আমি জেনে শুনে কোনো অন্যায় করিনি : জেনারেল মইন
সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, ‘আমি জেনেশুনে কোনো অন্যায় কাজ করিনি।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যেভাবে দেশটাকে ভালোবাসেন, আমিও ঠিক সেভাবেই দেশকে ভালোবাসি। দেশের মানুষকে ঠিক সেভাবেই ভালোবাসতে চাই। আমি বাংলাদেশের মানুষের ভালোবাসার মধ্যেই থাকতে চাই। তাদের বিপদে-আপদে যেন সাহায্য করতে পারি, এতটুকুই আমার চাওয়া। আর এটাই হবে আমার প্রাপ্য।’ আজ শনিবার তেজগাঁও পলিটেকনিক স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সাবেক এই সেনাপ্রধান এসব কথা বলেন।এখন কী করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, আমি যখন ক্যাডেট হিসেবে গ্র্যাজুয়েট করি, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে চিফ অব স্টাফ ক্যাপ গ্রহণ করি। আমি এখন বই লিখছি। বই অনুবাদ (ট্রান্সলেট) করছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমার শান্তির স্বপ্নে: সময়ের স্মৃতিচারণ বইটি ২০০৯ সালে বেস্ট সেলার হয়েছে। এখন সেই বইটি আমি ইংরেজি অনুবাদ করছি।’মইন উ আহমেদ বলেন, ‘আমি এখন আমার স্ত্রীকে অনেক সময় দিচ্ছি। সৈনিক থাকার সময় আমার স্ত্রী শুধু দেখেছে পোশাক পরছি, আর বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আবার বাসায় এসে পোশাক পরছি, আবার বাইরে যাচ্ছি। এখন সে অনেক সময় পাচ্ছে।’রাজনীতি করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, যা করেছি, তা থেকে আরও অনেক বেশি আমি পেয়েছি। আমার কোনো দিন ইচ্ছা ছিল না রাজনীতি (পলিটিক্সে) করার। আমি শুধু মানুষকে সাহায্য করতে চাই। আমি এটা জানি ও বুঝি, দেশ শাসনের কাজ সৈনিকদের নয়। আমি পার্শ্ববর্তী দেশ থেকে উদাহরণ নিয়েছি। সে জন্য আমি নিজে ও সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রেখেছি।’তত্ত্ববধায়ক সরকারের মূল্যায়ন সম্পর্কে জেনারেল মইন সাংবাদিকদের বলেন, ‘যদি আমরা গণতন্ত্র চাই, তবে আরও বেশি গণতন্ত্রের চর্চা করতে হবে। চর্চা করে এটার মানটাকে উন্নত করতে হবে। আমি এটাই বিশ্বাস করি। কোনো কিছুর সত্যিকার উন্নয়নের জন্য ৫০ বছর সময় লাগে। তো, আমরা ৫০ বছর অপেক্ষা করি। এরপর খুঁজে পাওয়া যাবে যে তত্ত্বাবধায়ক সরকারের মূল্যায়নটা কী? আমার মনে হয়, সে সময় তত্ত্বাবধায়ক সরকারের মূল্যায়নটা ভালোই হবে।’ তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পর্কে তিনি বলেন, ‘মামলা যে কেউ করতে পারে। আমি শুধু এতটুকু বলতে পারি, আমি আইনগতভাবে এটির লড়াই চালিয়ে যাব।’