আমি যা ভাবছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহ্! ইয়াসমিন ‘আফা, ইয়াসমিন মরি গেসে (মারা গেছে)।’ মাত্র ১০ মিনিটের মাথায় ইয়াসমিনের মৃত্যু সংবাদ। এই মাত্র ছুটি হলো, বিদ্যুতের গতিতেই মেয়েটাকে কেড়ে নিল। ১২টায় ছুটি, ক্লাস টুতে পড়ে (পড়ত) ইয়াসমিন। গ্রামের বাজারে তিনতলা একটা ভবন হচ্ছে। আকাশছোঁয়ার স্বপ্ন গ্রামের দরিদ্রঘরের মেয়েরা দেখার সাহস পায় বলে মনে হয় না আমার। তবে ওপরে ওঠার ইচ্ছা এবং সাহস দুটোই ছিল ইয়াসমিনের। ওপরে উঠে নিচে দাঁড়ানো সহপাঠীদের ওপরে ওঠার জন্য ডাকছিল। ডাকতে ডাকতে ওদের কাছে আসতে চেয়েছিল, অমনি নিচে পড়তে গিয়েই হাতের কাছের বৈদ্যুতিক খুঁটির তার ধরে ফেলল, ১১ হাজার ভোল্ট। মেয়েটার আঙুলগুলো টপটপ করে নিচে পড়ল, চুলগুলো তারের সঙ্গে পেঁচিয়ে গেল। তারপর মেয়েটি নিচে পড়ে গেল। একটা চোখ জ্বলে গেল। সহপাঠীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখল। সহপাঠী ময়না বাড়ি গিয়ে বুকের নিচে বালিশ দিয়ে ভয়ে কুঁকড়ে রইল। হাসপাতালে নেওয়ার দুই মিনিটের মাথায় মেয়েটি মরে গেল, জগতের সব লেনদেন চুকিয়ে—এমনটাই হওয়ার কথা। কিন্তু ইয়াসমিনের লেনদেন চুকায় না—এই উইপোকা-আক্রান্ত সমাজের মানুষ নামের অমানুষদের সঙ্গে। ইয়াসমিনের লাশ নিয়ে পয়সা কামানোর একটা ধান্ধা তৈরি হলো। এলাকার প্রভাবশালী ব্যক্তিরাই হলেন ঠিকাদার। দেশকে ঠিকা করে এরা পয়সা কামায়। যাবতীয় আরাম-আয়েশের, ভোগবিলাসের রাস্তা সুগম করে। মালিকের দোষও তো আছে। এর আগেও এ ভবনের কাজ করতে গিয়ে দুবার মিস্ত্রিরা আহত হয়েছিলেন। তার পরও কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এখন মালিককে জরিমানা দিতে হবে। তার কিছু অংশ মেয়ের বাবা পাবেন। বাকিটার ভাগাভাগি নিয়ে বনিবনা হলো না। দুর্ঘটনার লাশ। ময়নাতদন্ত করতে হবে। মেয়ের লাশটা যেন কাটাছেঁড়া করে আর কষ্ট দেওয়া না হয় সে জন্য কিছু টাকা দেন ইয়াসমিনের বাবা। কাজ হলো। এরই মধ্যে এলাকার প্রভাবশালী ব্যক্তি থানায় ফোন করে জানালেন, মালিকের কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া হয়েছে। নিয়েছেন কারা? অবশ্যই মেয়ের বাবা পেয়েছেন খুব সামান্যই। থানারবাবু বেশি টাকার জন্য গোঁ ধরলেন। এরই মধ্যে তাঁদের একজন সৎ কর্মকর্তার কানে ব্যাপারটা গেল। তিনি থানায় গেলে সবাই খুব সৎ কর্তব্যপরায়ণ বনে গেলেন। লাশের ময়নাতদন্ত করেই তবে ছাড়া হলো। মৃত্যুর প্রায় ২৭ ঘণ্টার মাথায় ইয়াসমিন বাড়ি এল। শেষ ঘুম ঘুমানোর জন্য। ইয়াসমিনের মায়ের আর্তনাদ, তাঁর মেয়ে পচে গেছে। একটা শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ২৭ ঘণ্টা লাগে! থানা থেকে ইয়াসমিনের বাড়ি ট্যাক্সিতে দূরত্ব মাত্র ১০ মিনিট। টাকা ভাগাভাগির চক্রে পড়ে ইয়াসমিনকে প্রায় ২৭ ঘণ্টা অপেক্ষা করতে হলো। ক্ষমতাশালী ব্যক্তিদের কারও লাশ হলে ভাঙচুর হতো, চিৎকার-চেঁচামেচি হতো, নিউজ হতো। ইয়াসমিন প্রান্তিকেরও প্রান্তিক। মেয়েশিশু। ভবিষ্যতের নারীযন্ত্রণা থেকে অসময়ে বিদায় নিল ইয়াসমিন। প্রতিদিন এ রাস্তা দিয়েই বিদ্যালয়ে যাওয়া। ইয়াসমিনের বাড়ি পেরিয়ে স্কুল। রাস্তাটা বড্ড কাটাছেঁড়া। রাস্তার ময়নাতদন্ত হয়? ইয়াসমিনের লাশ নিয়ে যা হলো তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণিত সত্য যেখানে মিথ্যা বলে চালায়, সেখানে এই সত্যটা প্রমাণ করার সুযোগ কোথায়? নাকি এমন ঘটনা একটি নয়, ঘটে প্রায়ই। জাতিসংঘ ঘোষিত মানবাধিকারগুলোর একটি হলো—প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা আছে। এই ইয়াসমিনকে নিয়ে যা হলো তা বলতে গেলেও প্রশাসনের অনুমোদন লাগবে। এটা কেন? সরকারি কর্মচারীর কি মানবাধিকার থাকতে নেই? আমার কাউকে আক্রমণ করার ইচ্ছা নেই, কাউকে শাস্তি প্রদানের ক্ষমতা নেই। এই যে লাশ নিয়েও নোংরামি হয়, আমি কষ্ট পাই—এটা প্রকাশ করতেও আমার কেন ছদ্মনাম ব্যবহার করতে হবে?শামা আরজু, নোয়াখালী।নিজের পায়ের নিচে চাই শক্ত মাটি মুনা (ছদ্মনাম) নবম শ্রেণীতে পড়ে। ছাত্রী হিসেবে ভালো ছিল। পড়ত গ্রামের স্কুলে। হঠাৎ একদিন সে স্কুলে যায়নি। তাই বান্ধবীরা খোঁজ নিতে গেল আর শুনে সবাই হতবাক, ওর নাকি গতকাল বিয়ে হয়ে গেছে! মন খারাপ করে সবাই ফিরে এল আর শুরু হলো মেয়েটির জীবনের নতুন অধ্যায়। মুনার স্বামী ছিল বিদেশ ফেরত টাকাওয়ালা। কিন্তু বয়সে ওর তিন গুণ। তবু সবাই মিলে শুধু টাকার জন্য বিয়ে দিল। ভাবল না, এই ছোট মেয়েটা কীভাবে সংসার করবে। আর সে সংসার বলতেই বা কী বোঝে! শান্ত ও ভদ্র মেয়ের মতো চলে গেল শ্বশুরবাড়ি। স্বামীর ভালোবাসা কী সে বুঝে উঠতে পারল না। কারণ, সে ওই প্রাপ্তবয়স্ক লোককে মানতে পারেনি। দিন যেতে লাগল আর তার ব্যবহারে পরিবর্তন আসতে লাগল। অল্প সময়ের মধ্যেই মুনা একটি সুন্দর মেয়ের মা হলো। আর বিপত্তি তখন থেকেই শুরু। দিন দিন অবিশ্বাস বাসা বাঁধল ওর স্বামীর মনে। কারণ ও সুন্দরী। বাইরের কারও সঙ্গে কথা বললে ওর স্বামী মনে করত—খারাপ কিছু। এমনকি পরে বান্ধবীর সঙ্গেও কথা বলতে দিত না। বন্দিদশায় থাকতে থাকতে মুনা অতিষ্ঠ হয়ে উঠল। প্রতিনিয়ত অপমান, মানসিক যন্ত্রণা আর বাবার বাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ। এ সবকিছুই ওকে কাঁদায়। হঠাৎ করে একদিন আগত হলো ওর জন্য পাগল ছিল এমন একজন মানুষ। সে ওকে আশ্বাস দিল, ওকে নতুন জীবনের ছোঁয়া দেবে। তাই ও বিশ্বাস করে বাঁচতে চাইল তাকে আঁকড়ে ধরে। ওর মেয়েকে আর ওকে যখন ওর স্বামী বাবার বাড়ি ফেলে যায়, তখন ওই মানুষটি ওকে বিয়ে করে বলেছিল, মেয়েকে মেনে নেবে। কিন্তু পরে আর নেয়নি। ওর মেয়েটিকে ওর আগের স্বামীর কাছে দিয়ে দেওয়া হয়েছে। অনেক কেঁদেছিল, কিন্তু কিছুই করার ছিল না শুধু চেয়ে থাকা ছাড়া। নিজের মেয়েকে হারিয়ে বুঝতে পারল, আরেকবার ঠকল জীবনের কাছে। দুই মাস পর ওর নতুন স্বামী বিদেশ চলে গেল। আর তারপর শুরু হলো মোবাইল ফোনে অপমান আর মানসিক অত্যাচার। তাকে জানিয়ে দেওয়া হলো, প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান হওয়ার জন্য আজ তাকে বিয়ে করে অপমান করল। তার শরীর ভোগ করাই ছিল একমাত্র উদ্দেশ্য। সব হারিয়ে মুনা পা বাড়াল বাড়ি থেকে অজানার পথে। পরে খুঁজে আনার পর এখন বাবার বাড়ি থাকে মেয়েটি। তবে যেন কাজের মেয়ে হিসেবে। মেয়ে, সংসার, স্বামী কোনোটাই হলো না তার। কেন? এই কেনর উত্তর কে দেবে, কে দায়ী?এই প্রশ্নের উত্তর আমরা কখনো পাইনি, আর পাবও না। সমাজ পারে নারীকে ঠকাতে, একটা সম্মানের জায়গা কখনো দিতে পারে না। আসলে জায়গাটা নিজেরই করে নিতে হবে। নিজের পায়ের নিচের মাটি শক্ত করুন। আর তাই সবার প্রতি আহ্বান, তোমরা যারা সবে কিশোরী, সোচ্চার হও বাল্যবিবাহের বিরুদ্ধে, প্রকাশ করো নিজের মতামত, তৈরি করো নিজের জায়গা। সাদিয়া আফরিন, টাঙ্গাইল।