আমি বাবা-মায়ের কাছে যাচ্ছি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা দিবস, ৯ মে ২০১০। ৭ মে হারিয়ে গেল সূর্যস্নাত উপত্যকার একটি ফুল (সানিডেল)। তার নাম মাহফুজুল করিম নাহিন। নাহিন আজ বোধ করি মায়ের কোলজুড়ে শুয়ে রয়েছে। আজ মা দিবসে প্রথম আলোর পাঠানো ‘মা, তোমার জন্য’ কার্ডগুলো যখন নবম শ্রেণীতে দিতে গেলাম, তখন দেখলাম নাহিনের আসনটি শূন্য। ওর হাতে আর কার্ডটি দেওয়া হলো না। নাহিন যখন পঞ্চম শ্রেণীতে পড়ে, তখন একটি সড়ক দুর্ঘটনায় ওর বাবা-মায়ের অকালমৃত্যু হয়। সেই দুর্ঘটনাস্থলে নাহিনও ছিল। কিন্তু সে প্রাণে বেঁচে যায়। ওরা তিন ভাইবোন। দুই ভাই, এক বোন। এই অনাথ বালকের হূদয়ের গহিনে মা-বাবাকে হারানোর তীব্র বেদনা পুঞ্জীভূত হতে হতে এ কোন অনলে রূপান্তরিত হয়েছে, তা আমরা শিক্ষক হয়ে বুঝতে অপারগ। ও যত দিন বেঁচে ছিল, মাকেই তো খুঁজছিল। মৃত্যুর পর মা-বাবা কোথায় যায়—এই প্রশ্ন হয়তো তাকে তিলে তিলে দগ্ধ করছিল। জ্বলন্ত আগুনে দেহ ভস্ম হলে আমরা তা দেখতে পারি, কিন্তু মন যখন দগ্ধ হয়, তখন কতটুকুই বা আমাদের চোখে পড়ে। আমাদের তৃতীয় চোখটি আমরা কতটুকু কাজে লাগাই হূদয়ের দাহ্য বোঝার জন্য? সবাই তো এই নাগরিক সভ্যতায় ব্যস্ত, আপন কক্ষে আবর্তিত। যাযাবরের সেই অমোঘ বাণী—‘বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ’—মনে পড়ে। তাই আজ অ্যাপার্টমেন্টে বন্দী শিশুদের মাথার ওপর নেই নীল আকাশ, নেই সবুজ প্রান্তর, নেই হূদয়ের কথা বলার বা শোনার জন্য খানিকটা অবসর। রবীন্দ্রনাথের ছিন্নপত্র-এর একটি পত্র স্মর্তব্য, গ্যেটে যেমন চেয়েছিলেন মোর লাইট, রবীন্দ্রনাথ চেয়েছিলেন মোর স্পেস। দূরদর্শী এই দার্শনিক কবিরা আমাদের পথ দেখিয়ে যান; আমরা তার পরও পথ হারাই। নাহিন তার না বলা কথার ভারে ছিল নিমজ্জিত। তার কোনো জায়গা ছিল না। অন্তর্মুখী এই বালক বয়ঃসন্ধিক্ষণে কাউকেই জানাতে পারেনি তার হূদয়ের হাহাকার। বালিশের নিচে গোপনে বাবা-মায়ের ফটোগ্রাফ নিয়ে কেঁদেছে। হয়তো বা কাঁদেওনি। চলে যাওয়ার আগে বন্ধু সৃষ্টিকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। চিরকুটে লিখে গেছে, ‘আমি বাবা-মায়ের কাছে যাচ্ছি...।’ মা দিবসে ও যেন মায়ের কাছেই চলে গেল।আমাদের দুঃখ, আমরা কেন ওদের জীবনবাদী হতে শেখাচ্ছি না। দুঃখকে জয় করার যে মন্ত্র আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছি, তা কেন ছড়িয়ে দিচ্ছি না এই সব কিশোর-কিশোরীর মননে? আমরা বলি, ওদের ‘ওপরে ওঠো এই তো সিঁড়ি’, ‘কটা “এ” পেলে’, ‘প্রথম হয়েছো বাহ’, ‘ভালো ছাত্র হয়ে দেশের মুখ উজ্জ্বল করো’। কই, আমরা তো কখনো বলিনি, ‘আয়, বাবা কাছে আয়। তোর বুকের কোন জায়গাটায় তোর দুঃখ আমায় বল।’ শিক্ষকেরাই তো মা। আমরা এত মা ছিলাম! আমরা কেন ওর সত্যিকারের মা হতে ব্যর্থ হলাম? এই গ্লানি আমরা রাখব কোথায়?রীআ মাহমুদশিক্ষিকা, সানিডেল স্কুল