আমি চাই বিরোধী দল সংসদে আসুক
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘আমি চাই বিরোধী দল সংসদে আসুক। যদিও জানি, তারা সংসদে আসবে না। কারণ তারা সংসদে এসেছে বেতন-ভাতা এবং সদস্যপদ রক্ষা করতে।’ আজ বৃহস্পতিবার সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘কথা ছিল রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪০ ঘণ্টা আলোচনা হবে। অথচ বিরোধী দলকে সংসদে আনার জন্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হয়েছে ৫০ ঘণ্টা ২৬ মিনিট। বিরোধীদলীয় নেতা দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছেন। চলেও গিয়েছেন। এর পরও যদি তাঁরা বলেন, কথা বলতে দেওয়া হয় না, সেটা ঠিক না।’প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে তারা সংসদে থাকতে আসেনি। এসেছে বেতন-ভাতা এবং সদস্যপদ রক্ষা করতে। এসে অশালীন বক্তব্য এবং গালমন্দ দিয়েছে। চেয়ার ছেড়ে আক্রমণাত্মক ভঙ্গিতে একজনকে মারতে গিয়েছে। যে আচরণ তারা করেছে, তা জাতি গ্রহণ করেনি। তবুও আমরা চাই বিরোধী দল সংসদে আসুক। যদিও জানি, তারা আসবে না। কারণ তাদের কাজ হয়ে গেছে। এখন রাস্তায় চিত্কার করে বেড়াচ্ছে। গাড়ি ভাঙচুর করছে। ক্ষমতায় থেকে টাকা কামাতে পারছে না, এখন এটাই তাদের দুঃখ।’স্পিকারের উদ্দেশে সংসদ নেতা বলেন, ‘তারা সংসদের এসেছে, দীর্ঘ বক্তৃতা দিয়েছে। আপনি তাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন। সংসদকে কার্যকর করতে আপনি এটা করেছেন। তাদের সরকারের সময়ে আমিও তো সংসদে ছিলাম। ২১ আগস্টের গ্রেনেড হামলা, কিবরিয়া সাহেব এবং আহসান উল্লাহ মাস্টারের হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে পারিনি। মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি (স্পিকার) যদি আগে ঘোষণা না করতেন যে ২৯ তারিখ সংসদ শেষ হবে, তাদের সংসদে অনুপস্থিতি ৯০ দিন ছুঁই ছুঁই না হতো, তবে তারা সংসদে আসত না।’আন্তর্জাতিক সমুদ্রসীমার বিরোধ নিয়ে সংসদ নেতা বলেন, ‘আন্তর্জাতিক আদালতের মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হয়েছে। ভারতের সঙ্গেও বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ আছে। জনগণ আবার আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিলে ভারতের কাছ থেকেও ন্যায্য অধিকার আদায় করে নেব।’বিদ্যুতের সমস্যা সম্পর্কে শেখ হাসিনা বলেন, বিদ্যুতের সমস্যা আছে। কিন্তু বর্তমান সরকার বিদ্যুত্ উত্পাদন বাড়িয়েছে। জাতীয় গ্রিডে তিন হাজার ৩০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুত্ যোগ হয়েছে। ২২ লাখ নতুন গ্রাহক বিদ্যুত্ সংযোগ পেয়েছেন। বিদ্যুত্ উত্পাদন বাড়াতে কুইক রেন্টাল—স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেচকাজের সুবিধার জন্য বিদ্যুত্ গ্রামে যাচ্ছে। সে জন্য ঢাকায় লোডশেডিং হচ্ছে। এর দরকারও আছে, মানুষ যাতে ভুলে না যায়, লোডশেডিং নামে কিছু একটা ছিল।তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার তখনই দরকার হয়েছিল, যখন ক্যু-এর মাধ্যমে কারচুপির নির্বাচন হয়েছিল। প্রত্যেকটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে। ২০০৬ সালে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। দুই বছরের নির্যাতনের কথা মানুষ ভুলে যাবে না। বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক, আমার ওপর, এমনকি বিরোধীদলীয় নেতার ওপরও মামলা করা হয়েছে। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে।’ তিনি আরও বলেন, এই সরকারের আমলে জাতীয় সংসদের ১২টি উপনির্বাচন এবং স্থানীয় সরকার মিলিয়ে মোট পাঁচ হাজার ১৭৫টি নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন এসব নির্বাচন স্বাধীনভাবে করেছে।