আমি স্টাম্পি বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা পড়তেই মনটা খারাপ হয়ে গেল। এমনিতে বাংলাদেশে আসার পর থেকে পত্রিকা-টত্রিকা পড়া হচ্ছিল না। এখানকার পত্রিকা পড়লেই নাকি হার্টের অসুখ হয়। হাতি হলেও তো ভাই আমাদেরও হার্ট আছে, নাকি!কিন্তু আমার আবার পত্রিকা না পড়লে কলা হজম হয় না। তাই আমার দেখভাল করার জন্য যে ব্যাটা নচ্ছার মাহুতটা ছিল, ওকে কদিন ধরেই বলছিলাম একটা ইংরেজি পত্রিকা নিয়ে আসতে; আমার ভাষা কী বুঝল কে জানে, নিয়ে এল আরেক কাঁদি কলা! বোঝেন অবস্থা।তবে ভাগ্য ভালো, সেই কলার কাঁদি মোড়ানো ছিল একটা ইংরেজি পত্রিকা দিয়ে। পুরোনো পত্রিকা। লন্ডনের দ্য টাইমস। ডেটলাইন দেখলাম, ২০০৭-এর ২৭ ফেব্রুয়ারি। গত বিশ্বকাপের সময়কার। নাই মামার চেয়ে কানা মামা ভালো, নাই পত্রিকার চেয়ে চার বছরের পুরোনো পত্রিকা ভালো। তক্ষুনি দুঃসংবাদটি চোখে পড়ল আমার: ‘প্রতিবছর দাঁতের জন্য মেরে ফেলা হচ্ছে ২৩ হাজার হাতি!’এই যে চারদিকে বিশ্বকাপের এত উৎসব, ঢাক-ঢোল-ঝাজর বাজছে, তার ভিড়ে কি আমাদের এই আর্তনাদ পৌঁছাবে কারও কানে?ধুত্তোর, কী সব বলছি। এই আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে মন খারাপের কাব্য কেন! না, আমি খুশি। খুব খুশি। কী বলব, এই দোপেয়ে মানুষগুলো এক অদ্ভুত প্রাণী। মতিগতি বোঝা ভার। ওরাই আপনার দাঁতের জন্য গুলি করে মারবে, আবার ওরাই আপনাকে মাথায় তুলে নিয়ে নাচবে।মাথায় তুলে নিয়ে নাচাটা আক্ষরিক অর্থে নেবেন না। আমাকে মাথায় তোলা ওদের কম্ম নয়। কিন্তু আমাকে যে এই বিশ্বকাপে, কী যেন বলে, ওহ্ হ্যাঁ, মাসকট বানাল, এ জন্য আমি ধন্য। পুরো হাতিসমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। স্টাম্পি নামটাও আমার পছন্দ হয়েছে। নামের জন্য অবশ্য ধন্যবাদ পাবে পৃথিবীর সাধারণ ক্রিকেটপ্রেমীরা, যারা ভোট দিয়ে ঠিক করেছে এই নামটা। ইয়াম্বু! হাতিদের ভাষায় এর মানে হলো ‘ধন্যবাদ’।বয়স আমার দশ। খুবই প্রাণোচ্ছল। একটু হয়তো দুষ্টুও। আমার সবচেয়ে প্রিয় খেলা ক্রিকেট। পথক্রিকেট খেলতে আমার খুব ভালো লাগে। ইচ্ছে করে সারা দিন শুধু ক্রিকেটই খেলি। ক্রিকেটাররাই আমার দেবতা। আমি শুধু তাদেরই প্রার্থনা করি।আমিও স্বপ্ন দেখি, হয়তো একদিন খেলব বিশ্বকাপ। সেই স্বপ্ন পূরণ হবে কি না, জানি না। তবে এই স্বপ্ন কিন্তু পূরণ হওয়া খুবই সম্ভব—একদিন হাতিদের আর বেঘোরে প্রাণ দিতে হবে না। রাজীব হাসান