আমি ‘বিপজ্জনক’ হতে পারি: মমতা
সরকার চালানোর ক্ষেত্রে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারছেন না—বিরোধীদের এমন সমালোচনার কড়া জবাব দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দল সিপিএম ও তাঁর সরকারের শরিক কংগ্রেসের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী মমতা সতর্ক করে দিয়ে বলেন, তিনি নিরপেক্ষভাবে কাজ করছেন। তবে এভাবে সমালোচনা চলতে থাকলে তিনি ‘বিপজ্জনক’ হয়ে উঠতে পারেন। তাঁকে চ্যালেঞ্জ না ছুড়ে দিয়ে, কাজের ভুল ধরিয়ে দিতে তিনি সিপিএমের প্রতি আহ্বান জানিয়েছেন।গত সোমবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে পলিটেকনিক কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত সাত মাসে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তার বেশির ভাগই বাস্তবায়ন করেছেন। বিরোধী দল সিপিএম সব সময় দাঙ্গা-হাঙ্গামা আর সরকারের সমালোচনা করে বলেও তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, তিনি সিদ্ধান্ত গ্রহণে অন্যদের মতামতকে গুরুত্ব দেন না। তিনি অনেকটাই স্বৈরশাসন চালাচ্ছেন। এর জবাবে মমতা বলেন, ‘জনগণ চেয়েছে বলেই আমি ক্ষমতায়। আমি দুর্বল না। যখন যাওয়ার সময় হবে, আমি তখনই যাব। আমি কালীঘাট থেকে এসেছি, কালীঘাটেই ফিরে যাব।’