আমি খুব সুখী মানুষ। কোনো দুঃখ নেই, কষ্ট নেই। সবাই আমার জন্য করে, কিন্তু আমি কারও জন্য কিছু করিনি। আমি একজন স্বার্থপর, ব্যর্থ নারী।আমার কোনো অভাব নেই। না চাইতেই সব পেয়ে যাই। অন্ন, বস্ত্র, মাথার ওপর ছাদ—সব আছে। আয়-উপার্জন করি না। স্বামীর আয় বসে বসে ধ্বংস করি।সংসার আছে, কিন্তু সেই সংসারের কোনো দায়িত্ব পালন করিনি। শুধু বসে বসে খেয়েছি। শেষ বয়সে এসে অনুভব করলাম—কারও কোনো উপকার করিনি। বরং আমার জন্য অন্য সবার ভোগান্তি হয়েছে। স্বামী-সন্তানের যত্ন নিইনি। আমার জন্য তারা সামাজিকভাবে নিচু হয়েছে; অন্যদের কাছে কথা শুনেছে। আমার কর্মকাণ্ডে তারা বিরক্ত। তার পরও আমাকে কিছুই বলে না।আমার সব অত্যাচার তারা নীরবে সহ্য করে।সন্তানের জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু মা হতে পারিনি। মায়ের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি।সবার কাছে তাই ক্ষমা চাই। সংসারে আমার কোনো অবদান নেই। সংসার, সন্তান স্বামী সব নিপুণভাবে দেখাশোনা করে। সে অনেক পরিশ্রমী। তার জন্য এখন পর্যন্ত সংসার সুন্দরভাবে চলছে। আমি একজন অকর্মণ্য। খাই আর ঘুমাই। এ ছাড়া কোনো কাজ করি না। কারও জন্য কিছু করতে পারি নাই, এ জন্য খুব লজ্জিত। দয়াময়ের কাছে প্রার্থনা করি, সন্তানদের তুমি নিরাপদে রেখো। তাদের হেফাজত করো। স ৎ পথে পরিচালিত করো। আমি শুধু সবাইকে কষ্টই দিলাম। আমি কী করব বুঝতে পারি না। তুমি আমাকে পথ দেখাও। আমার করণীয় কী তুমি বলে দাও। আমি এতটুকু বুঝতে পারছি—সংসারে আমার আর কোনো প্রয়োজন নেই। আমি একজন বাড়তি ও অবাঞ্ছিত মানুষ—সংসারে যার কোনো দরকার নেই। সংসারে আঠার মতো চেপে বসে সবার বিরক্ত বাড়াই। লোকলজ্জার ভয়ে কেউ আমাকে ফেলতে পারছে না। আমার উপদ্রব সহ্য করছে সবাই।দয়াময়, তুমি বলে দাও, আমি কী করব?আমি জেনেশুনে কিংবা ইচ্ছাকৃতভাবে কখনো কাউকে কষ্ট দিতে চাইনি। আমার দ্বারা কারও ক্ষতি হোক, এটাও চাই না। অবচেতন মনে হয়তো অন্যকে ব্যথা দিয়েছি। আমি তার জন্য সবার কাছে মাফ চাই।দয়াময় আমাকে সবকিছু পূর্ণ করে দিয়েছে—স্বামী, সন্তান, সংসার। কিন্তু এখন মনে হচ্ছে, সংসারে অশান্তির মূলে আমি। নিজে সুখে থাকি, অন্যদের অশান্তিদিই। সংসারে এখন আর কোনো প্রয়োজন নেই আমার। সন্তান বুঝতে শিখেছে। বড় হয়ে গেছে। আমি তাদের বোঝা। স্বামী আয় করে। আমার কোনো উপার্জন নেই। দয়াময়ের কাছে প্রশ্ন করি, আমি কী করব? অবহেলা, অপমান সহ্য করার শক্তি দাও, হাসিমুখে স্বজনদের সামনে দাঁড়াই সংসারের কর্ত্রী হিসেবে। তাদের দেখাই, আমার হুকুমে সংসার চলে। অনেক কথা অন্তরে এসে ভিড় করে কিন্তু লিখতে পারি না। না, কারও কাছে আমার কোনো অভিযোগ নেই। সমাজ-সংসারে কতশত মহিলা নির্যাতিত হয়ে অকালে চলে যাচ্ছে পরপারে, তার হিসাব কে-ই বা রাখে। সেই তুলনায় আমি তো রাজার হালে আছি।মা-বাবার দেওয়া নাম আছে, স্বামীর দেওয়া ঠিকানাও আছে, কিন্তু কোনোটাই ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে না। এতটুকু স্বাধীনতা আমার থাক।আমি মধ্যবয়সী এক নারী, যার নিজের কোনো ঠিকানা নেই।