আমি হরতাল ঘৃণা করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের ব্যাপারে মার্কিন বিরোধিতার প্রসঙ্গ টেনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, ‘আমি হরতাল ঘৃণা করি। সেই সঙ্গে রাজনৈতিক নেতাদের হরতালের বিকল্প খুঁজে নিতে উত্সাহ জোগাই।’ আজ শনিবার সকালে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি আমেরিকান ক্লাবে ইউএস-বাংলাদেশ অ্যাডভাইজরি কাউন্সিলের সেমিনারে উদ্বোধনী অধিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রোববার ১৮ দল হরতাল ডেকেছে, আগামী দিনে আরও হরতাল হবে। এ পরিস্থিতিতে কী ভাবছেন? জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি আশা করব আগামী দিনে আরও হরতাল হওয়ার যে কথাটি বলছেন, সেটি ভুল প্রমাণিত হবে। কারণ আমি হরতাল ঘৃণা করি। আমি গণতন্ত্র ভালোবাসি। গণতন্ত্র মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করে। আমি এটির প্রশংসা করি। তবে মতপ্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ হওয়া উচিত। মতপ্রকাশের স্বাধীনতা এমন হওয়া উচিত তা যেন মানুষের জীবিকাকে হুমকির মুখে ঠেলে না দেয়।’ হরতালের বিরোধিতা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, হরতাল অনেক মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। কারণ হরতাল হলে ওই দিন খাবারের সংস্থান করাটা খেটে খাওয়া মানুষের জন্য দুরূহ হয়ে পড়ে। তাই সব রাজনীতিবিদের প্রতি আমার অনুরোধ, হরতালের বিকল্প হিসেবে তাঁরা এমন পথ খুঁজে বের করবেন, যাতে মানুষের জীবন হুমকির মুখে না পড়ে।’ ড্যান মজীনা বলেছেন, বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের পথেই থাকতে হবে। কারণ অতীতে অন্য পদ্ধতিতে সরকার পরিচালনায় ফল ভালো হয়নি। গণতন্ত্রের স্বার্থেই আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে হবে। এর আগে ইউএস-বাংলাদেশ অ্যাডভাইজরি কাউন্সিলের সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন সাব্বির আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক শাহারুখ মহিউদ্দীন। ২৫ থেকে ৪৫ বছর বয়স্ক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকেরা এ সেমিনারে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, শিল্পোদ্যোক্তা, বিভিন্ন পেশাজীবী ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি।