আমি চাই আমার প্রাপ্য অধিকার
আমাদেরও হাসি-কান্না, ভালো-মন্দ বোঝার ক্ষমতা আছে। তবে আমাদের প্রকাশভঙ্গি হয়তো ভিন্ন। সেরিব্রাল পলসি (সিপি), অটিস্টিক, আইডি ইত্যাদি শব্দের সঙ্গে সেই ছোটবেলা থেকে আমি পরিচিত। আমার নাম ধরে না ডেকে যখন আমাকে ‘সিপি বাচ্চা’ বলে সম্বোধন করে, তখন আমি অনেক কষ্ট পাই। যারা আমাদের এসব নামে ডাকে, তারা কি একবারও ভাবে না যে আমাদেরও একটা নাম আছে, অধিকার আছে আর দশটি স্বাভাবিক শিশুর মতো বেঁচে থাকার!আমি একটি রেগুলার স্কুলে পড়ি। কিন্তু সেই স্কুলে প্রতিদিন আমাকে পাঁজাকোলা করে তুলতে হয়। আমার প্রবেশগম্যতা সেখানে নেই। এত কষ্টের পরও আমি কৃতজ্ঞ আমার স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের কাছে। কারণ, তিনি আমাকে তাঁর স্কুলে পড়ার সুযোগ করে দিয়েছেন। কিন্তু আমি বিরক্ত তাদের ওপর, যাদের স্কুলে প্রবেশগম্যতা থাকা সত্ত্বেও আমি শারীরিক প্রতিবন্ধী শিশু এই কারণে আমাকে আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে।৩ অক্টোবর শিশু অধিকার দিবস। ওই দিবসে শোভাযাত্রার শোভা বৃদ্ধির জন্য আমাদের আমন্ত্রণ করা হয়েছিল তাতে অংশ নিতে। প্রতিবন্ধী দিবস, শিশু অধিকার দিবস—এই সব বিভিন্ন দিবসে আমাদের খোঁজ করা হয়। কিন্তু বছরের বাকি দিনগুলোতে কেউ খবর নেয় না। আমরা তো কোনো কিছুর শোভাবৃদ্ধির উপকরণ হতে চাই না। আমরা চাই একটি মানসম্মত নিয়মিত স্কুলে পড়তে। প্রতিটি জায়গায় যেন প্রবেশগম্যতা থাকে, তার নিশ্চয়তা পেতে। আমার মা-বাবা বিশেষ শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। কিন্তু তাঁরা তাঁদের একমাত্র সন্তানের বর্তমান ও ভবিষ্যতের চিন্তায় প্রতিনিয়ত হচ্ছেন বাধাগ্রস্ত।আমি একটি আন্তুর্জাতিক সংস্থার গ্লোবাল চিলড্রেন প্যানেলের সদস্য। সারা বিশ্বের শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এক সভায় যোগ দিতে আমি লন্ডনে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি অভিভূত, তাঁরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ অন্যান্য শিশুর অসুবিধার কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সেই সব বিষয় বাস্তবায়নের অঙ্গীকার তাঁরা করেছেন। লন্ডন আমার কাছে স্বর্গ মনে হয়েছে। কারণ, আমি বাসে-ট্রেনে করে সারা লন্ডন ঘুরে বেড়িয়েছি। স্কুল থেকে শুরু করে শপিং মল, দর্শনীয় স্থান, স্টেডিয়াম—এমন কোনো জায়গা নেই, যেখানে আমার প্রবেশগম্যতা ছিল না। আমার এই শিশুমনের প্রশ্ন, তারা যদি পারে তাহলে আমাদের দেশ কেন পারে না এমন ব্যবস্থা করতে? আমার আব্বু-আম্মুর কিছু না করতে পারার হতাশাগ্রস্ত চেহারা আমাকে কষ্ট দেয়। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমি একদিন এ দেশে আমাদের মতো শিশুদের অধিকার প্রতিষ্ঠা করতে পারব। আমি লন্ডন থেকে ফিরেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামে কাজ শুরু করে দিয়েছি। তবে আমি জানি না, কত দিন লাগবে আমাদের প্রাপ্য সম্মান, অধিকার প্রতিষ্ঠা করতে। আমি সবাইকে জানাতে চাই, আমাদেরও অনেক সুপ্ত প্রতিভা আছে, আমাদের শুধু প্রয়োজন সরকারসহ সামাজের প্রতিটি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সহমর্মিতা ও সহযোগিতা। আমাদের প্রাপ্য সুযোগ-সুবিধা দিলে আমরা সমাজের বোঝা না হয়ে কিছু অবদান রাখতে পারব।আনিলালালমাটিয়া, ঢাকা।