আমি ‘মেইড ইন বাংলাদেশ’ সমাধান চাই
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘গণতন্ত্রে ভিন্ন মত থাকে, কিন্তু সমাধানও থাকে। নিজেদের সমস্যার সমাধান নিজেদেরই করতে হবে। বাইরে থেকে কেউ এসে করে দেবে, তার আগে আমরা তৈরি হব না, এটা তো ঠিক না। আমি “মেইড ইন বাংলাদেশ” সমাধান চাই।’ সাবেক এই প্রধান বিচারপতি আজ সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। তিনি ইউরোপীয় ইউনিয়ন-সার্ক সহযোগিতাবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। দেশের চলমান রাজনৈতিক সংকট সম্পর্কে প্রশ্ন করা হলে হাবিবুর রহমান বলেন, ‘বর্তমান অবস্থায় আমি মোটেও হতাশ নই।’ তিনি বলেন, ‘গণতন্ত্রে ভিন্ন মত থাকবে। মতবিনিময়ের মাধ্যমে আমরা সম্ভাব্য সমাধানের পথ খুঁজব। এ থেকে আমরা নিজেদের বঞ্চিত করতে পারি না। নেতারা যা বলবেন, আমরা তা শুনব। তাঁদের শ্রদ্ধা জানাব।’ তিনি বলেন, ‘দেশের অবস্থা নাজুক বলে তো আর চুপ করে থাকা যায় না। পালিয়ে যাওয়ারও উপায় নেই। আমি আশা করি, সমাধান পাব।’ দেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনে তাঁর কোনো মত বা পরামর্শ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন কিছু বলার নেই, শেখার নেই। আমার কোনো সুপারিশ নেই। নিজেদের সমস্যার সমাধান নিজেদেরই করতে হবে।’ অনেকেই মনে করেন, দুই নেত্রীকে এক টেবিলে বসালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে জানতে চাইলে মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘আমি তা মনে করি না।’