আমি খেললে যা করতাম
পাকিস্তানের ব্যাটসম্যানরা সাইড শটগুলো ভালো খেলে। আমার মতে, ওদের স্টাম্পের লাইনেই বেশি বল করা উচিত। স্টাম্পের বাইরে খেলার সুযোগ না দেওয়াই ভালো। এ কারণে লাইন-লেংথের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে।ওয়ানডেতে ইউনুস খান, উমর আকমল আর মিসবাহ-উল-হকই পাকিস্তানের বড় শক্তি। আমি খেললে তিনজনকেই একইভাবে বল করতাম—একেবারে স্টাম্প টু স্টাম্প। ইউনুস খান পায়ের ওপর আসা বলে ভালো ড্রাইভ খেলে। ওকে কোনোমতেই পায়ের ওপর বল দেওয়া যাবে না। মিসবাহ-উল-হককে কট বিহাইন্ড করা সহজ। স্টাম্পের বলে ওর সমস্যা আছে। অনেকবারই দেখেছি এলবিডব্লু হতে। উমর আকমল কাট শট খুবই ভালো খেলে। ওকে অফ স্টাম্পের বাইরে বল করলে ভুল হবে। অফ-মিডল স্টাম্পে বল করাই ভালো। তবে সেটি যেন আবার হাফ ভলি হয়ে না যায়, হাফ ভলি যেখানে পড়ুক, এই মানের ব্যাটসম্যানরা তা বাইরে পাঠাবেই। আমাদের উইকেটে একটু টেনে টেনে বল করলে ওর পক্ষে শট খেলা কঠিন হবে।ওয়ানডেতে মোহাম্মদ হাফিজও ভালো। ওকে শুরুতেই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ শুরুতে ও একটু বেশি নড়বড়ে থাকে। সেট হয়ে গেলে খুব ভালো খেলে। হাফিজ বেশির ভাগ সময় কট বিহাইন্ড হয়। ওকে আউটসুইংয়ে আউট করার সম্ভাবনা বেশি। তবে ও আবার কাট-পুলটা ভালো খেলে। সেটাও খেয়াল রাখতে হবে।টেস্টে তৌফিক উমর, ইউনুস খানকেই বেশি সাবধানে বল করতাম। বল হতো ওয়ানডের মতোই—স্টাম্পের ওপর। তবে আমি খেললে টেস্ট-ওয়ানডে দুটিতেই প্রথম লক্ষ্য থাকত—রান কম দেওয়া। রান আটকে রাখতে পারলে যেকোনো ব্যাটসম্যানই চাপে পড়ে যায়। আর চাপে পড়লে তারা ভুল করবেই।