কুষ্টিয়ায় লালনের আখড়ায় দীর্ঘ ২৮ বছর ধরে গান করছেন পাগলা বাবলু। ঢাকায় এসে গড়েছেন ‘লালন চর্চা কেন্দ্র’। দেশ-বিদেশের বিভিন্ন বয়সী মানুষ এখানে লালনচর্চা করছেন। তিনি সবাইকে লালনের গান শেখাচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে আয়োজন করছেন লালনমেলা। এবার বেরিয়েছে পাগলা বাবলুর অ্যালবাম লালনমেলা। প্রকাশ করেছে লেজার ভিশন। আজ বুধবার বিকেল পাঁচটায় শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে পাগলা বাবলুর লালনমেলা পরিষদ আয়োজন করেছে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান। কথা হলো পাগলা বাবলুর সঙ্গে।আপনি লালনের গানের সঙ্গে যুক্ত হলেন কীভাবে?আমি তখন ফরিদপুর হাইস্কুলের ছাত্র। আমার গানের কণ্ঠ নাকি খুব ভালো ছিল। তাই মা আমাকে লালনের আখড়ায় নিয়ে আসেন। গান শেখার জন্য আমাকে তুলে দেন দীক্ষাগুরু খোদাবক্স সাঁইজির হাতে। তাঁর কাছে দীক্ষা নিয়েছি। সেই থেকে লালনের আখড়ায় আছি। আপনি তো একসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতেও ছিলেন।১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ‘মেন্টর ফেলোশিপ ইন মিউজিক লালন অ্যান্ড বাউল’-এ একজন ফেলো ছিলাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে তো লালনচর্চা নিয়ে অনেক কাজ করেছি। গান করেছি। আমি কিন্তু চলচ্চিত্রেও অভিনয় করেছি। তানভীর মোকাম্মেলের ছবি লালন-এ। লালন সাঁইজিকে নিয়ে ছবি বলেই কাজটা করেছি। গানও গেয়েছি।যেখানেই যান, সেখানেই ‘লালনমেলা’ করেন। ঢাকায় করছেন ‘লালন চর্চা কেন্দ্র’। এই লালন চর্চা কেন্দ্র নিয়ে কিছু বলুন।লালন চর্চা কেন্দ্র থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আমরা প্রতিদিন সন্ধ্যায় বসি। লালনের চর্চা করি। চর্চার মধ্য দিয়েই লালনের প্রচার হবে; প্রসার ঘটবে। আমাদের ওই এলাকাটা একেবারেই ধূমপানমুক্ত, যাতে করে আমাদের লালনচর্চার ব্যাঘাত না ঘটে। এখানে দেশ-বিদেশের অনেক মানুষ আসেন। ৪৬৮ জন ছাত্রছাত্রী নিয়মিত গান শিখছেন।বুধবার (আজ) তো আপনার অ্যালবামের মোড়ক খোলা হবে।হ্যাঁ, আমার প্রথম অ্যালবাম পঞ্চম (১৯৯০) আর দ্বিতীয়টি কী যাদু এই বাংলা গানে (১৯৯৮)। লালনমেলা তৃতীয়। বুধবারের অনুষ্ঠানে আমি গান করব। আমার ছাত্রছাত্রীরাও গান করবেন। আমি নিজেও কিন্তু এখনো শিখছি। মাসে অন্তত ১৫ থেকে ২০ দিন আমার শিক্ষাগুরু করিম শাহ্র কাছে যাই।