আমি সব সময় রাহুলকে সরকারে চাই
‘আমি সব সময় রাহুল গান্ধীকে সরকারে চাই। কিন্তু সরকারের বাইরে থেকে দলকে শক্তিশালী করার যে সিদ্ধান্ত—এটি তাঁর বিষয়।’গতকাল রোববার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রীরা শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী মনমোহন সাংবাদিকদের এ কথা বলেন। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন করে রদবদলে কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর যুক্ত হওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি যোগ দেননি।গত শুক্রবার এস এম কৃষ্ণা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর রাহুল এই পদে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন আরও জোরালো হয়। কিন্তু গতকাল রোববার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ২২ মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। এর মধ্যে ১০ জন নতুন মুখ। সেখানে ছিলেন না রাহুল। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি ভবনে রাহুল গান্ধীর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, তিনি সব সময় মন্ত্রিসভায় রাহুল গান্ধীকে চান। কিন্তু এটি রাহুলের সিদ্ধান্ত। রাহুল মন্ত্রিসভার বাইরে থেকে দলের জন্য কাজ করতে চান। ২০১৪ সালের আগে আগাম সাধারণ নির্বাচনের সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়ে মনমোহন সিং বলেন, তাঁর এই সরকারে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদল সম্ভবত এটাই শেষ।মনমোহন সাংবাদিকদের আরও বলেন, ‘আমি আগাম নির্বাচন হওয়ার মতো কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। নির্ধারিত সময়েই নির্বাচন হবে।’ ভবিষ্যতে সরকারের পথচলা কেমন হবে—এমন প্রশ্নের জবাবে মনমোহন বলেন, সে পথ হবে চ্যালেঞ্জে পরিপূর্ণ।সরকারের মন্ত্রিসভা থেকে অনেককে দলে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘দলকে শক্তিশালী করতে হলে অনেক অভিজ্ঞ নারী ও পুরুষ নেতা-কর্মী দরকার। তাঁরা দলের জন্যও সমানভাবে কার্যকর ভূমিকা রাখবেন।’