আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইয়ের লাশ উদ্ধারের পর রাষ্ট্রের কাছে নিজের নিরাপত্তা চাইলেন বাংলাদেশের স্বনামধন্য সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি আজ রোববার সকালে রাজধানীর মগবাজারের আউটার সার্কুলার রোডের ফ্ল্যাটে সাংবাদিকদের এ কথা বলেন।আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘আমি সাত মাস ধরে গৃহবন্দী। চলাফেরা খুবই নিয়ন্ত্রিত। ট্রাইব্যুনাল থেকে বলা হচ্ছে, সাবধানে চলার জন্য। আমাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি রাষ্ট্রের কাছে আমার নিরাপত্তা চাই।’বুলবুল মুক্তিযোদ্ধা হিসেবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন।তরুণ সমাজকে উদ্দেশ করে গীতিকার ও সুরকার বুলবুল বলেন, ‘তোমরা যারা আমার গান শোনো, যারা আমাকে পছন্দ করো, তোমরা আমাকে বাঁচাও।’এ সময় বুলবুলের পাশেই ছিলেন মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক। তিনি বলেন, ‘আমরা তাঁর (আহমেদ ইমতিয়াজ বুলবুল) নিরাপত্তার বিষয়টি দেখভাল করব। উনি যেভাবে চান, সেভাবেই তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হবে। এতে আতঙ্কের কিছু নেই। ট্রাইব্যুনালে যাঁরা সাক্ষ্য দিয়েছেন, সবার নিরাপত্তা সরকার নিশ্চিত করেছে। বুলবুলের নিরাপত্তার ব্যাপারেও কোনো কার্পণ্য করা হবে না।’ গতকাল শনিবার রাতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মিরাজ উদ্দিন আহমেদের মরদেহ রাজধানীর কুড়িল উড়ালসড়কের নিচে রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।