আমি এক হতভাগী মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি এক দুর্ভাগা সন্তানের হতভাগী মা। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আমার সাজানো, শান্তির জীবনকে ধ্বংস করে দিয়েছে। সম্পূর্ণভাবে স্থবির করে ফেলেছে আমার চলমান জীবনযাত্রা। অসহায় ও নিঃসঙ্গ অবস্থা প্রতিমুহূর্তে আমাকে দিচ্ছে মৃত্যুর ভয়াবহ যন্ত্রণার তেতো স্বাদ। গত ২০০৭ সালের ২৬ অক্টোবর মৌচাক মার্কেটের আলাউদ্দিন সুইট মিটের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা থেকে পড়ে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে আমার মেয়ে, ঢাকা সিটি কলেজের (অনার্স) চতুর্থ বর্ষের ছাত্রী ফারজানা হোসেন সিলভী। আহত অবস্থায় মেয়ের বান্ধবী লিজা প্রাণে বেঁচে যায়। ওই দিনই বাদী হয়ে আমার বোন রমনা থানায় হত্যা মামলা দায়ের করে। সন্তানের অকাল মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে দেড় বছর আগে হঠাৎ আমার স্বামী মারা যান। ব্যস, আমার জীবন প্রদীপ চিরকালের জন্য নিভে গেল। বেঁচে থাকার সব অবলম্বন নিঃশেষ হয়ে গেল। এখন আমার চারপাশে নিকষ কালো অন্ধকারের পৃথিবী। এলোমেলো ভাবনা-চিন্তায় অস্থির হয়ে পড়েছি। আমি জানি না কোথায়, কীভাবে বেঁচে থাকব। কী হবে আমার অস্থায়ী ঠিকানা। আমার আরেক মেয়ে দেশের বাইরে থাকে। সেও হারাল তার বোন বাবাকে। এক বুক কষ্ট তার। দীর্ঘ তিন বছর মামলা চলার পর ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর মহামান্য আদালত মামলার রায় ঘোষণা করেছেন, আসামির সাত বছরের কারাদণ্ড হয়েছে। তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। তিন বছর মামলা চলাকালীন তাকে একবারই আদালতে দেখেছি। মামলার রায়ের পরিণতি কী হবে বলা কঠিন। কারণ চালক খুনি এখনো পলাতক। সাজা কার্যকর করার মতো মানসিক ও শারীরিক অবস্থা কোনোটাই আমার নেই। এ অবস্থায় তার সাহায্যে হয়তো এগিয়ে আসবে গডফাদার ও প্রভাবশালী মহল। তাই প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আসামিকে দ্রুত আটক করে তার সাজা কার্যকর করতে সহযোগিতা করুন। খুনি যেন পালিয়ে থাকতে না পারে। সড়ক দুর্ঘটনার শাস্তি নিয়ে ১৯৮২ সালের ৩০৪ ধারার অজামিনযোগ্য ১০ বছরের সশ্রম কারাদণ্ডের ওই আইনটি আবার কার্যকর করুন। তা না হলে অগণিত দুর্ঘটনা রোধ করা কোনো দিনও সম্ভব হবে না। তাতে সমাজ, সংসার ধীরে ধীরে স্বজন হারানোর ব্যথায় পঙ্গু হয়ে যাবে। সচেতন জনগণের পক্ষ থেকে আমরা আশা করব, স্থানীয় প্রশাসন অসহায় ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে এসে দাঁড়াক। প্রকৃত অপরাধী চিহ্নিত হোক। আইনের শাসনের লম্বা হাত সক্রিয় হোক। একজন সাধারণ মায়ের সন্তানের খুনি যেন ধরা-ছোঁয়ার বাইরে থেকে না যায়। এ রায় যদি কার্যকর না হয়, তবে একজন অসহায় মা হয়তো প্রতিবাদী হতে পারব না, কিন্তু আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে। এ ব্যাপারে সবার আন্তরিক সহযোগিতা ও স্থানীয় প্রশাসনের সক্রিয় সহযোগিতা কামনা করছি। লেখক: নিহত ফারজানা হোসেনের মা