আমি বাংলাদেশকে ভালোবাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামাবাদ। সোহরাব হোসেন পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার। কয়েক দিন আগে এক নৈশভোজে আমন্ত্রিত হয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে গেলে তাঁর সঙ্গে পরিচয় হয় আমার। মালয়েশীয় হাইকমিশনার দাতো আহমেদ আনোয়ার আদনান সোহরাব হোসেনের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন। আমার নাম শুনেই বাংলাদেশের হাইকমিশনার পুরোনো বন্ধুর মতো আমাকে আলিঙ্গন করছেন দেখে অবাক হয়ে যান তিনি।সোহরাব হোসেনের এমনি দ্রুত সাড়া দেখে বিস্মিত হয়েছেন মালয়েশীয় হাইকমিশনার। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনারা কি পূর্বপরিচিত? আমার জবাব ছিল নেতিবাচক। মালয়েশীয় বন্ধুকে সোহরাব হোসেন বললেন, ‘প্রথম আলোর সুবাদে হামিদ মিরকে চিনি আমি।’ তারপর চারদিকে ঘিরে দাঁড়ানো অনেক কূটনীতিকের কাছে প্রথম আলো কী, তার ব্যাখ্যা দিলাম।তুরস্কের রাষ্ট্রদূত বাবর হিজলান আমাকে জিজ্ঞেস করলেন, জং গ্রুপ অব নিউজ পেপারসের (পাকিস্তানের বৃহত্তম মিডিয়া গ্রুপ) জন্য সপ্তাহে দুবার লেখালেখি করে, সপ্তাহে চার দিন জিও টিভিতে টক শোতে অংশ নিয়েও বাংলাদেশি পত্রিকার জন্য লেখার সময় পাই কোথায়? বাংলাদেশ আমার কাছে কেন এত গুরুত্বপূর্ণ, সে ব্যাখ্যা দিতে পাঁচ মিনিট লাগল আমার। বললাম, ‘বাংলাদেশিরা অসাধারণ। সবচেয়ে বড় কথা, তারাই পাকিস্তান আন্দোলনের সূচনা করেছিল, আমাদের পাকিস্তান উপহার দিয়েছে, তারপর পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছে।’ পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও শুনছিলেন আমার কথা। কাছে এসে কানে কানে ফিসফিস করে তিনি বললেন, ‘আপনি জানেন, এটা প্রধানমন্ত্রীর বাসভবন? কী নিয়ে কথা বলছেন, বুঝতে পারছেন তো?’হেসে কণ্ঠের জোর বাড়িয়ে দিলাম আমি। জোরগলায় বললাম, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি, কারণ বাংলাদেশিদের সূচিত আন্দোলনের ফলেই আমি আজ পাকিস্তানি। ওদের ধন্যবাদ জানাতে আমাদের লজ্জা পাওয়া উচিত নয়।’ আমার কথা শুনে অদৃশ্য হয়ে গেলেন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, কিন্তু অন্য অনেক কূটনীতিক আমাকে ঘিরে থাকলেন। এক আরব কূটনীতিক বললেন, এ বছর মার্চ মাসে ঢাকায় ছিলেন তিনি, তখন প্রথম আলো আমার এক নিবন্ধ ছেপেছিল, যেখানে আমি ১৯৭১ সালে বাংলাদেশিদের ওপর আমাদের নিরাপত্তা বাহিনীর চালানো নির্যাতনের জন্য আমাদের অবশ্যই ক্ষমা প্রার্থনা করা উচিত বলে দাবি করেছি। আরব কূটনীতিক বলছিলেন, বহু বাংলাদেশি বন্ধু তাঁর সঙ্গে এই প্রসঙ্গে আলোচনা করেছেন। নিবন্ধটি পাকিস্তানেও প্রকাশিত হয়েছিল, সমালোচনার মুখে পড়তে হয়েছিল আমাকে। বহু পাকিস্তানিই ক্রুদ্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশিরা খুশি হয়েছে।আরব কূটনীতিক ঢাকায় তাঁর বন্ধুদের কাছে হামিদ মিরের জন্য প্রার্থনা করতে বলেছিলেন। কেননা, পাকিস্তান সরকারের কিছু দুষ্ট ব্যক্তি হামিদ মিরের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। দুই মাসের ভেতর কোনো এক গোয়েন্দা সংস্থা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামে, অন্তত ছয়টি পাকিস্তানি টিভি চ্যানেল আমার বিরুদ্ধে প্রচারণা শুরু করে। উপজাতীয় এলাকায় নিহত এক সাবেক গোয়েন্দা কর্মকর্তার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে আমাকে জড়িত করার প্রয়াস পায় তারা। কিন্তু আল্লাহ আমার ওপর রহম করেছেন। বহু অদৃশ্য হাতের প্রভাব সত্ত্বেও ইসলামাবাদ পুলিশ আমার বিরুদ্ধে মামলা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল। কারণ, তারা আগে থেকেই জানত, আমি নির্দোষ। পাকিস্তানের আদালত কখনোই গোয়েন্দা সংস্থাগুলোর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ কানে তোলেননি। লাহোর হাইকোর্ট আমাকে বেকসুর খালাস দেন। আরব কূটনীতিক বলছিলেন, ‘হামিদ মির প্রথম আলোয় সত্যি কথা লিখে এখানে অনেক সমস্যার মোকাবিলা করেছেন।’আরব বন্ধুর সঙ্গে দ্বিমত প্রকাশ করলাম আমি। তাঁকে বললাম, আসলেই প্রথম আলোয় লেখা উপভোগ করি আমি। প্রথম আলোয় কিছু লিখলেই বাংলাদেশের পাঠকদের তরফ থেকে প্রচুর প্রতিক্রিয়া পাই। সারা বিশ্ব থেকে আমাকে বিস্তর ই-মেইল পাঠান তাঁরা, আমি বুঝতে পারি, প্রথম আলোর ব্যাপক আওতা রয়েছে। প্রথম আলোর বাংলাদেশি পাঠকদের পরিপক্ব রাজনৈতিক চিন্তাভাবনা ও উপলব্ধি দেখে আমি বিস্মিত। এটা বলতে পারি, এর সংখ্যাগরিষ্ঠ পাঠকই প্রগতিশীল ও দেশপ্রেমিক বাংলাদেশি, যাঁরা সমতার ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক। আমাকে স্বীকার করতেই হবে, প্রথম আলোর সংখ্যাগরিষ্ঠ পাঠক পাকিস্তানের কাছ থেকে ক্ষমা প্রার্থনা দেখতে চান, যা তাঁদের অধিকার। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বুদ্ধিবৃত্তিকভাবে সৎ। তারা বোঝে, সব পাকিস্তানি ১৯৭১ সালের ঘটনার জন্য দায়ী নয়। পাকিস্তানের নামে একজন সামরিক স্বৈরাচারী শাসক বাংলাদেশিদের ওপর হত্যালীলা চালিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানি এখন তাদের অতীত সামরিক স্বৈরাচারদের অন্যায় কর্মকাণ্ডের জন্য লজ্জিত। আমরা পাকিস্তানিরা এখন বাংলাদেশকে একটি স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে স্বীকার করি। এমন এক দেশের প্রগতি ও সমৃদ্ধির জন্য আমরা প্রার্থনা করি, যেখানে প্রথম আলোর মতো সংবাদপত্রগুলো চরমপন্থা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলনে পরিণত হয়েছে। অন্যান্য দক্ষিণ এশীয় দেশের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের অভিন্ন ভবিষ্যৎ রয়েছে। আমি নিশ্চিত, প্রথম আলো পুরোনো ঐতিহাসিক ভুল বোঝাবুঝির অন্ধকারে আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আমাকে স্বীকার করতেই হবে, প্রথম আলোর পাঠকেরা আমাকে নতুন বাংলাদেশ ও পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের নতুন গতিময়তা বোঝার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। গত মাসে সিন্ধু প্রদেশের বন্যাকবলিত এলাকায় বাংলাদেশের কয়েকজন চিকিৎসকের সঙ্গে পরিচিত হয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। পাকিস্তানের অন্তত ২০ লাখ বন্যা-উপদ্রুত জনগণকে সাহায্য করার লক্ষ্যে বাংলাদেশ এক মিলিয়ন ডলার ব্যয় করেছে। বাংলাদেশি এই চিকিৎসকেরা প্রথম আলোয় প্রকাশিত আমার নিবন্ধ নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশিরা আমাকে ভাই ও বড় মাপের বন্ধু ভাবেন জেনে অনেক খুশি হয়েছি। প্রথম আলোর কল্যাণেই আমি বাংলাদেশি ভাইবোনের ভালোবাসা লাভ করছি। প্রথম আলোর কাছে আমি কৃতজ্ঞ।অনুবাদ: শওকত হোসেন হামিদ মির: নির্বাহী সম্পাদক, জিয়ো টিভি, পাকিস্তান