দুয়ারে বিশ্বকাপ। ঘর থেকে দুপা বের হলেই বিশ্বকাপের আঁচ লাগছে গায়ে। আর ঘর থেকে বের হওয়ারই দরকার কী; টেলিভিশনটা চালান। অনুষ্ঠান, টক শো, বিজ্ঞাপন—সবকিছুতেই তো বিশ্বকাপের ছোঁয়া! দেশের মাটিতে এই বিশ্বকাপের প্রত্যক্ষ অংশীদার হতে পারছি না বলে আমার দুঃখ আছে। তবে মনকে এই বলে সান্ব্তনা দিই, ব্যক্তির চেয়ে দল তো সব সময়ই বড়।আমার ইনজুরি, দল থেকে বাদ পড়া নিয়ে এখনো অনেক কথা হচ্ছে। এখানে একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই, আমি কিন্তু ধরেই নিয়েছি যে আমি বিশ্বকাপ খেলব না। আমি না থাকলেও দলে আর যারা আছে তারা বিশ্বকাপে ভালো খেলবে, এটাই আমার আশা। শুধু আশা নয়, বিশ্বাসও। বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে দেশের মানুষ যে আশার ভেলা ভাসিয়েছে, আমিও তার একজন যাত্রী। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, ক্রিকেটাররা আমাদের নিরাশ করবে না। তবে হ্যাঁ, বিশ্বকাপে আমি একেবারেই নেই, তা নয়। যেহেতু স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে আছি, আমার কাজ হচ্ছে নিজেকে ফিট রাখা। কোচ বা টিম ম্যানেজমেন্ট যদি কখনো মনে করে আমাকে দলে প্রয়োজন, আমিও যেন নিজেকে উজাড় করে দিতে পারি।তবে শেষ পর্যন্ত যদি আমার খেলা না-ই হয়, তার মানে এই নয় যে বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে না। বিশ্বকাপের জন্য দলের যা প্রস্তুতি, সবকিছু ঠিকভাবে এগোচ্ছে বলেই জানি। এখন শুধু মাঠে নেমে খেলার অপেক্ষা।আমি নেই তো কী হয়েছে! আমাকে ছাড়াও যে বাংলাদেশ দলের ভালো করার সামর্থ্য আছে, সেটা তো গত নিউজিল্যান্ড সিরিজেই প্রমাণিত। ইনজুরিতে পড়ে প্রথম ম্যাচেই আমি সিরিজ থেকে ছিটকে যাই। ওই সিরিজটাই বাংলাদেশ জিতল ৪-০তে! সেই সিরিজে দুর্দান্ত বল করেছিল শফিউল। রুবেলের কথাও আলাদা করে বলতে হয়। শেষ ম্যাচে ব্যাটসম্যানদের করা ১৭৪ রানটা তো ওর কারণেই জয়ের জন্য যথেষ্ট হয়ে গেল। পরিস্থিতির দাবি মিটিয়ে রুবেল যে বল করেছিল সেদিন, সেটার প্রশংসা না করে উপায় নেই। কাজেই, আমি ছাড়াও দলে যে তিনজন পেসার আছে, তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন করার সুযোগই নেই। তাদের প্রত্যেকের ওপরই আমার বিশ্বাস আছে, তারা হয়তো আমার চেয়েও ভালো খেলবে। আমার অভাব যদি সত্যি সত্যি দলে কখনো অনুভূত হয়, সেটা পুষিয়ে দেবে। বিশ্বকাপ খেলতে পারছি না বলে আমার আফসোস থাকতে পারে, কিন্তু দলের মধ্যে আমি কোনো ঘাটতি দেখি না। আর আমি তো ইনজুরির কারণে দলের বাইরে...এখানে কারোরই কিছু করার নেই।শফিউল অল্প বয়সেই অনেক পরিণত বোলার। জাতীয় দলে আসার পর থেকেই ও ভালো বল করছে। সবচেয়ে বড় কথা, উইকেট নেওয়ার সামর্থ্য আছে ওর। এটা যেকোনো বোলারের জন্যই বাড়তি যোগ্যতা। নিজেদের কন্ডিশনে আমরা স্পিন বোলিংটাকে মূল শক্তি মানলেও, আমি বলব, ভাগ্য সহায় হলে বিশ্বকাপে শফিউল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ও ভালো শুরু এনে দিতে পারলে স্পিনারদের কাজটা সহজ হবে। শফিউলের কাছ থেকে আমার সেটাই আশা। ও যে ধরনের বোলার, তাতে যেকোনো সময় প্রতিপক্ষের বিপদের কারণ হয়ে ওঠা ওর জন্য অসম্ভব নয়।আমাদের পেসারদের মধ্যে গতির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রুবেল হোসেন। লাইন-লেংথ ঠিক রাখতে পারলে অসাধারণ বোলার সে। নিউজিল্যান্ড সিরিজে সেটা সে প্রমাণও করেছে। তবে দুর্ভাগ্যজনকভাবে জিম্বাবুয়ে সিরিজটা খেলা হয়নি রুবেলের। তার পরও আমার মনে হয়, নিউজিল্যান্ড সিরিজে ও-রকম বল করার পর তার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। গত কয়েকটা সিরিজে রুবেল যেভাবে জায়গা বুঝে বল করেছে, আমাদের জন্য যেকোনো সময় ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে সে। আরেক পেসার নাজমুল হোসেনের সবচেয়ে বড় গুণ, ও ধারাবাহিকভাবে একই রকম বল করে যেতে পারে। সে জন্য ওর পারফরম্যান্সেও খুব বেশি ওঠানামা নেই। একই রকম থাকে সব সময়। আমি মনে করি, পুরো ক্যারিয়ারে নাজমুল যেভাবে বল করে এসেছে, বিশ্বকাপেও ওর সেভাবেই বল করার চেষ্টা করা উচিত। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের আটকে রাখার ক্ষমতা আছে ওর। নাজমুল এটা করতে পারলে অন্য বোলারদের উইকেট পেতে সুবিধা হবে। ওয়ানডে এমনিতেই এখন মেরে খেলার নিয়ম; কয়েক ওভার রান করতে না পারলে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা বাকিদের ওপর আরও বেশি চড়াও হতে চাইবে। আমাদের বোলাররা সেটা পুঁজি করতে পারলেই হয়। আমার অবর্তমানে দলের তিন পেসারের মধ্যে নাজমুলই সবচেয়ে অভিজ্ঞ। এই বিশ্বকাপে দলের জন্য তাই অনেক বড় অবদান রাখার সুযোগ ওর সামনে।আমি বলব, অভিজ্ঞতায় সামান্য পিছিয়ে থাকলেও শফিউল-রুবেল-নাজমুলকে নিয়ে আমাদের পেস বোলিং আক্রমণ খুবই ভালো। স্পিন আক্রমণ যতই ভালো হোক, বিশ্বকাপে ভালো কিছু চাইলে নতুন বলেও ভালো শুরু লাগবে। সাকিব-রাজের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে তখন।তবে এই বিশ্বকাপে একটু সতর্ক হয়েই চলতে হবে আমাদের পেসারদের। এখন কিন্তু একটু একটু করে আবহাওয়া বদলাচ্ছে। অসুস্থ হয়ে পড়ার সময় এটা। কাজেই আবহাওয়ার মেজাজ বুঝে চলতে হবে। শরীরের ওপর বাড়তি চাপ নেওয়ার দরকার নেই। যতটুকু প্রয়োজন, নেটে বোলিংয়ে ঠিক যেন ততটুকুই করে সবাই। ইনজুরিমুক্ত থাকতে এটাই উপায়। বিশ্বকাপ অনেক লম্বা সময় ধরে হবে। আর আমাদের লক্ষ্যও আছে অনেক দূর যাওয়ার। কাজেই, ভালো খেলার পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ ও সতেজ থাকতে হবে সবাইকে। দলে ফিজিও আছে; ট্রেনার, বোলিং কোচ—সবই আছে। আশা করি, তারা পেস বোলারদের দিকে বিশেষ দৃষ্টি দেবে। সেই সঙ্গে বোলারদেরও উচিত হবে নিজেদের সমস্যাগুলো নিয়ে তাদের সঙ্গে খোলামেলা কথা বলা। বাংলাদেশ দলে কে খেলছে, কে খেলছে না—এগুলো এখন আর কোনো বিষয় নয়। বিশ্বকাপ একেবারে দোরগোড়ায়। আমাদের সবার উচিত এই দলটাকেই মনেপ্রাণে সমর্থন দেওয়া; সবাই যেন বিশ্বকাপে দলের পাশে থেকে তাদের মঙ্গল কামনা করে। শুধু এই ১৫ জন ক্রিকেটার নয়, বিশ্বকাপটা যেন হয় বাংলাদেশের ১৬ কোটি মানুষের লড়াই। ১৫ জন তো মাঠে খেলবে; মাঠের বাইরে থেকেও আমাদের কাজটা কিন্তু কম নয়। ভালো খেলায় আমরা তো হাততালি দেবই, খারাপ সময়েও যেন আমরা তাদের পাশে থাকি। দুর্ভাগ্যজনক কিছু যদি ঘটেও, মনে রাখতে হবে, বিশ্বকাপই বাংলাদেশের ক্রিকেটের শেষ নয়। ভালো-খারাপ যা-ই হোক, সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে; যদিও আমি আশা করি, নিজেদের দেশে বিশ্বকাপে ভালো কিছুই করবে বাংলাদেশ।