জয়পুরহাটের আবদুস সাত্তারই কিডনি ব্যবসার দালাল চক্রের প্রধান বলে দাবি করেছেন আরেক দালাল তারেক আজিম ওরফে বাবুল চৌধুরী। সাত্তার ঢাকায় বসে কিডনি কেনাবেচার কয়েকটি দালাল চক্রকে নিয়ন্ত্রণ করতেন বলেও জানান তিনি। গতকাল শনিবার সকালে জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে তারেককে সাংবাদিকদের মুখোমুখি করা হয়। এ সময় তারেক ওই দাবি করেন। তারেক বলেন, কিডনি বিক্রি নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হওয়ায় একপর্যায়ে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার আগেই ডিবি পুলিশ গত বৃহস্পতিবার রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাঁকে আটক করে।শুক্রবার রাতে ঢাকা থেকে কালাই থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তারেক একই দাবি করেন। তারেক পুলিশকে বলেন, সাত্তারের জিদ আর চাপে পড়েই এত দিন তিনি শুধু কিডনির ক্রেতা রোগীদের সন্ধান ও রোগীদের সঙ্গে তাঁর (সাত্তার) যোগাযোগ করিয়ে দিতেন। কিডনি কেনাবেচার মূল কাজ করতেন সাত্তার নিজেই। তারেকের স্বীকারোক্তি অনুযায়ী, গ্রামের অভাবী লোকজনকে নানা প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যেতেন সাত্তার। এরপর রোগীর সঙ্গে দরদাম থেকে শুরু করে টাকা গ্রহণ—সবকিছুই করতেন সাত্তার নিজে। এ সুযোগে কিডনি বিক্রির অর্ধেক টাকা সাত্তার নিজের কাছে রেখে অবশিষ্ট টাকা কিডনিদাতার হাতে দিতেন। সাত্তার ও তাঁর অধীনে কিছু স্থানীয় দালালও অভাবী কিডনিদাতা সংগ্রহের কাজ করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারেক জানান, ২০০৬ সালে কানাডাপ্রবাসী মামাতো ভাইয়ের কিডনির প্রয়োজনে পত্রিকায় বিজ্ঞাপনে দেওয়া মুঠোফোনের সূত্র ধরে কালাইয়ের আবদুস সাত্তার তাঁর সঙ্গে যোগাযোগ করেন।কিডনি কেনাবেচা অপরাধ—এটা না বুঝেই এত দিন রোগীর সঙ্গে সাত্তারের যোগাযোগ করিয়ে দিয়েছেন বলেও তারেক দাবি করেন। এ কাজে রোগীপক্ষ খুশি হয়ে তাঁকে (তারেক) ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সম্মানী দিত।তবে সাত্তার পুলিশের কাছে এবং শুক্রবার জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহাঙ্গীর আলমের আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কিডনি ব্যবসার দালাল চক্রের প্রধান হিসেবে তারেকের নাম উল্লেখ করেছিলেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে সাত্তারকে ওই দিনই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এ চক্রের অপর দুই সদস্য গোলাম মোস্তফা ও আবদুল করিম ফোরকানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম প্রথম আলোকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে গোলাম মোস্তফাও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।’ এর আগে বাগেরহাটের সাইফুল ইসলাম দাউদও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কিডনি কেনাবেচার চক্রের হোতা হিসেবে তারেক ও সাত্তারের নাম উল্লেখ করেন।কালাই থানার ওসি মো. ফজলুল করিম প্রথম আলোকে বলেন, তারেক আদালতে অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে তাঁকে আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে না। আজ রোববার আদালতে হাজির করে তারেকের জবানবন্দি গ্রহণ করার জন্য আবেদন জানানো হবে।জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে চিকি ৎ সক, ক্লিনিক বা যারাই জড়িত থাক, তদন্তে প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালী অফিস জানায়, কিডনি ব্যবসার দালাল চক্রের মূল হোতা তারেক আজিমের আয়ের উ ৎ স নিয়ে সন্দেহ ছিল তাঁর প্রতিবেশীদেরও। গত শুক্রবার দুপুরে তারেকের নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ছোট হোসেনপুর গ্রামে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।তারেকের প্রতিবেশী মো. মনির বলেন, ‘অল্প দিনে তারেক অনেক টাকা কামাইছে। এলাকায় জমি কিনছে। ঢাকায় নাকি দুইটা গার্মেন্টস দিছে। অপকর্ম না করলে এত টাকা আয় কেমনে করে?’ আরও কয়েকজন জানান, নির্দিষ্ট আয়ের উ ৎ স না থাকলেও পাঁচ-সাত বছরের মধ্যে তারেকদের পরিবারের অবস্থা পরিবর্তন হতে দেখা যায়। শুক্রবার দুপুর দুইটার দিকে তারেকদের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর মা ও ছোট বোন ছাড়া বাড়িতে কেউ নেই। বাড়িতে তিনতলা ভিত্তির একটি ভবন তৈরির কাজ চলছে।পুরোনো টিনের ঘরের সামনে দাঁড়িয়ে থাকা এক নারীকে তারেক আজিম সম্পর্কে জিজ্ঞেস করতেই তিনি সাংবাদিক পরিচয় পেয়ে খেপে যান। বলেন, ‘আমার বড় ভাইকে ষড়যন্ত্র করে মিথ্যা ঘটনা সাজিয়ে হয়রানি করছে। আমাদের পরিবারকে হেস্তনেস্ত করার জন্যই এসব করা হচ্ছে।’ একইভাবে তারেকের মাও ছেলেকে নির্দোষ দাবি করেন।