ষের আইনজীবী মত দেন, ‘মতিউর রহমান নিজামী আপনার স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না।’ রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, এটা সত্য নয়। আইনজীবী মত দেন, আপনি আদর্শগতভাবে জামায়াতের রাজনীতির বিরোধী। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য।এরপর আইনজীবী মত দেন, সাক্ষী জামায়াতের রাজনীতি আদর্শিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে মিথ্যা প্রচারণা ও রটনার অংশ হিসেবে আলীম চৌধুরী হত্যাকাণ্ডের সঙ্গে নিজামীর সংশ্লিষ্টতা উল্লেখ করে এই ট্রাইব্যুনালে অসত্য জবানবন্দি দিয়েছেন। সাক্ষী বলেন, এটা সত্য নয়।শ্যামলী নাসরিন চৌধুরীকে জেরা শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২১ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।