স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘আমি কাউকে ভয় দেখাতে কিছু বলিনি। আমি যা বলেছি, তা অর্থপূর্ণ মনে করেই বলেছি।’ আজ সোমবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সময় ফেনী থেকে নির্বাচিত বিএনপির সাংসদ মোশাররফ হোসেনের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।স্পিকার বলেন, ‘আমি কাউকে শিক্ষা দিতে এখানে আসিনি। আমি কাউকে ভয়ও দেখাইনি। ভয় দেখানোর মতো এমন কোনো শক্তিশালী ব্যক্তিও আমি নই।’জাতীয় সংসদের গত বৃহস্পতিবারের অধিবেশনে আবদুল হামিদ সাংসদদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ‘আমি সরকারি ও বিরোধী দলের ভোটে নির্বাচিত। আমি আমার মতো করে সংসদ চালাব। আপনারা যদি মনে করেন, আমার থাকার দরকার নেই, আই অ্যাম রেডি টু গো।’একই সঙ্গে স্পিকার সাংসদদের বলেন, ‘আর, আমি একটা কথা বলে দিতে চাই, অসংসদীয় ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে মাইক বন্ধ হয়ে যাবে। আর, ফাইটিং বা রেসলিং করতে চাইলে পল্টনে চলে যান। সংসদের বাইরেও মাঠ আছে। গায়ে তেল মেখে আন্ডারওয়ার পরেও সেখানে চলে যেতে পারেন।’এরপর, গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বিরোধী দলের চিফ হুইপ বলেন, ‘ভালো আচরণের কারণেই সাংসদ নির্বাচিত হয়েছি। আমি পাঁচবার নির্বাচিত হয়েছি। এত দিন পর এসে আমাদের আচরণবিধি শেখানোর স্পিকার কে?’সংসদে রাতে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকারি ও বিরোধী দলের কয়েকজন সদস্য অংশ নেন। এরপর সংসদের বৈঠক কাল মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।