আমি যা ভাবছি
না বলা কিছু কথাসাম্প্রতিক ঘটনা। বরিশাল থেকে ঢাকায় গিয়েছিলাম চিকিৎসার জন্য। ফেরার সময় আমার স্বামী গাবতলী বাসস্ট্যান্ড থেকে বরিশালগামী বাসে উঠিয়ে দিল। সে ঢাকায় কর্মরত। আমি বরিশালে কর্মরত। আমার দায়িত্ব হচ্ছে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে নেমে রিকশাযোগে বাসায় যাওয়া। রিকশায় ১০ মিনিটের পথ। ও বারবার করে বলেছিল, বাস ভোররাতে বরিশালে পৌঁছাবে। আমি যেন সকাল হওয়া পর্যন্ত বাসস্ট্যান্ডে অপেক্ষা করি। বাস যখন এসে পৌঁছাল তখন ভোর চারটা ২০ মিনিট। এ সময় একা বাসায় যাওয়াটা নিরাপদ নয়। আর বাসায়ও এমন কেউ নেই যে এসে আমাকে বাসস্ট্যান্ড থেকে নিয়ে যাবে। বাসস্ট্যান্ডে দু-একটা চায়ের দোকান খোলা অছে, সেখানেও কিছু পুরুষ যাত্রী বসে আছেন। সম্ভবত তাঁরাও সকাল হওয়ার অপেক্ষায়। আমি একটা বন্ধ রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম। কিছু দূরে মাহেন্দ্র, অটোরিকশা, রিকশা যাত্রীর অপেক্ষায়। একটা ট্রাক এসে থামল রেস্টুরেন্টের সামনে। কয়েক মিনিটের ব্যবধানে দেখি, আমার কাছাকাছি এসে দাঁড়িয়েছে বেশ কিছু পুরুষ মানুষ। কেউ পাঁচ হাত দূরে কেউ বা দশ হাত। একটু লক্ষ করে দেখলাম, সবার দৃষ্টি আমার দিকে। যেন অন্য কোনো গ্রহ থেকে অদ্ভুত কোনো প্রাণী নেমেছে বাসস্ট্যান্ডে। সবাই খুব কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা কেউ ট্রাকচালক, কেউ মাহেন্দ্রচালক। আমার খানিকটা পেছনে দাঁড়িয়ে দুই-তিনজন কথা বলছেন। তাঁদের কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। কারণ তাঁরা এমনভাবে কথা বলছেন যেন আমি শুনতে পাই। একজন বললেন, ‘মহিলারা নাকি সমান অধিকার চায়। পুরুষ লোক তিনডা বিয়া করতে পারলে তাঁরাও নাকি একলগে তিনডা পুরুষের বউ হইতে পারবে।’ আর একজন বললেন, ‘ওরে বাবা, রাস্তাঘাডে তো হাঁডাই যায় না মহিলাগো জ্বালায়, সমান অধিকার পাইলে যে কী করবে...।’আরেকজন বললেন, ‘সমান অধিকার দেলে তো কামাইর সব টাহা নিয়া মহিলাগো হাতে দেওয়া লাগবে।’ আমার তখন খুব ইচ্ছা করছিল পেছন ফিরে বলি, এত বিশ্রী মন্তব্য কেন করছেন আপনারা? এখানে দাঁড়িয়ে যে কথা বলতে পারছেন, সেটা কার জন্য? কার মাধ্যমে এই পৃথিবীতে এসেছেন? আপনাদের মা-বোন, স্ত্রী, মেয়ে তারা সবাই তো মহিলা। তার পরও কেন এত অসম্মান তাদের প্রতি? শুধু নারী বলে কি তারা এতটাই মূল্যহীন? না, বলতে পারিনি আমি। আমি জানি প্রতিবাদ করতে গেলে আরও বিশ্রী কথা এরা শোনাতে পারবে। অসহ্য লাগছিল ওখানে দাঁড়াতে। রেস্টুরেন্টের সামনে থেকে গিয়ে রাস্তার ওপাশে দাঁড়ালাম রিকশার জন্য। আর একটা কথা ভাবছিলাম, সবার আগে দরকার নারীর প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর ব্যবস্থা করা। তারা যেন নারীদের শুধু নারী নয়, মানুষ হিসেবে দেখতে শেখে। আর এ জন্য গণমাধ্যম অনেক বড় ভূমিকা পালন করতে পারে।মেরিনা ইয়াসমিনবরিশালদুই মা-ই প্রিয়যার জন্য এই কথাগুলো লিখছি সে কে হতে পারে? কেউ বলতে পারবে—সে হলো আমার ছোট্ট সোনামণি। আমার নয় মাসের মেয়ে মিহিতা। মে মাসের দ্বিতীয় রোববার ছিল বিশ্ব মা দিবস। প্রতিবছর সারা বিশ্বের মানুষ এ দিনটিতে মাকে কতটা ভালোবাসে, তার জন্য কত কিছু না জানি করে। ২০১০ সালের মে মাসের এ দিনটিতে আমি আমার মাকে নিজের হাতে ছোট্ট একটি উপহার বানিয়ে দিয়েছিলাম। তখন মাকে কিছু দিয়ে তো ভালো লেগেছে ঠিকই কিন্তু মনে ছিল একটা নতুন অনুভূতি। কারণ, তখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম। তাই মনের মধ্যে মা হওয়ার কী আনন্দ তা-ই খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। আর এ বছর আমার আরেক মা (মিহিতা) আমার কোলজুড়ে ছিল। এবারও আমি আমার মাকে উপহার দিয়েছি। আর আমার মেয়ে আমাকে একটা আদর দিয়ে তার ছোট্ট কিন্তু অমূল্য উপহারটি দিয়েছে। এখন ভাবতে ভালো লাগে যে আমিও একজন মা। আমার সবকিছু জুড়ে আছে একটি অস্তিত্ব। আমি যখন যা-ই করি, সবকিছুতেই মেয়ের কথা মনে হয়। এ বছর থেকে বিশ্ব মা দিবসের একজন অংশীদার হয়ে গেছি, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। দোয়া করি, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর সব সময় যেন আমার প্রতিমুহূর্ত নতুন করে বেঁচে থাকার পাথেয় হয়ে থাকে। দুই মা-ই আমার কাছে অনেক প্রিয়। আমি যখন আমার মেয়েকে মা বলে ডাকি, তখন আমার মা খুব হিংসা করেন। আর বলেন, নতুন মা পেয়ে আমি তাঁকে ভুলে গেছি। আমার মেয়ে এই বয়সে এখন অনেক দুষু্বমি করে। সে এখনই গান শুনলে হাত-পা ছুড়তে থাকে, আবার নিজেও অনেক কিছু করার চেষ্টা করে। সবকিছু মিলিয়ে অনেক আনন্দের সঙ্গে আমার দিনগুলো কাটছে। আমার দুই মাকেই আমি প্রতিদিন শুভেচ্ছা জানাই—তোমরা অনেক ভালো থাকো। তোমাদের এই বাঁধন যেন চির অম্লান হয়ে থাকে এই অস্তিত্বের মাঝে সারাটি জীবন। রবীন্দ্রনাথের ভাষায়, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে, তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে’...।নাতাশাতুমি যে কর্মজীবী নারীতোমাকে সবই করতে হবে? না, কোনো ধার করা অভিজ্ঞতা থেকে নয়, নিজের জীবন থেকেই লিখছি। যেহেতু আমি চাকরি করি সেহেতু আমাকে সবকিছু মেনে নিয়েই করতে হবে। চাকরির টাকাটা কোথায় খরচ হয়, সেটা দেখার বিষয় নয়।সকালে ঘুম থেকে উঠে দৌড়াতে হয় ঘড়ির কাঁটার আগে আগে। পেছনে পড়লেই আমার দেরি হয়ে যাবে। সবার জন্য নাশতার ব্যবস্থা, স্বামীর জন্য অফিসের পোশাক তৈরি, বাচ্চার জন্য সারা দিনের খাবার তৈরি করে বুয়াকে সব কাজ বুঝিয়ে দিয়ে তবেই আমাকে বের হতে হবে অফিসে যাওয়ার জন্য। ছেলেদের সঙ্গে ঝুলে ঝুলে ঠিক নয়টার আগেই পৌঁছাতে হবে—অর্ধেক সংখ্যক মেয়ে চাকরি করলেও বাসে সিট মাত্র নয়টা। কোনো কারণে নয়জনের বেশি মহিলা যাত্রী হয়ে গেলে হয় তোমাকে পুরুষের মাঝখানে ভিড়ে দাঁড়িয়ে যেতে হবে, নতুবা নেমে পরের বাসের জন্য অপেক্ষা করতে হবে।অফিসে ঢুকে তো আর স্বস্তি নেই। হাজার ফাইলের মাঝে ঢুকে যাওয়া, কখন যে বিকেল হয়ে যাবে, বুঝতে পারবে না। আমি তো আর ধীরে ধীরে, আস্তে আস্তে কাজ করতে পারি না। পাঁচটার পর আধা ঘণ্টা অতিরিক্ত কাজ থাকলে বাড়ি পৌঁছাতে রাত আটটা বেজে যাবে। যতই কাজ থাকুক, পাঁচটার মধ্যেই শেষ করতে হবে। কাজেই প্রমোশনের সিঁড়িটা নাগালের বাইরেই থেকে যায়।আবারও সেই হাজার লোকের ভিড়ে বাসে ঝুলতে ঝুলতে সাতটার মধ্যে বাড়ি ফিরে বিকেলের জন্য নাশতা বানানো, চা রেডি করা, বাচ্চাটা সারা দিন কী করল তার খোঁজ নেওয়া। কেউ কি এক কাপ চা বানিয়ে দেবে তোমাকে? না, কখনোই না। চা-নাশতাটাও আমাকেই বানাতে হবে। না হলে যে ভালো বউ হওয়া যায় না—ক্লান্তিতে শরীর ডুবে গেলেও হাসিমুখে আবার রান্নাঘরে যেতে হবে রাতের খাবার তৈরি করতে। স্বামী যে অফিস থেকে চলে এল, তার খাবার তো এখনো তৈরি হয়নি? সে কত কষ্ট করে বাসে করে এল? সব রেডি আছে তো? ঘড়ির কাঁটা নয়টায়, সবার খাওয়া শুরু হয়ে গেল। বাচ্চাকে খাওয়াতে বসে কত গল্প—মা খাও, বাবা খাও করতে করতে ১০টা। নিজের খাওয়া তো হয় না। বাচ্চাকে ঘুম পাড়িয়ে টেবিলের সবকিছু গুছিয়ে পরের দিনের টিফিনটাও তৈরি করে নিতে হয়—এই করতে ১১টা।হায়! আজ যে আমার মাথাটাও আঁচড়ানো হলো না। টিভি, সে তো চলছেই সারাক্ষণ। আমি দেখতে পেলাম কি পেলাম না, তার জন্য তো আর সে বসে নেই। গল্পের বই, সে তো শোকেসেই সাজানো আছে, কেউ তোমাকে কখনো বলবে না, তুমি অফিস থেকে কাজ করে বাসায় এসেছ, নাও না এক ঘণ্টা বিশ্রাম। আমরা তোমাকে একটু সাহায্য করব। স্বামী, বেশির ভাগ ক্ষেত্রেই বলবে না ‘বাচ্চাকে আমি খাওয়াই, তুমি টিভির এই নাটকটা দেখো।’ যেহেতু আমি কর্মজীবী নারী, সেহেতু আমাকে সবকিছু সামলিয়েই চাকরি করতে হবে। করলে করো, না করলে ছেড়ে দাও। সাহায্য, সে আমাকে কেউ করবে না।সুলতানা ফাহমিদা সিদ্দিকীনিকুঞ্জ, ঢাকা