আমি স্বপ্ন দেখছি
স্থপতি হিসেবে একটা ঘর বানানোর আগে জানতে হবে, সে ঘরে কয়জন মানুষ বাস করবে। শহরের বিষয়টাও তা-ই। একে সুন্দরভাবে গোছাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারটা তাই চলে আসে। স্থাপত্য আর নগর পরিকল্পনা—এ দুইয়ের সংযোগে পুরো দেশের ত্রিমাত্রিক চিত্র তৈরি করতে হবে। আমাদের দেশে সবাই মিলে কাজ করার প্রবণতা একেবারেই নেই। কিন্তু একা তো কিছু করা যাবে না। শহর গোছানোর কাজটা সবাইকে নিয়েই করতে হবে। স্বাধীনতার পর সরকারকে আমি একটি ভৌত পরিকল্পনা মন্ত্রণালয় করার কথা বলেছিলাম। তৎকালীন সরকারপ্রধান শেখ মুজিবুর রহমানের সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন, ‘আমাদের দেশটা গ্রামপ্রধান। আর গ্রামে এত দরিদ্র জনসাধারণ থাকে! এই সমস্যা সমাধানে স্থাপত্য কোনো ভূমিকা রাখতে পারে কি না।’ আমি তখন বলেছিলাম দেশজুড়ে নগরায়ণের কথা; যেখানে শহর, গ্রাম, নদীনালা, রাস্তাঘাট, কৃষিক্ষেত্র—সব মিলেমিশে থাকবে। শহরে পুরুষ ও নারীর কাজ করার পাশাপাশি আলাদা খেলাধুলার জায়গাও থাকবে। এ বিষয়ে একটি লিখিত প্রতিবেদন ও কিছু ড্রয়িংও আমি তাঁকে দিয়েছিলাম। দুঃখের বিষয়, কিছুদিন পরই তিনি সপরিবারে নিহত হন। তিনি আমার দেখা বাংলাদেশের একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি স্থাপত্য ও পরিকল্পনা এবং পরিকল্পিত নগরায়ণের গুরুত্ব বুঝেছিলেন।ভারত-পাকিস্তানের অনেক শহর কিন্তু বহু আগেই এ বিষয়ে কাজ শুরু করেছে। এ জন্য প্রচুর পড়াশোনা ও সমন্বিত প্রয়াসের প্রয়োজন। অথচ তা আমরা এখনো করতে পারছি না।আমরা আমাদের এই শহরের রাস্তায় ১২-১৩ ধরনের যানবাহন চলতে দেখি। অথচ আমাদের রাস্তাগুলোর নকশা তেমন নয়। একজন প্রতিবন্ধী মানুষ এখানে পথ চলতে পারে না। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে অনেক কাজ করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা ও উদ্যোগ ছাড়া এটা সম্ভব নয়। কিন্তু শহরের এই সমস্যাগুলো যাঁরা বোঝেন, তাঁদের দায়িত্ব এর সমাধান সম্পর্কে নীতিনির্ধারকদের বোঝানো। শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য বাঁচতে হবে। নকশা তৈরি করে, নিয়মনীতি তৈরি করে সবাইকে তা বোঝাতে হবে। এই বয়সেও আমি স্বপ্ন দেখতে পারছি, একদিন এই শহর একটা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। আমি নই, কিন্তু আমাদের সন্তানেরা কিংবা তাদের সন্তানেরা নিশ্চয় বাংলাদেশকে একটা সমৃদ্ধ দেশ হিসেবে দেখবে।বুড়িগঙ্গার তীরঘেঁষে সূচনা হয়েছিল এই ঢাকা শহরের। সেই নদীকে ভুলে গিয়ে আজ আমরা কত দূরে শহরটি বাড়িয়ে নিয়ে যাচ্ছি! ২৫ বর্গমাইলের শহরকে ৬৫০ বর্গমাইলে নিয়ে গেছি। অথচ সবই অপরিকল্পিত রয়ে গেছে।আমি বিশ্বাস করি, এই শূন্য অবস্থা থেকে আমরা উঠে দাঁড়াতে পারব। খুব ক্ষুদ্রভাবে হলেও এই প্রক্রিয়া শুরু হয়েছে। এটি যেন থেমে না যায়। এটা একটা সারা জীবনের যুদ্ধের মতো ব্যাপার। নিজের ওপর বিশ্বাস রাখতে পারলে আমরা নিশ্চয় সমগ্র বাংলাদেশকে দৃশ্যগত ও কার্যকর—উভয় ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর করতে পারব।স্থপতিদের সঙ্গে আলাপচারিতায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি, ২০০৬মাজহারুল ইসলাম: অগ্রগণ্য স্থপতি ও নগর ভাবুক।