যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেছেন, ‘দেশের বিভিন্ন শ্রেণী-পেশার কিছু মানুষ তাঁর পদত্যাগের যে দাবি তুলেছেন, তা অবশ্যই তাঁরা তাঁদের একটা বিবেচনা থেকে করেছেন। তাঁদের সবাই তো বাস্তব অবস্থার সবটুকু জানেন না। তাই যে যাঁর বিবেক-বুদ্ধি অনুযায়ী কথা বলছেন। কিন্তু আমার কাজ হচ্ছে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাওয়া।’সারা দেশের রাস্তাঘাটের বেহাল দশা। আসছে ঈদ। অথচ একের পর এক মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। সড়ক-মহাসড়কে গুরুতর সব দুর্ঘটনা নৈমিত্তিক হয়ে উঠেছে। এ নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনা চলছে। অনেকে দাবি তুলেছেন, এই পরিস্থিতির দায় নিয়ে যোগাযোগ-মন্ত্রীর পদত্যাগ করা উচিত।বর্তমান পরিপ্রেক্ষিতে যোগাযোগ-মন্ত্রীর উপলব্ধি কী— জানতে চাইলে তিনি গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে এ কথা বলেন। টেলিফোনে যোগাযোগ মন্ত্রীর সঙ্গে প্রথম আলোর কথোপকথন—প্রথম আলো: সারা দেশের রাস্তাঘাটের এ রকম অবস্থা হলো কী করে?মন্ত্রী: বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের প্রায় সাত বছরে রাস্তার উন্নয়নে তেমন কোনো কাজই হয়নি। যেটুকু হয়েছে, তা-ও ছিল অত্যন্ত নিম্নমানের। ফলে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে।প্রথম আলো: আপনাদের সরকারেরও তো আড়াই বছর পার হয়ে গেল।মন্ত্রী: আমরা শুরুতেই দুই বছরের জন্য একটি মেরামত ও রক্ষণাবেক্ষণের কার্যক্রম হাতে নিয়েছিলাম। এ জন্য দুই বছরে ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৪১০ কোটি টাকা। এই ব্যয় অনুমোদনও করা হয়েছিল। কিন্তু প্রথম বছর ৫০ কোটি এবং পরের বছর (গত বছর) ৫৭ কোটি টাকা ছাড় করা হয়। দুই বছরে এই টাকা দিয়ে উল্লেখযোগ্য কিছুই করা সম্ভব হয়নি।প্রথম আলো: এখন কী করবেন? এই রকমই চলবে?মন্ত্রী: এখন আমরা হিসাব করে দেখেছি, রাস্তার যে অবস্থা হয়েছে, তাতে মেরামত-রক্ষণাবেক্ষণ করে আর সামাল দেওয়া যাবে না। অনেক রাস্তা নতুন করে করতে হবে। সে জন্য আরও দেড় হাজার কোটি টাকা দরকার। প্রধানমন্ত্রী সময় দিয়েছেন, আগামী মঙ্গলবার এই বিষয়টি নিয়ে সভা হবে। আশা করি, তার পরই আমরা কাজ শুরু করতে পারব।প্রথম আলো: ঈদের আগেই কি কাজ শুরু করা সম্ভব হবে? মন্ত্রী: ঈদের আগে আমরা শুধু রাস্তার ভাঙা অংশগুলোতে ইট ফেলে মেরামত করে দেব। সেই কাজ শুরুও করা হয়েছে।কার্পেটিং করা এই সময়ের মধ্যে সম্ভব হবে না। ঈদের পরে সেই কাজ এবং নতুন করে রাস্তা তৈরির কাজ শুরু হবে।প্রথম আলো: ঈদের পরেই শুরু করা যাবে? এবার যে এত তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন, তার নিশ্চয়তা কী?মন্ত্রী: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিষয়টি নিয়ে সভা হলে, তিনি যদি নির্দেশনা দেন তাহলে হয়তো টাকা পাওয়া যবে। ওই সভায় অর্থ এবং পরিকল্পনামন্ত্রীও হয়তো থাকবেন।প্রথম আলো: কাজ শুরু করার পর শেষ হতে কত দিন লাগবে বলে মনে করেন?মন্ত্রী: কমপক্ষে তিন মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত লাগতে পারে।প্রথম আলো: তার মানে আরও অন্তত ছয় মাস সারা দেশের রাস্তাঘাটের বেহাল অবস্থা থাকবে?মন্ত্রী: না, না। এর মধ্যে তো আমরা রক্ষণাবেক্ষণের কাজ করছি। ইটের সোলিং তো ঈদের আগেই সব হয়ে যাবে।প্রথম আলো: এত দিন এই রক্ষণাবেক্ষণের কাজটুকুও ঠিকমতো করা গেল না কেন?মন্ত্রী: রক্ষণাবেক্ষণের কাজ কিছু হয়েছে। কিন্তু একদিকে প্রয়োজনীয় অর্থের সংস্থান ছিল না। অপরদিকে, রাস্তাগুলোর অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে রক্ষণাবেক্ষণ করে ব্যবহারের উপযোগী করা কঠিন হয়ে পড়েছিল।প্রথম আলো: আপনি কি সত্যিই মনে করেন যে আপনি যোগাযোগমন্ত্রীর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন?মন্ত্রী: আমি সঠিকভাবেই দায়িত্ব পালনের চেষ্টা করছি। তবে এ ধরনের দায়িত্ব পালনের জন্য চারপাশের সবার সহযোগিতা দরকার হয়। সেটা না পেলে তো কাজ করা কঠিন।প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।মন্ত্রী: আপনাকেও ধন্যবাদ।