রায় শোনার পরই তাঁর মুখে ফুটে উঠল অন্য রকম এক আলো। আবার তা হঠাৎ করেই যেন মিলিয়ে গেল। সামরিক আদালতে যে বিচার করে কর্নেল তাহেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, গতকাল মঙ্গলবার উচ্চ আদালত তা অবৈধ ঘোষণার পর এটাই ছিল মামলার বাদী তাহেরের স্ত্রী লুৎফা তাহেরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আদালতকক্ষের বাইরে দাঁড়িয়ে অনুভূতি জানাতে গিয়ে লুৎফা তাহের এই প্রতিবেদককে বলেন, ‘আজ আমি আনন্দিত, গর্বিত। স্বামীর কলঙ্কমোচন হয়েছে।’ সঙ্গে সঙ্গে মন খারাপের কারণটাও বললেন। আর তা হলো স্বামী হারানোর বেদনা। লুৎফা বললেন, ‘স্বামীকে ফিরে না পাওয়ার কষ্টটা তো রয়েই যাবে। হত্যাকারীর বিচার দেখতে পারলে ভালো লাগত।’দুপুরে রায় দেওয়ার সময় আদালতকক্ষের ভেতর ও বাইরে উৎসুক মানুষ ও আইনজীবীদের ভিড় ছিল লক্ষণীয়। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী প্রায় ২৫ মিনিট ধরে রায় পড়ছিলেন। সবশেষে তিনি বলেন, ‘সামরিক আদালতে দেশদ্রোহের অভিযোগে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের ফাঁসি অবৈধ। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই পরিকল্পনাকারী ছিলেন জিয়াউর রহমান।’উপস্থিত সাধারণ মানুষ, রাজনীতিবিদ ও আইনজীবীদের বেশির ভাগই রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দধ্বনি দেন। কেউ কেউ বিজয়সূচক ‘ভি’ চিহ্নও দেখান। রায়ের পর আদালতকক্ষের বাইরে দাঁড়িয়ে অনেকের সঙ্গে কথা বলেন লুৎফা তাহের। কারও কারও কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এর মধ্যে ছিলেন পরিবারের সদস্য, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ। সামরিক আদালতে তাহেরের বিতর্কিত বিচার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজকে লুৎফা বলেন, ‘আমরা আপনার প্রতি খুবই কৃতজ্ঞ।’ জবাবে লিফশুলজ বলেন, ‘এটা ছিল আমার দায়িত্ব। আমি এমন একটা কিছুর জন্য অপেক্ষা করে ছিলাম।’ লুৎফা তাহের পরে সাংবাদিকদের বলেন, ‘৩৫ বছর ধরে তাহেরকে দেশদ্রোহী কলঙ্কে কলঙ্কিত করা হতো। তাঁর স্ত্রী হিসেবে আমিও সেই কলঙ্ক বয়ে বেড়িয়েছি। আজ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তিনি একজন মহান দেশপ্রেমিক ও সম্মানিত মানুষ ছিলেন।’ আবেগাপ্লুত লুৎফা বলেন, ‘তাহেরের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আমি এক মুহূর্তের জন্যও বিশ্বাস করিনি। আজকের এই দিনটির জন্য আমি ৩৫ বছর ধরে অপেক্ষা করেছি।’ মামলার আরেক বাদী কর্নেল তাহেরের ভাই অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, ‘আজকের এ সময়টার জন্য শুধু আমাদের পরিবার নয়, সারা দেশের মানুষ অপেক্ষায় ছিল। ঐতিহাসিক এক রায়ে আজ সবার অপেক্ষার পালা শেষ হয়েছে। তাহেরকে যে কলঙ্ক দেওয়া হয়েছে, তা কোনো বিবেকবান মানুষই বিশ্বাস করেনি।’ জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের জন্য আইন প্রণয়ন করতেও সাংসদদের প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন। জাসদ নেতা হাসানুল হক ইনু বলেন, ‘জিয়াউর রহমান সাজানো বিচারের মাধ্যমে কর্নেল তাহেরকে খুন করেছেন। এ রায়ে তা প্রমাণিত হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিলম্বে হলেও বিচার হয়। দেশে আইন থাকুক আর না-ই থাকুক, মানুষ এই ঠান্ডা মাথার খুনিদের বিচার চায়।’সাংবাদিক লরেন্স লিফশুলজ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তির এই সময়ে আদালতের এই রায় আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজকের দিনটা বাংলাদেশ ও তাহেরের পরিবারের জন্য বিশেষ দিন।’