আমি উসাইন বোল্ট নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে বলেছেন, তিনি উসাইন বোল্ট নন। পুনরায় নির্বাচিত হওয়ার জন্য চূড়ান্ত পর্যায় পর্যন্ত তাঁকে সর্বাত্মক লড়াই চালিয়ে যেতে হবে। সহজেই তিনি জয়ী হবেন—এ কথা ভাবার সুযোগ নেই। প্রেসিডেন্ট ওবামা গত রোববার শিকাগোর হাইড পার্ক এলাকার নিজ বাসভবনে সমবেত তাঁর বিপুলসংখ্যক সমর্থকদের উদ্দেশে ওই কথা বলেন। ২০০৮ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি এ বাসভবন ছেড়ে হোয়াইট হাউসে ওঠেন। নির্বাচনী তহবিল সংগ্রহের এক অভিযানে তিনি সেখানে যান।আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আবার জয়ী হওয়ার জন্য ওবামা ভোটারদের প্রতি তাঁকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তবে, তাঁকে জিততে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে হবে বলে মনে করেন তিনি।গত দুই অলিম্পিকে ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে স্বর্ণজয়ী জ্যামাইকার দৌড়বিদ উসাইন বোল্টের কথা উল্লেখ করে ওবামা বলেন, ‘আমরা এখন এক কঠিন সময় পার করছি। কিন্তু আমরা এমন সুসংহত অবস্থানে রয়েছি যে আমরা কেবল জয়ীই হব না বরং আমেরিকাকেও এগিয়ে নিয়ে যেতে থাকব।’ রিপাবলিকান দলীয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পল রায়ানকে দলটির একজন ‘আদর্শিক নেতা’ বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি নিজেকে রায়ানের ওই আদর্শিক অবস্থান থেকে আলাদা হিসেবে বিবেচনা করেন।ওবামা বলেন, রায়ান একজন ‘শিষ্টাচারসম্মত’ মানুষ। কিন্তু রায়ান যে আদর্শ পোষণ করেন, সেটার সঙ্গে তাঁর আদর্শের ‘মৌলিক’ পার্থক্য রয়েছে। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি রানিং মেট পল রায়ানকে নিয়ে বর্তমানে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে নির্বাচনী প্রচারণায় রয়েছেন। এই প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে সমবেত হচ্ছেন হাজার হাজার মানুষ। সংবাদদাতারা বলছেন, রানিং মেট হিসেবে রায়ানকে বেছে নেওয়ায় রিপাবলিকান দলের প্রচারণা গতি পেয়েছে। তবে একই সঙ্গে তাঁরা সতর্ক করে বলেন, রায়ান সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক খাতে ব্যয় সংকোচন নীতির সমর্থক। এটি অনেক ভোটারকেই অত্যন্ত মনঃক্ষুণ্ন করতে পারে।রমনি-রায়ান জুটি যখন জোর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত তখন প্রেসিডেন্ট ওবামা প্রথমবারের মতো রায়ানকে নিয়ে প্রকাশ্য মন্তব্য করেছেন। গতকাল রোববার শিকাগোতে নির্বাচনী তহবিল সংগ্রহ অভিযানে ওবামা বলেন, ‘রায়ান একজন শোভন ব্যক্তি। তিনি সাংসারিক মানুষ। গভর্নর রমনির মতাদর্শ প্রচারে তিনি তাঁর একজন স্পষ্টবাদী মুখপাত্র। কিন্তু এই মতাদর্শের সঙ্গে আমি মৌলিকভাবে ভিন্নমত পোষণ করি।’ বিবিসি।