আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার
সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য জান্নাত আরা হেনরী বলেছেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার দলের ভেতরেরই কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জান্নাত আরা হেনরী এ কথা বলেন।হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পদের হিসাব অনুসন্ধানের অংশ হিসেবে আজ জান্নাত আরা হেনরীকে দুদকের কার্যালয়ে ডাকা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সেখানে যান। দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে।বিভিন্ন গণমাধ্যমে তাঁর সম্পদের পরিমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হেনরী বলেন, ‘আমার কোনো অবৈধ সম্পদ নেই। কিছু পত্রিকায় আমাকে নিয়ে লেখা হয়েছে। আপনারা যদি আমার বিষয়ে অনুসন্ধান করে অবৈধ কিছুর সন্ধান পান, তাহলে আপনারাই কমিশনকে জানিয়ে দিন।’এর আগেও এ কেলেঙ্কারির ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর হেনরীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। সেদিন তিনি এ ঘটনার জন্য ব্যবস্থাপনা পর্ষদকে দায়ী করে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন। হলমার্ককে ঋণ দেওয়ার জন্য কোনো চাপ ছিল কি না, জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘রাজনৈতিক কোনো প্রভাব ছিল কি না জানি না, তবে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা কোনো প্রভাব খাটাইনি।’হলমার্ক গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে হলমার্কই নিয়েছে দুই হাজার কোটি টাকার বেশি। অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে: প্যারাগন নিট কোম্পানি, খানজাহান আলী সোয়েটার্স লিমিটেড, ডি অ্যান্ড স্পোর্টস লিমিটেড, টি অ্যান্ড ব্রাদার্স লিমিটেড ও নকশি নিট লিমিটেড।