আমি তোমাদের সামনে জীবন্ত সান্ত্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের পর ২০০৯ সালের ১ মার্চ প্রায় দুই হাজার কর্মকর্তার উপস্থিতিতে সেনাকুঞ্জে দরবারে অংশ নেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচিত-উত্তপ্ত সেই দরবারে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। নিজের বক্তব্যের সময় তিনি যেমন আবেগতাড়িত হয়ে পড়েছিলেন, তেমনি কর্মকর্তারাও ক্ষোভ-কান্না লুকিয়ে রাখতে পারেননি। দুই মন্ত্রীর পদত্যাগসহ নানা দাবিও তুলেছিলেন কর্মকর্তারা। সেই দরবারের ঈষত্ সংক্ষেপিত বিবরণ তুলে ধরা হলোমঞ্চে উঠে নিজেই মাইক টেনে নিয়ে কথা বলতে শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি শুরুতেই নিহত সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। তারপর বক্তব্য শুরু করেন।আমাদের কী কী করণীয়, কী কী ব্যবস্থা নেওয়া উচিত; কীভাবে এ অবস্থা মোকাবিলা করা যায়, কীভাবে এ সংকট উত্তরণ করা যায়, তা নিয়ে আলোচনা করার জন্য আমি আমাদের দলের নেতা ও মন্ত্রীসভার সদস্যদের ডেকেছি। সবাইকে নিয়েই আমরা সমস্যা সমাধানের চেষ্টা করেছি। কারণ আমাদের প্রধান চিন্তার বিষয় ছিল, যারা বেঁচে আছে তাদের প্রাণ রক্ষা করা। পরিবারগুলোকে রক্ষা করা।ওরা (বিদ্রোহীরা) বারবার হুমকি দিচ্ছিল, পরিবারগুলো শেষ করে দেবে। যারা বেঁচে আছে, তাদের মেরে ফেলে দেবে। এ অবস্থায় আমরা আমাদের কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যকে ওখানে যেতে বললাম। কোনো মতে তাদের বিরত করা যায় কি না, সেই চেষ্টা করলাম। আপনারা দেখেছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে ওই অবস্থায় সেখানে গিয়েছেন। তাঁদের দিকে অস্ত্র তাক করে যখন গুলি করা হচ্ছে, তখন তাঁরা সাদা পতাকা হাতে নিয়ে আলোচনা করা যায় কি না, সেই চেষ্টা করেছেন। তাঁরা চাইছিলেন, বিদ্রোহীরা যাতে অস্ত্র সমর্পণ করে এবং তাদের জিম্মায় যারা বেঁচে আছে; বিশেষ করে পরিবারগুলোকে যাতে নিরাপদে সরিয়ে আনা যায়।এই লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা চলতে থাকে।আমরা একেকজনকে সেখানে পাঠিয়ে তাদের ভয় দেখানো, ধমক দেওয়া, অনুরোধ করা, উপরোধ করা—যত রকমের চেষ্টা আছে সব আমরা চালাতে থাকি। তারা কিছু দাবি-দাওয়ার কথা তুলে ধরে। সেগুলো আমার কাছেও নিয়ে আসে। তারা সেখানে (পিলখানা) যখন যা করেছে, আমি সঙ্গে সঙ্গে তা তিন বাহিনীর প্রধানদের ডেকে জানিয়েছি।একটা পর্যায়ে তারা (বিদ্রোহীরা) বলল, আমরা কাউকে বিশ্বাস করি না। একমাত্র প্রধানমন্ত্রী এলেই আমরা কথা বলব। অনেকেই সে সময় বলেছে, প্রধানমন্ত্রী এত দূর পর্যন্ত আসবেন কেন? আমি বলেছিলাম, আমি তো মা। আমার ছেলেরা (সেনা কর্মকর্তারা) মারা গেছে। তাদের পরিবার তো আমারই পরিবার। তারা আটকা পড়ে আছে। ছোট ছোট বাচ্চা আটকা পড়ে আছে। তাদের বাঁচানোর স্বার্থে যার সঙ্গে কথা বলা দরকার, যত কিছু দরকার, আমি সব করতে প্রস্তুত। এখানে কোনো রাষ্ট্রচার (প্রোটোকল) নেই। কোনো অহমিকাও নেই। কিছু নেই। তবে তাদের একটা শর্তই দেওয়া হলো, সব পরিবারকে তারা আসতে দেবে, যারা বেঁচে আছে তাদের মুক্ত করবে। এবং তারা অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যাবে। তাদের পক্ষ থেকে বলা হলো, যদি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, তাহলে তারা অস্ত্র সমর্পণ করবে।তখন প্রায় সাড়ে ছয়টা বা পৌনে সাতটা বাজে। আমি তিন বাহিবীর প্রধানদের সঙ্গে আলোচনা করি। আমার কথা ছিল, যেভাবেই হোক, তাদের অস্ত্র সমর্পণ করাতে হবে। একপর্যায়ে আমরা আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিইডি প্রতিমন্ত্রী, হুইপ, সংসদ সদস্যদের একটা দল পাঠালাম। পুলিশের আইজি ওখানে ছিলেন। তাঁরা সেখানে যান এবং একপর্যায়ে তারা (বিদ্রোহীরা) আর্মস সারেন্ডার করতে রাজি হয়। কথা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী গেলে তাঁর কাছে সারেন্ডার করবে। আপনারা জানেন, এ পরিস্থিতিতে খালি হাতে কেউ এমন জায়গায় যায় না। কিন্তু যেহেতু আমরা রাজনীতি করি জনগণের স্বার্থে, যেহেতু সেখানে অনেক ছোট ছোট শিশুসহ অসহায় পরিবারগুলো আটকা পড়ে আছে, পরিবারগুলোর কাছ থেকে বারবার মেসেজ (তথ্য) আসছে; তারা জানাচ্ছিল, কোনো রকম গণ্ডগোল করলে বিদ্রোহীরা তাদের বাঁচিয়ে রাখবে না। এবং সেখানে আর্মি ঢুকলে তাদের পরিবারের একজন সদস্যকেও বাঁচিয়ে রাখা হবে না।এ ধরনের অবস্থা আমরা মোকাবিলা করেছি। রাত সাড়ে ১১টার দিকে আর্মস সারেন্ডার শুরু হয়। রাতের বেলায় ঝুঁকি নিয়ে অস্ত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী, আইজি নিজে বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলোকে পৌঁছে দেন। আমি আমার নিজের গাড়ি ও ড্রাইভার দিয়ে দিই। ভোর পাঁচটা পর্যন্ত আমরা যতজন সম্ভব, ততজনকে উদ্ধার করি। সারা রাত কাজ করায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ বোধ করেন। আমি তাঁকে বলি, আপনি বিশ্রাম নিন। আমি মতিয়া চৌধুরীকে খবর দিই, পরের পর্যায়ে যাতে তিনি উদ্ধারকাজে যান।কিন্তু সকালে দেখি বিডিআররা আবার বসে আছে। তারা জানায় যে তারা অস্ত্র সমর্পণ করবে না। এই পর্যায়ে মতিয়া চৌধুরী তাদের একটা সময় বেধে দেন। তিনি জানান, এই সময়ের মধ্যে সারেন্ডার না করলে আমরা অ্যাকশন যা নেওয়ার নেব।আমি তাত্ক্ষণিক আবার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করি এবং ট্যাংক রেজিমেন্ট ফোর্সকে বলে দেই। আর্মি চলে আসে। আবার হেলিকপ্টার পাঠানো হয়। একটা পর্যায়ে তারা সারেন্ডার করতে রাজি হয়। এবং তিনটা থেকে আবার উদ্ধারকাজ শুরু হয়। আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেই। এর পরই পুরোদমে আর্মস সারেন্ডার শুরু হয়।আমরা পাঁচটা টিম করে দিই সেখানে। আমাদের দুজন ডাক্তার সংসদ সদস্য, পাঁচজন এমপি ও একেকজন মন্ত্রীকে দিয়ে সমস্ত এলাকা ঘুরে ঘুরে উদ্ধারকাজ চালাই। সেখানে আমাদের ডিফেন্সের অ্যাম্বুলেন্স ছিল। আমাদের টার্গেট ছিল সন্ধ্যার আগেই যত দূর সম্ভব উদ্ধারকাজ শেষ করা। যারা বেঁচে ছিল, তারা কেউ খাটের নিচে, কেউ ম্যানহোলে, কেউ ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছিল। তারা এতটাই আতঙ্কিত হয়েছিল যে আমরা যখন মাইকিং করে তাদের বেরোতে বলছিলাম, তাতেও তারা বের হতে পারছিল না। বিশেষ করে ভীতসন্ত্রস্ত ছোট ছোট শিশুদের অবস্থা ছিল খুবই করুণ। তবে শেষ পর্যন্ত এত স্বল্প সময়ের মধ্যেও সামরিক অভিযান ও রাজনৈতিক কৌশল—দুইয়ের সমন্বয়ে আমরা বেঁচে থাকা কর্মকর্তাদের উদ্ধার করতে পেরেছি। আমাদের চেষ্টায় অন্তত ৩৩ জন অফিসারের জীবন রক্ষা পেয়েছে। আর সবগুলো পরিবারকেও আমরা রক্ষা করতে পেরেছি।তবে এই নিষ্ঠুরতা কেন আমি জানি না। এভাবে কী করে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে? শুধু হত্যা নয়, আমরা মুসলমান। আমরা ধর্ম পালন করি। ধর্মের দোহাই দিই। আমি বুঝি না, একজন মুসলমান আরেকজন মুসলমানের লাশ দাফন-কাফন ছাড়া মাটিচাপা দেয় কীভাবে। তাহলে আমাদের ধর্ম, আমাদের শিক্ষা, আমাদের মানবতাবোধ কোথায় থাকে? এ ঘটনা শুধু ঢাকায়ই সীমাবদ্ধ ছিল না, আপনারা জানেন। সেই রাত থেকে বিভিন্ন এলাকার দৃশ্য বদলে যায়। উত্তরবঙ্গসহ বিভিন্ন বিডিআর ক্যাম্পে অস্থিরতা দেখা দেয়।আমি তখনই মন্ত্রীপরিষদ সচিবকে পরিস্থিতি সামাল দিতে নির্দেশ দিই। প্রতিটি জেলার ডিসি-এসপিদের এবং আমাদের স্থানীয় নেতা-কর্মীদের সেখানকার অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিই। তারা (বিডিআর) যাতে ঢাকার দিকে আসতে না পারে, সে জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়। সূমান্ত ফাঁড়িগুলো ফেলে বিডিআর সদস্যরা যেন শহরের দিকে না আসে, সে জন্য সামরিক ও রাজনৈতিক কৌশল অবলম্বন করি। সীমান্ত থেকে তারা চলে এলে তো যেকোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে।তারা ৩৩টা পয়েন্টে কিছু গোলমাল করার চেষ্টা করে। সেগুলোতে আমরা তাদের প্রতিহত করে অফিসারদের বাঁচানোর চেষ্টা করি। এখনো অনেক অফিসার তাঁদের এলাকার ক্যাম্পগুলোর দায়িত্ব হাতে নিতে পারেননি। টেলিফোনের মাধ্যমে তাঁরা কমান্ড দিচ্ছেন। এ ক্ষেত্রে আমরা ডিসি, এসপি, আমাদের স্থানীয় নেতা-কর্মীসহ এমপিদের নির্দেশ দিয়েছি, যাতে অফিসাররা তাঁদের নিজ নিজ ক্যাম্পের কমান্ড বুঝে নিতে পারেন। আসলে এ কয়টা দিন যে কীভাবে গেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না। স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনা যে কারও জীবনে ঘটলে তা দুর্বিসহ লাগবে। আমি শুধু তোমাদের এটুকু বলতে পারি; তোমরা তো আমার সন্তানের মতো। যারা আজকে শাহাদাত বরণ করেছে, তারাও আমার সন্তান। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এক দিন আগেও যাদের সঙ্গে এক জায়গায় বসে সভা করে এলাম, তাদের সবাই আজকে নেই! সবাই শেষ! তোমরা জান, আমি নিজে একজন ভুক্তভোগী। ১৯৭৫ সালে একটা দিনের মধ্যে আমার মা, আমার বাবা, ভাইয়েরা...। আমার দুই ভাই সামরিক বাহিনীর ট্রেনিংপ্রাপ্ত ছিল। মেজর শেখ জামাল, ও তো তোমাদের মতোই সামরিক বাহিনীতে ছিল। কামালও সামরিক বাহিনীতে ছিল। রাসেলেরও স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর বদস্য হবে। ওকে জিজ্ঞেস করলেই বলত, ‘আমি আর্মি হব।’ আমার একমাত্র চাচা, মুক্তিযোদ্ধা ছিলেন, পঙ্গু ছিলেন। আমার আত্মীয়স্বজন...। আমার ফ্যামিলি ১৮ জনকে সে রাতে হত্যা করে। বনানীতে গেলে দেখবে, সারি সারি কবর। আমার ছোট বোনটার (শেখ রেহানা) তখন ১৬ কি ১৭ বছর বয়স।আমার স্বামী বিদেশে। নিউক্লিয়ার সায়েন্টিস্ট হিসেবে চাকরি করে। প্রায়ই তাঁকে বিদেশ যেতে হতো। আমরা কেবল গিয়েছিলাম। যাওয়ার ১৫ দিনের মাথায় হঠাত্ শুনলাম, আমার কেউ নাই। আমি ১৮টা লাশ দেখি নাই। কিন্তু ১৮টা কবর তো ওখানে পইড়া রইছে।তাই আমি জানি, আজকে যারা স্বজন হারিয়েছে, তাদের কষ্ট কী পরিমাণ! আজকে এতটা বছর কেটে গেছে, তার পরও আমি ঘুমাতে পারি না। এক দিনের মধ্যে আমি আমার সব হারিয়েছি। আমার ছোট ভাইটা, যাকে আমি কোলে করে মানুষ করেছি, যে আমার কাছে খেলার পুতুল ছিল, যাকে আমি হাত ধরে হাঁটা শিখিয়েছি, তাকেও গুলি করে হত্যা করেছে। সেই হত্যার বিচার পর্যন্ত হয়নি। খুনিরা পুরস্কৃত হয়েছিল। খুনিরা যদি পুরস্কৃত হয়, তাহলে খুনের স্পৃহা বাড়ে।আমাকে আর ছোট বোনকে ছয় বছর দেশে আসতে দেওয়া হয়নি। দেশে আসা আমাদের জন্য নিষিদ্ধ ছিল। তারপর ’৮১ সালে আওয়ামী লীগ যখন আমাকে দলের সভাপতি নির্বাচিত করল, তখন আমি ফিরে আসি।এই হানাহানি, রক্তারক্তি আর কত? আর কত মায়ের কান্না, বাবার কান্না আমরা শুনব? আজ যারা মারা গেছে...প্রতিদিন আমরা যখন লাশ দেখতে যাই...ওরা তো সবাই আমার আপনজন। বাংলাদেশে সবাই আমার আপনজন। আমার মেয়ের শ্বশুরবাড়ির দিকের পাঁচজন অফিসার মারা গেছে।আমাদের পার্টির...ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সভাপতি চাচাতো ভাই হচ্ছে বিডিআরের মহাপরিচালক। আমার মন্ত্রীসভার অনেকের আত্মীয়; কারও দূরসম্পর্কের আত্মীয় মারা গেছে। নিহত ২০-২৫ জনের তালিকা আমরা পেয়েছি, যারা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন। একেকটা পরিবার আজ কী অবস্থায় আছে! দুঃসহ অবস্থা।আমি শুধু একটা কথা বলতে পারি, যারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছে; যারা ষড়যন্ত্র করেছে এবং যারা হত্যা করেছে—এদের ক্ষমা করা হবে না। আমি জানি, সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়ায় কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। কিন্তু সেই মুহূর্তে যারা বেঁচে ছিল, তাদের বাঁচিয়ে রাখার জন্য এ ঘোষণা দেওয়া আমার কর্তব্য ছিল। সাধারণ ক্ষমা মানে অপরাধীদের ক্ষমা করা নয়। অপরাধীদের ক্ষমা করা হবে না। অপরাধীদের খুঁজে বের করবই। তাদের শাস্তি আমরা দেব। তবে, সবাই তো আর জড়িত না। গতকাল আমি আমার মন্ত্রীসভার সদস্য, দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি; মহাজোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। কালকে আমরা প্রস্তাব পাশ করেছি, আমরা স্পেশাল ট্রাইব্যুনাল করব। স্পেশাল ট্রাইব্যুনাল করেই আমরা এদের বিচার করব। পার্লামেন্টে আইন পাস করে আমরা স্পেশাল ট্রাইব্যুনাল করব। আমরা আরেকটা তদন্ত কমিটি স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে করেছি। কিন্তু আরও একটা তদন্ত কমিটি করতে চাই, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আমার দলের লোক। আইন প্রতিমন্ত্রী আমার পার্টির লোক। এখানে কোনো পার্টিজান রোল প্লে হোক, সেটা আমি চাই না। সে জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী সভা করবে। সেখানে একজন নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে আমরা একটি কমিটি করব, যাতে বিষয়টির সুষ্ঠু তদন্ত হয়।তোমাদের এখানে আসাতে আমার একটু দেরি হয়ে গেছে। কারণ আমেরিকা থেকে সেক্রেটারি রিচার্ড বাউচার (দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী) আমাকে ফোন করেছিলেন। তাঁকে আমি অনুরোধ করেছি এফবিআই প্রতিনিধি পাঠানোর জন্য। তাঁদের কাছে আমি সাহায্য চেয়েছি। ঘটনাটা কি আমাদের অভ্যন্তরীণ, নাকি অন্য কোন শক্তি এতে মদদ দিয়েছে, তা তাঁদের খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছি। তাঁদের অনেক আধুনিক ব্যবস্থা আছে। তাঁরা সেটা করবেন। ব্রিটেনের সঙ্গেও আলোচনা করেছি। স্কটল্যান্ড ইয়ার্ডও লোক পাঠাবে। কাজেই যেভাবেই হোক, দোষীদের খুঁজে বের করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এ ধরনের ঘৃণ্য ঘটনা আর না ঘটে।আমরা সরকার গঠনের মাত্র ৫০ দিনের মধ্যে ওই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। এতে যদি সেনাবাহিনী, বিমানবাহিনীর ভূমিকা না থাকত; আর যদি আমাদের পলিটিক্যাল মুভ না থাকত; তাহলে এত দ্রুত তারা সারেন্ডার করত না। নিশ্চয়ই তোমাদের কাছে দৃষ্টান্ত আছে। বম্বেতে মাত্র ১২ জন কমান্ডো যখন হোটেল দখল করে রাখল; সেটাকে উদ্ধার করতে লাগল পাঁচ দিন। কিন্তু আমরা অতি দ্রুত পলিটিক্যালি, মিলিটারিলি অ্যাকশনে (রাজনৈতিক ও সামরিক পদক্ষেপে) গেছি। এ কারণে স্বল্পতম সময়ের মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ইতিমধ্যে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। যেসব বিডিআর সদস্য পালিয়ে গেছে, তাদের এরই মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। না করলে যৌথ অভিযান চলবে। যেভাবেই হোক, তাদের ধরে আনা হবে।তবে আমরা এত দ্রুত যে কাজটা করতে পেরেছি, তা অনেকের পছন্দ হয়নি। তারা চেয়েছিল, এটা আরও ছড়িয়ে পড়ুক; সারা বাংলাদেশে সংঘাত বেধে যাক; বিডিআর-সেনাবাহিনীর যুদ্ধ হোক—এসব আকাঙ্ক্ষা যাদের ছিল, তারাই দ্রুত সমাধানের বিষয়টি অ্যাপ্রিশিয়েট করতে পারছে না।এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো নেশনকে ইউনাইটেড (জাতিকে ঐক্যবদ্ধ) রাখা। দোষীদের খুঁজে বের করা। আর যারা স্বজন হারিয়েছে, তাদের পাশে দাঁড়ানো। সে কাজ না করে এখনই একে দোষ, ওকে দোষ—এসব শুরু হয়ে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা তো সবার সহযোগিতা চেয়েছি। আমরা তো বলিনি যে আমরা একাই সব।পিলখানার অবস্থানটা তোমরা চিন্তা করে দেখবে। সেখানে স্কুল, কলেজ, মানুষের বসতি রয়েছে। ওরা কি শুধু এক দফা গুলি ছুড়েছে? তাদের গুলিতে জেলখানার দুজন মানুষ পর্যন্ত আহত হয়েছে। একজন রিকশাওয়ালা মারা গেছে। সেখানে ছাত্রী আহত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আহত হয়েছে। সেখানে আরও কত ভয়ঙ্কর অবস্থা হতে পারত, কত জীবন যেতে পারত! আরও হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারত। আমরা যা হারিয়েছি, সেই ক্ষতি পূরণের সাধ্য আমার নেই। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষাও আমার নেই। আমি শুধু তাদের এটুকুই বলতে পারি, আমি তোমাদের সামনে জীবন্ত সান্ত্বনা। স্বজন হারানোর ব্যথা নিয়ে বছরের পর বছর আমি দিন কাটাচ্ছি।আমি তোমাদের কাছে অঙ্গীকার করছি, যারা এর সঙ্গে জড়িত, সে যেই হোক না কেন, তাদের খুঁজে বের করা হবে। শাস্তি দেওয়া হবে। এ ব্যাপারে সবার কাছে সাহায্য চাই। তোমাদের কাছেও সাহায্য চাই।খবর পেয়েছি, এর জন্য প্রচুর টাকা ছড়ানো হয়েছে। বহু তথ্য আসছে। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আজকে সংসদ আছে। সংসদে আমরা শোক প্রস্তাব নেব। নিহতদের পরিবারের জন্য যা করা দরকার, করব। যারা মা-বাবা হারিয়েছে, তাদের তো মা-বাবা ফেরত দিতে পারব না; যারা সন্তান হারিয়েছ, তাদের তো সন্তান দিতে পারব না। তবে আমার সহমর্মিতা তাদের সঙ্গে থাকব। এ ক্ষতি আমার দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিরাট। এটা রাষ্ট্রীয় ক্ষতি। একজন অফিসারকে তৈরি করতে, প্রশিক্ষণ দিতে বহু সময় লাগে। কাজেই যারা এই ক্ষতি করেছে, তাদের ক্ষমা নেই।তোমাদের কারও যদি কোনো প্রশ্ন থাকে; নির্দ্বিধায় আমাকে বলতে পারো। শুধু প্রধানমন্ত্রী হিসেবে এখানে আমি আসিনি। আমি জাতির জনকের কন্যা। আমি তোমাদের মায়ের মতো। তোমাদের যার যা প্রশ্ন থাকবে, অবশ্যই তা করবে। আমি জানি, সবার মনে এখন অনেক কষ্ট। তার পরও তোমরা তোমাদের কথা নির্দ্বিধায় বলতে পারো—সেনাপ্রধান (সাবেক) জেনারেল মইন উ আহমেদ: প্রথমেই বক্তব্য রাখবেন মেজর জেনারেল বদরুদ্দিনবদরুদ্দিন: মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত গর্বিত যে আপনি আমাদের প্রতিরক্ষামন্ত্রী। আপনি আমাদের অভিভাবক। আপনার নেতৃত্বের প্রতি আমার আস্থা আছে। আজ আমরা অত্যন্ত শোকাহত, বাকরুদ্ধ। এ ঘটনায় আমাদের মনে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের দৃঢ় বিশ্বাস, আপনার মনের ক্ষতও আমাদের মতো। আমরা এ দেশেরই সন্তান। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরি। এবং একটি সুশৃঙ্খল ও পেশাদারি বাহিনী বলেই আমরা অন্যান্য সরকারি কর্মকর্তার মতো আচরণ করতে পারি না। শৃঙ্খলা না থাকলে আমরা একটা মাত্র লাশ নিয়ে মিছিল ও গাড়ি ভাঙচুর করতে পারতাম। সুশৃঙ্খল বাহিনীর সদস্য বলেই আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রতিহিংসাপরায়ণ নই। আমাদের আত্মার ভাই, আমাদের সেনাবাহিনীর অফিসার এবং তাদের পরিবারবর্গ যখন জিম্মি, তখনো আমরা আমাদের বিডিআর সৈনিকদের যত্ন নিয়েছি।গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে যখন আমাদের অফিসার ও পরিবারবর্গ নারকীয় হত্যাকাণ্ডের শিকার; সেই ক্রান্তিলগ্নে বিডিআর চলকাপাড়া-জুড়াছড়ি থেকে জনৈক বিডিআর সৈনিককে তার অসুস্থতার জন্য জরুরি ভিত্তিতে আমাদের তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে সিএমএইচে আনা হয়। আমরা তার চিকিত্সা নিশ্চিত করেছি। দুজন বিডিআর সৈনিক ও একজন অফিসারকে চিকিত্সার জন্য ২৫ ফেব্রুয়ারি সকাল আটটায় পিলখানা থেকে ঢাকা সিএমএইচে আনা হয়। এর পরপরই পিলখানায় হত্যাযজ্ঞ শুরু হয়।বিডিআরের সেই দুই সদস্যের নিরাপত্তা আমরা দিয়েছি, যাতে তাদের কেউ কোনো ক্ষতি করতে না পারে। অপারেশন পূর্বপ্রাচীরের কমিউনিকেশন ইন্টেলিজেনস সেলে কর্মরত চারজন বিডিআর সদস্যকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি একটার সময় নাইক্ষ্যংছড়ি বিডিআর ব্যাটালিয়নে পাঠানো হয়।মাননীয় প্রধানমন্ত্রী, বিডিআরের সদস্যরা আমাদের ভাই। আমাদের পরিবারের সদস্য। আমাদের সন্তানরা বিডিআর সদস্যদের ‘আঙ্কেল’ ডাকে। আমাদের স্ত্রীরাও তাদের ভাই বলে সম্বোধন করে। তার পরও কেন তারা আমাদের এত বড় ক্ষতি করল? তাদের নিয়েই তো আমরা। অথচ আজ কতিপয় বিদ্রোহী বিডিআর সদস্য কোনো এক কুচক্রী মহলের প্ররোচনায় এই হত্যাযজ্ঞ ঘটিয়েছে। আমাদের ভাইয়েরা শহীদ হওয়ার পর তাদের মৃতদেহের ওপরও নির্যাতন চালানো হলো। এ রকম বর্বরতা শত্রুর ওপরও চালানো হয় না। মৃতদেহের অবমাননা যেমন জেনেভা কনভেনশন পরিপন্থী; তেমনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গুরুতর অপরাধ। মাননীয় প্রধানমন্ত্রী, একদিকে যখন আপনার সন্তানদের ও তাদের পরিবারের ওপর বর্বর নির্যাতন চলছিল, তখন বিভিন্ন মিডিয়ায় আপনার সন্তানদের চরিত্র হনন করা হচ্ছিল। আর আমরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছিলাম। আমাদের অনুভূতি মন খুলে উপস্থাপন করতে পারলে আমাদের ক্ষোভ প্রশমিত হবে। নতুবা বিভিন্ন অপপ্রচারে আমরা প্রভাবিত হয়ে পড়তে পারি। আপনি আমাদের ঐক্য ও সংহতি বজায় রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি। আমরা সর্বোতভাবে আপনার সঙ্গে আছি এবং থাকব। জেনারেল মইন উ আহমেদ: এবার বক্তব্য রাখবেন বিডিআরে প্রেষণে নিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল কবির। তিনিও ঘটনার শিকার।কবির: মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সেনাবাহিনীর প্রধান, উপস্থিত বড়-ছোট অফিসার ভাই ও বোনেরা। আমি প্রথমেই আমার নিজের ও আমার সন্তানদের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শোকরানা জানাচ্ছি। আমি বেঁচে গেছি শুধু একটি কারণে। আমার চাকরিস্থল হলো রাঙামাটি বিডিআর সেক্টর হেডকোয়ার্টার। আমি ওখানকার সেক্টর মেডিকেল অফিসার। কিন্তু আমার পরিবার পিলখানায় বাসস্থান না পাওয়ায় আমার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী অফিসার্স মেসে ৩ ফেব্রুয়ারি থেকে অবস্থান করছিল। ফেব্রুয়ারির ২২ তারিখ পিলখানায় এসে আমি পরিবারের সঙ্গে মেসেই অবস্থান করছিলাম। ২৫ তারিখ সকাল সাড়ে আটটায় মেসের রুমে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নাস্তা করছিলাম। কেয়ারটেকার আমার রুমেই ছিলেন। কয়েকটি গুলির আওয়াজ আসল। আমার স্ত্রী বলল, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি কেয়ারটেকারের উদ্দেশে বললাম, কী হচ্ছে এটা? সে বলল, স্যার, বিডিআর সপ্তাহ পালন হচ্ছে তো, হয়তো খুশি হয়ে ফাঁকা আওয়াজ করছে। সে চলে যাওয়ার কিছু পরই গুলির মাত্রা অনেক বেড়ে গেল। গ্রেনেড বিস্ফোরণের মতো আওয়াজ শুনলাম। যেহেতু সকাল, আমার স্ত্রী-কন্যা রাতের পোষাকে ছিল। তাদের বললাম, তাড়াতাড়ি সালোয়ার-কামিজ পরে ফেলো, কারণ দৌড়াতে হতে পারে। ছেলেকে কেডস পরতে বললাম। বলতে বলতেই আমার ছেলেমেয়ে চিত্কার করে বলল, ‘আব্বু মুখে লাল কাপড় বেঁধে হাতিয়ার নিয়ে অনেকে আমাদের মেসের দিকে ছুটে আসছে। তুমি পালাও। স্ত্রী বলল, তুমি বাথরুমে ঢুকে যাও। আল্লাহ যা করে তাই হবে। আমি বাথরুমে ঢুকলাম। সঙ্গে সঙ্গে মেসের সামনেই গ্রেনেড বিস্ফোরণের আওয়াজ শুনলাম। এরপর শুরু হলো গালিগালাজ। এখানে দু-একটা বলতে বাধ্য হব ঘটনার ভয়াবহতা বোঝানোর জন্য। তারা ‘মাগী’ ছাড়া কোনো কথা বলেনি। গুলি করে আমার ঘরের দরজা ভেঙে ফেলল। তারা বলছিল, ‘শালা অফিসারের বাচ্চা, মাগীর বাচ্চা, তোরা বের হ।’ আল্লাহর অশেষ রহমত। আমি যেহেতু ছুটিতে ছিলাম, যেহেতু আমাকে ইউনিফর্ম পরতে হয়নি, দরবারেও যেতে হয়নি। তাই তারা মনে করেছিল, আমি সেখানে নেই। সে জন্য তারা ঘর তল্লাশি করেনি। আমার বউ-বাচ্চাদের নিয়ে চলে গেল। মেসের ভাবিদের বাচ্চাদের যে চিত্কার ও আহাজারি শুনেছিলাম, তা বর্ণনার ভাষা আমার জানা নেই। ১৫ মিনিট পর অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে মেসের পাশের ধানক্ষেত দিয়ে ক্রলিং করা শুরু করলাম। বিডিআর সদস্যরা ছোটাছুটি করছে। গ্রেনেড ছুড়ছে। হামাগুড়ি দিয়ে তারকাঁটা ঘেরা উঁচু দেয়ালের পাশে এসে দাঁড়ালাম। দেয়ালের ওপারে বহু লোক ছাদে দাঁড়িয়ে ছিল। তাদের সাহায্য চাইলাম। তারা আমাকে দেয়াল টপকানোর ব্যবস্থা করল। তাদের একজন বাসায় আমাকে আশ্রয় দেয়। আর আমার পরিবার এবং মেসের সবাইকে তারা কোয়ার্টার গার্ডের সেলে নিয়ে ঢোকায়। এবং মুক্তি পাওয়ার পর তারা যে বর্ণনা দিয়েছে, তার দু-একটা শুধু বলব। ৪৮ ঘণ্টা জিম্মি পরিবারগুলোকে কোয়ার্টার গার্ডের ছোট রুমে দাঁড় করিয়ে রেখেছে। একটা সেলে ৪০ জনকে ঢুকিয়ে দাঁড় করিয়ে রেখেছে। তারা মহিলাদের বলেছে, ‘পাঞ্জাবিরা তোদের পেটে পাঞ্জাবি পয়দা করে গেছে। আমরা এখন বিডিআর পয়দা করব।’ (দরবারে হট্টগোল)।লে. কর্নেল কামরুজ্জামান: বিডিআর জওয়ানেরা নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিচারে সবাইকে সেখানে আটকে রেখেছিল। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে তাদের উদ্ধার না করে লোকদেখানো ২৫টি অস্ত্র জমা নিয়ে কীভাবে সেখান থেকে ফিরে এলেন, আমরা সে কথা জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী। (তুমুল হট্টগোলে ফেটে পড়ে হলরুম)। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটি কথা বলতে চাই, যাঁরা অত্যাচারিত হয়েছেন এবং গুলি খেয়ে তখনো বেঁচে ছিলেন, তখন যদি সেনাবাহিনী ও বিমানবাহিনী দিয়ে তত্ক্ষণাত্ অভিযান চালানো হতো, তাহলে অনেক অফিসার বেঁচে যেতেন, অনেক নারীকে তাঁর সম্ভ্রম হারাতে হতো না। অনেক শিশু যে ভয় পেয়েছে, সেই ভয় আর জীবনে কাটাতে পারবে না। আমার ছয় বছরের মেয়েটি কাঁপতে কাঁপতে অসুস্থ হয়ে গেল। আমি এর সত্যিকার প্রতিকার চাই।প্রধানমন্ত্রী শেখ হাসিনা: (প্রধানমন্ত্রীর বক্তৃতা শুরুর আগে অফিসারদের চিত্কার। আগে প্রতিটি প্রশ্নের উত্তর চাই) ‘বিডিআর এলাকাটি বিশাল। ওই রাতে জওয়ানেরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিছু অস্ত্র জমা দেয়। তিনি ওই রাতের বেলা নিজে গাড়িতে করে অফিসারদের উদ্ধারের কাজ করেন। যতদূর সম্ভব, ভোর পাঁচটা পর্যন্ত তিনি যে কজনকে পেরেছেন, উদ্ধার করেছেন। পরদিন সকাল বেলা সেখানে যান মতিয়া চৌধুরী। কারণ সাহারা খাতুন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। মতিয়া সেখানে যাওয়ার পর উদ্ধার-তত্পরতা থামিয়ে দেওয়া হয়—এটাই হলো বাস্তবতা। বিডিআরের বিশাল এলাকা তো আমাদের চেনাও নেই। তার ওপর ওদের লোকেরা অস্ত্র নিয়ে সঙ্গে সঙ্গে থাকছে। একজন অফিসারকে বের করে আনার পরই খেপে যায় ওরা। কিন্তু আপনারা তো ভুল বুঝে বসে আছেন।’ (অফিসাররা তীব্রস্বরে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান)। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন’ অফিসাররা ‘নো নো’ বলে আবার প্রতিবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে গেল, তারাই দোষী হয়ে গেল! আরেকজন অফিসার: ‘তোমরা চিল্লাচিল্লি করো না। বিডিআর ধ্বংস করে দিয়েছে। ওরা আর্মিও ধ্বংস করে দেবে। তোমাদের পেছনে লোক আছে। ঐক্য নষ্ট করার জন্য পেছনে লোক ঢুকে গেছে। তোমরা এ রকম করো না। আমি তোমাদের অনুরোধ করছি। আমি যেভাবে বেঁচে এসেছি..., আমি অসহায়। আমার মহাপরিচালক (মেজর জেনারেল শাকিল আহমেদ) বীরের মতো মারা গেছেন। আর্মিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। তোমরা প্লিজ, তোমাদের মতো থাকো।’লে. কর্নেল কামরুজ্জামান: ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখছেন অফিসারদের ক্ষোভ। আমি একমাত্র সাক্ষী। যখন বিডিআর মহাপরিচালক আপনার সঙ্গে কথা বলেন, তখন উনি আপনাকে বলেছিলেন, ম্যাডাম, সম্ভবত ৪৪ রাইফেল ব্যাটালিয়নের একদল বিডিআর বিদ্রোহ করেছে। ওরা সম্ভবত আপনার সরকারের ইমেজ নষ্ট করার জন্য এই কাজ করছে। আমি তখন তাঁর কাছে দাঁড়িয়ে ছিলাম। আপনার সঙ্গে কথা শেষে মহাপরিচালক বললেন, কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে। আমরা সেনাবাহিনীর জন্য অপেক্ষা করতে শুরু করলাম। তারপর সেনাপ্রধানের সঙ্গেও কথা বললেন মহাপরিচালক। তখনো শুনলাম সেনাবাহিনী আসবে। কর্নেল গুলজার যেহেতু র্যাব থেকে এসেছিল, তিনি তাঁর নিজস্ব চ্যানেলে ডিজি র্যাব থেকে শুরু করে সবার সঙ্গে কথা বলেছে। আমার সঙ্গে ডিএমওর সরাসরি কথা হয়েছে। ডিএমও আমাকে বলেছেন, জামান, ৪৬ ব্রিগেট থেকে দুটি ব্যাটালিয়ন মুভ করছে। জাস্ট একটু ওয়েট করো। যদি আপনি তখন সেনাবাহিনী পাঠাতেন, র্যাব পাঠাতেন, এত অফিসার মরত না। তারা দরবার হলে ঢুকেছে আধাঘণ্টা পরে এবং কিলিং শুরু করেছে ১১টার পরে। কিন্তু যদি র্যাব-সেনাবাহিনী এতটুকু সময়ের মধ্যে ঢুকতে না পারে, তাহলে সেই সেনাবাহিনী আমাদের দরকার নেই। আমরা অসহায়ের মতো সেখানে বসে আছি। সবাই বলছে—আসছে, আসছে, কিন্তু কেউ এল না। মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমদিকে মাত্র ২০ থেকে ৩০ জন সৈনিক রাইফেল নিয়ে চারদিক ঘিরে দাঁড়িয়েছিল। ওরা ‘ব্ল্যাঙ্ক অ্যামুনেশন’ (শুধু ফাঁকা গুলি করা যায়) নিয়ে ফায়ার করছিল। সোয়া ১০টার পর তারা আমাদের সামনে রাইফেল লোড করে ফায়ার শুরু করে। আমি জানি না, প্রধানমন্ত্রী, কে আপনাকে বুদ্ধি দিল, এটা তো রাজনীতি না। বিদ্রোহের মোকাবিলা তো বিদ্রোহ দিয়েই করতে হবে। রাজনীতি সব জায়গায় চলে না। (অফিসাররা সমন্বরে সমর্থন দিয়ে ওঠেন)। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সর্বোচ্চ আসনে থেকে যদি কাউকে সাহায্য করতে না পারেন, তাহলে সেই ইনস্টিটিউশনের কোনো দরকার নেই। আমাদের প্রতি তাদের আক্রোশ ছিল, সেনা অফিসারদের প্রতি বিদ্বেষ কারা ছড়িয়েছে? রাজনীতিবিদেরা। তারা সংসদে বলে, আইএমএফকে ডেকে কি হচ্ছে? আইএমএফ মানে ইয়াজউদ্দিন, মইনউদ্দিন ও ফখরুদ্দীন। অথচ ওই সময় এই তিনজন না থাকলে দেশের যে কী হতো! সেনাবাহিনী, বিডিআর যদি সহযোগিতা না করত, তাহলে ওয়ান-ইলেভেনের পর কী হতো? আপনার সংসদ সদস্যদের যত বিদ্বেষ সেনাবাহিনীর অফিসারদের ওপর। আমরা কী দোষ করেছি? আপনি কী সুযোগ-সুবিধা দিয়েছেন আমাদের জন্য? একটা একটা করে বলেন। কী এমন সুযোগ-সুবিধা আমাদের দিচ্ছেন যে সংসদ সদস্যদের এত অন্তর্জ্বালা সেনাবাহিনীর ওপর? আমরা কি পরদেশ থেকে এসেছি? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পাশে যারা থাকে, তারা আপনাকে জানায় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, ২২ তারিখে নিশ্চিত করা হয়েছে যে আপনি ২৬ তারিখের ডিনারে আসবেন না। আপনার পরিবর্তে আসবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে আপনার স্টাফরা কনফার্ম করেনি, দেরি করেছে। মহাপরিচালক আপনাকে দাওয়াত দিয়েছেন ২৩ তারিখে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি দুই বছরের বেশি সময় ধরে পিলখানায় চাকরি করছি। যারা বিদ্রোহ করেছে, তাদের কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের। যারা পরে যোগ দিয়েছে বিভিন্ন ইউনিট থেকে, তারাই বিদ্রোহের প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল। তাদের কারা উসকানি দিয়েছে? শুনেছি, নিউমার্কেটের ওদিকে লোকজন মিছিল করছিল বিডিআরের পক্ষে। আমি জানতে চাই, ওই সিভিল জনগণ কারা ছিল? কার এত বিদ্বেষ আমাদের প্রতি, সেটা বের করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী। এখন তারা সেনাবাহিনীকে বিভক্ত করার ষড়যন্ত্র শুরু করেছে। তারা কারা? এটা আপনাকে বের করতে হবে। আপনার আশপাশে যারা আছে, তাদের কথা আপনি বিশ্বাস করবেন না। আপনার পেছনে যারা গার্ড আছে, তারাই যে আপনাকে মারবে না, তার নিশ্চয়তা কী? তারাই মেরেছে, যারা আমাদের কাছে ছিল। কাউকে বিশ্বাস করবেন না।মাননীয় প্রধানমন্ত্রী, কিছু অফিসার বের হলো দরবার হল থেকে। শেষ গ্রুপে আমরা মহাপরিচালককে নিয়ে যখন বের হয়ে এলাম, আমাদের সৈনিকেরা বলল, আপনাদের মারব না। আপনারা ওপরে হাত তুলে যান। আমরা মহাপরিচালকেরা মাঝখান দিয়ে যখন এগোচ্ছি, তখন ওরা চিত্কার দিয়ে বলল, ‘এই শুয়োরের বাচ্চারা, তোরা সারা জীবন আমাদের সিঙ্গেল লাইন করিয়েছিস, এখন তোরা সিঙ্গেল লাইনে যা।’ তারপর বলল, ‘স্যার, আপনাদের মারব না।’ তারা আমাদের মোবাইলসহ সব নিয়ে নিল। হাঁটতে হাঁটতে আমরা ১২ জন অফিসার পেছনের গেট দিয়ে যখন বের হতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী, মহাপরিচালক যখনই গেটে পা দিয়েছেন, তখনই চারজন এসে তাঁকে চারটা গুলি করল (এটা বলে চিত্কার করে কাঁদতে থাকেন ঘটনা বর্ণনাকারী অফিসার)। উনি সঙ্গে সঙ্গে ওখানে পড়ে গেলেন। আমরা সবাই যখন এগিয়ে গেলাম, তখন ওরা চিত্কার করে বলল—‘এই শুয়োরের বাচ্চারা, তোরা আগাবি না, তোদেরকেও মেরে ফেলব। তখন কে কোন দিক দিয়ে গুলি শুরু করল। আমি গুলি খেয়ে পড়ে গেলাম। কোনোমতে দৌড়ে বাথরুমে চলে গেলাম। তারা তখন বাথরুম থেকে আমাকে ধরে বের করে নিয়ে গেল।’ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সেনাবাহিনী পাঠাতেন, ওদের এত সাহস ছিল না। বেলা একটা পর্যন্ত ওদের কোনো নেতৃত্ব ছিল না। যে যেভাবে পারছিল নিজের মতো করে হামলা করছিল। সেনাবাহিনী না পাঠানোর রাজনৈতিক সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল হয়েছে, প্রধানমন্ত্রী। আপনারা কিছুই করলেন না। আমার এত বড় সেনাবাহিনী কী কাজে লাগল!’আরেকজন সেনা কর্মকর্তা: মাননীয় প্রধানমন্ত্রী, একজন সেকেন্ড লেফটেন্যান্টকে জিজ্ঞেস করেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোন কোন ব্রিগেডিয়ার জেনারেলের চাকরি যাবে, সে বলে দিতে পারবে। আবার বিএনপি ক্ষমতায় এলে কোন কোন জেনারেলের চাকরি চলে যাবে, তাও বলে দিতে পারবে। এটা কেন? এই জেনারেলরা প্রমোশন বোর্ডে বসে যাদের আনফিট ঘোষণা করেছিল, দুই বছরের মধ্যে তারা প্রমোশন পেয়ে লে. কর্নেল থেকে কর্নেল, তারপর ব্রিগেডিয়ার হয়ে গেল। দুই বছরের মধ্যে তারা কী এমন করল? আপনারা রজানীতিবিদেরাই এ জন্য দায়ী। আমরা যখন জিজ্ঞেস করি, স্যার, প্রমোশন কেন হলো না, বলেন সমস্যা আছে। আরে সমস্যা কিসের? একটা নিয়ম বানান, যে নিয়মে আমরা সবাই জানব, কে প্রমোশন পাচ্ছে। এখন দেখেন, আপনাদের সামরিক উপদেষ্টা—আমরা শুনতে পারছি, তিনি যাকে সুপারিশ করবেন, তারই প্রমোশন হবে। তাহলে ওনাকে এনে মিলিটারি প্রধান বানিয়ে দেন। তিনি যদি বলেন, অমুক জেনারেল ওখানে যাবেন, অমুক ব্রিগেডিয়ার ওখানে যাবেন, তাহলে সেটা কেমন হলো? আমার প্রশ্ন, সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের গন্ধ, বিএনপির গন্ধ থাকবে কেন? পলিটিশিয়ানদের নির্দেশে আমাদের প্রমোশন হবে কেন?উনি শুনলেন ওনার চাকরি নেই। তার কারণ, উনি শেখ রেহানার দেবর, আওয়ামী লীগপন্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রশ্ন, কেন এমন হবে? আমাদের সেনাবাহিনী কী আওয়ামী লীগ আর বিএনপি? আমি এএসডিতে চাকরি করেছি, ডিজিএফআইয়ে চাকরি করেছি; যেখানে অফিসারদের ক্লিয়ারেন্স দেওয়া হতো। বলা হতো, ‘ওই অফিসারের মামাতো ভাইয়ের চাচাতো বোনের ছেলে বিএনপি করে। এ জন্য অফিসার ইজ নট ক্লিয়ারড।’ আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে, তখন ওই অফিসারই সিকিউরিটি ক্লিয়ারড। তখন আবার আসেন আরেক অফিসার। বলা হয়, তার শ্বশুরের বোনের ভাই আওয়ামী লীগ করে; সেজন্য সে নট ক্লিয়ারড। এটা কেমন কথা?মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি একটি কারণে—ওই রাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যতগুলো পরিবারকে উদ্ধার করেছিলেন, তার মধ্যে আমার পরিবারও ছিল। আপনার তিনজন মন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছিলেন... (অফিসারদের হট্টগোল)।কামরুজ্জামান: ...আমাকে বলতে দাও। যে যতটুকু ভালো কাজ করেছে তাদের কথা বলতে হবে। আমি ভেতরে ছিলাম। এমপি গোলাম রেজা; উনি ভেতরে গিয়েছিলেন। ভেতরে যাওয়ার পর উনি আমাদের নাম নিয়ে ওনাদের (বিদ্রোহী) সঙ্গে নেগোসিয়েশন করে প্রথম যে ১০ জনকে বের করেছিলেন, তাদের মধ্যে আমি ছিলাম। ওই সময় রেজা সাহেব আমাকে বলেছিলেন, জামান সাহেব, আপনি একমাত্র অফিসার যে এই সময় বের হচ্ছেন। দেশের বৃহত্তর স্বার্থে মিডিয়ার সঙ্গে আপনি এখন কিছু বলবেন না। কারণ, আপনার একটা কথায় দেশের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। ভেতরে এখনো অনেক অফিসার ও ফ্যামিলি আছে। আপনি মিডিয়াকে এমন কিছু বলে দেবেন না, যাতে ঘটনাটা আবার অন্যদিকে মোড় নেয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অনেক বলেছি। যদি আমি অন্যায় কিছু বলে থাকি, আপনার ছেলে মনে করে আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি যে কথাগুলো বলেছি, তা সবার কথা।লেফটেন্যান্ট কর্নেল শাহীন: মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার পয়েন্ট বলার আগে, ইতিপূর্বে অনেকগুলো প্রশ্ন শুনেছি। এসব প্রশ্নের উত্তর শুনে আমি আমার কথা বলব। আমি অফিসারদের বলছি, প্লিজ, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন।প্রধানমন্ত্রী: সেনাবাহিনী ডেপ্লয় (মোতায়েন) করা হয়নি বলে যা বলা হচ্ছে, সেটা ঠিক নয়। আমাকে আমার সামরিক উপদেষ্টা ফোন করে ঘটনা জানানোর সঙ্গে সঙ্গে আমি জেনারেল মইনের সঙ্গে কথা বললাম। আমি তাকে বললাম, ‘ইমিডিয়েটলি সেনাবাহিনী পাঠাও।’ আমি তাকে এ-ও বললাম, ‘সেনাবাহিনী আসতে কত সময় লাগবে? যদি দেরি হয়, বিমানবাহিনীকে বল, হেলিকপ্টার নিয়ে...; যাতে ওরা ভয় পায়, কোনো অঘটন না ঘটায়।’ কাজেই আমরা যে পরিস্থিতিটা শুধু রাজনৈতিকভাবে সামাল দিয়েছি, সেটা কিন্তু ঠিক নয়।সেনাবাহিনী পৌঁছতেও তো সময় লেগেছে। প্রায় ১২টার দিকে তারা ওখানে পৌঁছায়। এবং বিডিআরের গুলিতে সেনাবাহিনীর একজন সৈনিক মারাও যায়। এটাও আপনাদের জানা উচিত। দুইজন আহত হয়। একজনের মাথায় গুলি...। তার অবস্থা খুবই খারাপ। কাজেই সেনাবাহিনী যে উদ্ধারে যায়নি, তা ঠিক নয়। বিমানবাহিনী ডাকা হয়। এ বিষয়ে সব সিদ্ধান্ত তিন বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করেই নিয়েছি। কাজেই এ কথাগুলো একেবারেই বিভ্রান্তিমূলক।সেনাবাহিনী, বিমানবাহিনী সেখানে গেছে। পাশাপাশি রাজনৈতিকভাবেও চেষ্টা চলেছে। একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে। এটা না হলে আরও ক্যাজুয়ালটি (ক্ষয়ক্ষতি) হতো। আরও সেনা মারা যেত।আর বিডিআর সদস্যদের পালানোর কথা? আমিও পরে জেনেছি, পাঁচ নম্বর গেটটা নাকি উন্মুক্ত ছিল। কাপড়চোপড় ফেলে অনেকেই ওখান থেকে ভেগে গেছে।(সেনা কর্মকর্তাদের চিত্কার—কেন উন্মুক্ত ছিল?)আর মিছিলের কথা? আমাদের দল থেকে কিন্তু কোনো মিছিল বের করা হয়নি। আমি পুলিশকে ফোন করে বলেছি, আপনারা কেন লোকজনকে গেটের কাছে আসতে দিচ্ছেন? আমি তোমাদের অনুরোধ করব, এসব তো টেলিভিশনে প্রচারিত হয়েছে। তোমরাই দেখ কারা মিছিল করেছে। তাহলেই জবাব পেয়ে যাবে। আর এ সিরিয়াস বিষয় নিয়ে তো সেন্টিমেন্টাল হওয়া উচিত নয়। আমরা দিনরাত না খেয়ে, না নেয়ে...। আর কীভাবে উদ্ধার করব?অনেকে বলছেন, আর্মি অ্যাকশনে গেলেই নাকি সমস্যার সমাধান হতো। কিন্তু তোমরাই জান, সেখানে বহু পরিবার ছিল। তারা এসএমএস করছিল—আঘাত এলে তাদের মেরে ফেলা হবে। এ অবস্থা আমাদের বিবেচনা করতে হয়েছে। তদন্ত হলেই মূল বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আমি বলছি, ঘটনার মূল জায়গা থেকে সরিয়ে আনার জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। (চিত্কার—‘নো, নো—মোটেই না’)। আমি বলছি, তদন্ত হতে দিন এবং আপনাদের কাছে তথ্য থাকলে তা দিয়ে সাহায্য করুন। আমি তো বলেছিই, যে-ই দোষী হোক, তার বিচার হবে। সে আমার দলের হলেও আমি ছাড়ব না। (করতালি ও হর্ষধ্বনি)এ ঘটনাকে ছোট করে দেখার উপায় নেই। এটি একটি বিরাট ষড়যন্ত্র। আর জামান যেটা বলেছেন—আপনাদেরও ধৈর্য ধরতে হবে। তদন্ত করে বের করতে হবে—কারা এর পেছনে, কারা উত্সাহ দিয়েছে? কিন্তু এতে আপনাদের সহযোগিতা লাগবে। এ একটা বলবে, ও একটা বলবে—এসব নিয়ে উত্তেজিত হলে চলবে না। আর কে বলবেন?সেনা কর্মকর্তা: মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ডিসিপ্লিন ফোর্স। আমাদের দাবি, তাদের (বিদ্রোহীদের বিচার জনসম্মুখে করতে হবে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব—এদের দিয়ে দ্রুত তাদের ধরে আনতে হবে। অপারেশন রেবেল হান্ট করে গ্রেপ্তার করতে হবে। সবার সামনে তাদের বিচার করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের আকুল আবেদন—আপনি এখান থেকে আদেশ দিয়ে দিন, অপারেশন রেবেল হান্ট শুরু হোক।আমরা এক-এক করে এমনভাবে তাদের খুঁজে বের করতে চাই, ভবিষ্যতে কেউ যাতে বিদ্রোহ করার সাহস না পায়। প্রধানমন্ত্রী: দেখুন, ইতিমধ্যে কিন্তু আমরা এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। (চিত্কার—‘নো, নো’)সেনা কর্মকর্তা: মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মা। আজ প্রতিনক্ষা মন্ত্রী—আপনার আদেশ আমরা চাচ্ছি। এটাই এখন আমাদের একমাত্র আরজ।প্রধানমন্ত্রী: শুনুন, ডিফেন্সের একটা নিয়ম থাকে। আমরা তাদের আত্মসমর্পণের জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এই চব্বিশ ঘণ্টা পার হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান শুরু হয়ে যাবে। এই সময়টা দিতে হয়। আপনারাও ডিসিপ্লিন ফোর্স—এটা মনে রাখতে হবে। রেডিও, টেলিভিশনে ২৪ ঘণ্টা সময় দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে। তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়ে অফিসিয়াল অর্ডার (আদেশ) দেওয়া হবে। কিন্তু ২৪ ঘণ্টা পার হতে দিতে হবে।সেনা কর্মকর্তা: মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের বক্তব্য বুঝতে পেরেছেন। আমাদের রিকয়্যারমেন্ট (চাওয়া) হলো, আজই আমরা আদেশ চাচ্ছি। আমরা যুদ্ধ করি। যুদ্ধে প্রথম দরকার ইন্টেলিজেন্স। এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমাদের এসবি, এনএসআই, ডিজিএফআই—এরা কি করল? এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারা কেউ জানল না? তাহলে কি তারা ঠিকমতো কাজ করছে না? নাকি তারা তথ্য জানানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি? মাননীয় প্রধানমন্ত্রী, আমার বক্তব্য হলো, যদি তারা জানিয়ে থাকে, তাহলে কেন ব্যবস্থা নেওয়া হলো না? তাহলে তাদেরও এর জন্য দায়ী করা হোক।প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের সব কথা শুনলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। কী ব্যবস্থা নেওয়া হবে তা আপনাদের জানানো হবে। কোনো কিছুই আড়াল করা হবে না। প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, আপনার সুরা এখলাস ও দরুদ পড়ুন। উপস্থিত সেনা কর্মকর্তারা এসব পড়ার পর প্রধানমন্ত্রী নিজেই মোনাজাত করার জন্য হাত তোলেন। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিন ঘণ্টার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যান।