আমি নাকি মায়ের মতো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই বলে, আমি নাকি আমার মায়ের চেহারা পেয়েছি। আমি আয়নায় দেখি কিন্তু তেমন কোনো মিল পাই না। মাকে যখন একই কথা বলা হতো, তিনি তাঁর উত্তরে বলতেন, ‘কই, আমি তো মিল পাই না। ও ওর মতো।’ আমার একটু খারাপ লাগত, কিন্তু কথাটা নিয়ে মাথা ঘামাতাম না—মা আমার এমনই—যা মনে আসে তা-ই বলে ফেলেন, কে কী মনে করল তোয়াক্কা করেন না।মায়ের আগের ছবিগুলো দেখে হঠাৎ আঁতকে উঠি। আসলেই তো! অনেক ছবিতে মনে হচ্ছে এটা মা না, এটা আমি। মনে মনে খুশি হই কিন্তু প্রকাশ করি না। এখানেই বোধহয় আমাদের মিলের জায়গাটা সীমাবদ্ধ, অন্তত এটাই আমার ধারণা। আমাকে যখন কেউ বলে, ‘তুমি মায়ের নামটা রেখেছ’ অথবা ‘মায়ের মতো গুণী’, আমার বেশ লজ্জা লাগে। একটা বিশাল পাহাড়ের সঙ্গে ছোট চা-বাগানের টিলার তুলনা করার মতোই হাস্যকর ব্যাপারটা। ১৪ বছর বয়সে সেই কার্ল মার্ক্সের কমিউনিস্ট ম্যানিফেস্টো (Communist Manifesto) পড়া মেয়ে, ১৮ বছরে বাংলা একাডেমী পুরস্কার পাওয়া বটতলার উপন্যাস লেখা সেই মেয়ে, ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া মেয়ে, স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতে বিলেতে যাওয়া সেই মেধাবী ছাত্রী—তাঁর সঙ্গে আমাকে কীভাবে তুলনা করে কেউ?আমার মায়ের সবকিছুতে ছিল এক ধরনের নতুনত্বের চমক। শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের বিস্মিত করতেন তাঁর পরিষ্কার, আকর্ষণীয় কণ্ঠ আর ব্যতিক্রমী পড়ানো দিয়ে। গতানুগতিক যেকোনো কিছুই খুব অপ্রিয়। কৈশোরে বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হওয়া, রবীন্দ্রনাথের কাজ গভীরভাবে গবেষণা করা, মঞ্চে অভিনয় করা (সে সময় সমাজে এই কাজকে কটু দৃষ্টিতে দেখা হতো) আধুনিক থিমে ছোটগল্প, উপন্যাস, নাটিকা ও কলাম লেখা, ইংরেজি ও বাংলা দুটো ভাষায় সাবলীল লেখা ও বলা, অনায়াস তাৎক্ষণিকভাবে বক্তব্য দেওয়া, কবিতা লেখা—তাঁর কাজের যেন শেষ নেই। ব্যক্তিত্ব হিসেবে ছিলেন অসাধারণ। যদিও কোনো দিন নারীবাদী হিসেবে নিজেকে পরিচয় দিতেন না, নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য তাঁর কাছে ছিল অগ্রহণযোগ্য।ছোটবেলা থেকেই দেখে এসেছি, মা কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছাড়া আরও কত কর্মকাণ্ডে ব্যস্ত থাকতেন তার হিসাব নেই। দেশের বাইরে অসংখ্য সাহিত্যবিষয়ক সেমিনারে অংশ নেওয়া, টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়া, বিতর্ক প্রতিযোগিতার বিচারক হাওয়া—তাঁর এ সবকিছু ছিল আমাদের কাছে খুব সাধারণ ব্যাপার। মা সব সময় ছিলেন খুব স্বাধীনচেতা, সামাজিক প্রথা আর প্রচলিত ধ্যান-ধারণার প্রতি ছিলেন বেশ উদাসীন। সে জন্যই বোধহয় আমার বাবার মতো অনন্য সাধারণ মানুষকে তাঁর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। মায়ের কাজে অনুপ্রেরণা দেওয়া, তাঁর ইচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়া, তাঁর অসুস্থতায় যত্ন নেওয়া—এগুলো বাবা করেছেন একাগ্রচিত্তে।মা নিজের সাফল্যের ব্যাপারে খুব কম বলতেন। কোনো পুরস্কার পেলে আমাদের সরাসরি কখনোই বলতেন না। বড় জোর বলতেন, ‘আজকে ওরা কী যেন দেবে আমাকে, তোমরা আসতে চাইলে আসতে পারো।’ এসব অনুষ্ঠানে যখন মা দর্শককে মুগ্ধ করছেন তাঁর বক্তব্য দিয়ে, আমি বিস্মিত হয়ে তাকিয়ে থাকতাম। যেখানে আমার কোনো সমাবেশে কথা বলতে হাত-পা কাঁপে, সেখানে আমার মায়ের কাছে এসব বক্তব্য দেওয়া ছিল সবচেয়ে সহজ কাজ। এখন মা আমার অনেক দূরে চলে গেছেন। তাই খণ্ড খণ্ড স্মৃতি ভেসে ওঠে। কনকনে বিলেতি শীতে আমি আর মা যাচ্ছি আমার দাঁতের ডাক্তার দেখাতে। ফেরার পথে St Paul’s Cathedral-এ একটা Sale থেকে তিন পাউন্ড দিয়ে এক ব্যাগভর্তি নানা রঙের মালা কিনে ফেললেন। পরে আমাকে একটা রেস্তোরাঁয় নিয়ে বার্গার খাওয়ালেন। হঠাৎ মনে হলো—মা খাচ্ছেন না কেন? ‘খিদে নেই’ বলেন মা। অনেক দিন পরে মনে হলো, সেদিন হয়তো তাঁর কাছে দুজনের খাবারের টাকা ছিল না কিন্তু আমার খাওয়ার আগ্রহ দেখে বেশ আনন্দ পাচ্ছিলেন। আমি যখন ১১-১২ বছর বয়স, তখন আমাকে একদিন জিজ্ঞেস করলেন, ‘তোমার কোথায় যেতে ইচ্ছা করে?’ আমি এক নিঃশ্বাসে বললাম, ‘ডিজনিল্যান্ড’। তিনি বললেন, ‘আমি তোমাকে কথা দিচ্ছি কিছুদিনের মধ্যেই সেখানে নিয়ে যাব।’ ঠিকই কিছুদিন পর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক আমন্ত্রণ পেলেন। আমাকে নিয়ে গেলেন এবং সেই ডিজনিল্যান্ড দেখিয়ে ছাড়লেন। মা তাঁর ছোটবেলার কথা বললে মাঝেমধ্যে তাঁর জন্য খুব মায়া হতো। তিন বছর বয়সে তাঁর মাকে হারান। তাঁর বাবা (তমিজ উদ্দীন খান) অত্যন্ত সরল এবং সৎ মানুষ, কিন্তু রাজনীতিবিদ বলে মেয়েকে খুব একটা সময় দিতে পারতেন না। বড় বোনদের খুব ছোটবেলায় বিয়ে হয়ে যায়। একা একা মা আমার বইয়ের ভেতর ডুবে যান। আমি তখন অনেক ছোট, চার-পাঁচ বছর। বারান্দায় দুপুরবেলায় মায়ের কোলে বসে একটার পর একটা গল্প শুনতাম। একটা শেষ হতে না হতেই বলতাম, ‘আম্মু, আরেকটা গল্প বলো না।’ সাদা গোলাপ, পরি, রাজকন্যা, রাজকুমার—এসব নিয়ে তাঁর গল্প। মা খুব ফুল ভালোবাসতেন আর ভালোবাসতেন ভূতের গল্প। অলৌকিক বিষয়ের প্রতি তাঁর খুব আগ্রহ। ধার্মিক ছিলেন, তবে কোনো দিন আমাদের জোরাজুরি করেননি ধর্ম পালন করতে। আমার মা যে অন্য মায়েদের মতো ছিলেন না, সেটা বুঝতাম যখন পড়ার টেবিল থেকে জোর করে উঠিয়ে দিয়ে বলতেন, ‘আর কত পড়বে? এবার বন্ধ করো। বাগান থেকে ঘুরে আসো।’ শেষের দিনগুলো মায়ের কেটেছে খুব কষ্টে। দুইবার পা ভেঙে অস্ত্রোপচারের পর তিনি একেবারে ঘরকুনো হয়ে গেলেন, নানা রোগে ভুগতেন। জীবন তাঁর কাছে অর্থহীন হয়ে পড়েছিল। নিজের এত অসহায় অবস্থা কারও সামনে দেখাতে চাইতেন না, তাই কারও সঙ্গে বেশি যোগাযোগ ছিল না। মা আমার বড় অভিমানী। ছোট ছোট জিনিস নিয়ে রাগ করে বসে থাকতেন। বাচ্চাদের মতো। কিন্তু বেশি অভিমান ছিল প্রকাশকদের নিয়ে। তাঁর ধারণা ছিল, তাঁর কাজের সঠিক মূল্যায়ন কখনোই করা হয়নি। প্রতিদিনের অতিরিক্ত ব্যস্ততা, কাজ, সংসার ইত্যাদির কারণে সপ্তাহে একবারের বেশি যাওয়া হয়নি মাকে দেখতে। আমার মেয়েকে নিয়ে মা অবশ্য খুবই আনন্দিত ছিলেন। এই একটা জিনিস—তাঁর নাতনির সঙ্গে সময় কাটানো তাঁকে পুলকিত করে তুলত। এখন মনে হয়, কেন যে আরেকটু সময় কাটালাম না মায়ের সঙ্গে! শেষ পর্যন্ত মা আমাদের সবার ওপর অভিমান করে ফাঁকি দিয়ে চলে গেলেন আমাদের বুকে অদ্ভুত এক শূন্যতা রেখে। এখন বুঝি আমার সাংবাদিকতায় আসা, লেখালেখি করার ইচ্ছাটা, বেগুনি রং ভালো লাগা, এমনকি একটুতেই মনে মনে রাগ করাটাও মায়ের প্রভাবে হয়েছে। আয়নায় আমি আবার তাকাই—হ্যাঁ, কিছুটা তো মিল আছেই। মায়ের এই ছাপ নিজের মুখে দেখে কিছুটা সান্ত্বনা পাই। আশা মেহরীন আমিন: সম্পাদক, স্টার ম্যাগাজিন, দ্য ডেইলি স্টার