আমিই গরুর দেখভাল করতাম
জন্ম ফরিদপুরের অম্বিকাপুরে হলেও আমার ছেলেবেলা কেটেছে কুষ্টিয়া শহরে। তাই ঈদের যত স্মৃতি সব ওই কুষ্টিয়াতেই। ছয় ভাই, তিন বোনের ভরভরন্ত পরিবার আমাদের। ঈদ এলেই শুরু হতো মহা হইচই। বিশেষ করে কোরবানির ঈদ এলে তো গরু কেনা নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করত বাড়িতে। কোরবানির গরু কেনা হতো কুষ্টিয়া শহরের আশপাশের হাট থেকে। হাউজিংয়ের হাট নামে সে সময় একটা গরুর হাট ছিল। এখন অবশ্য সে হাট আর নেই। দালানকোঠা উঠে গেছে সেখানে। সেই হাট থেকে গরু কেনা হতো বেশির ভাগ সময়। ছেলেবেলায় গরুর হাটে খুব বেশি যাইনি। গেলেও দূরে দূরে থাকতাম। প্রচণ্ড ভিড়, অর্ধেক মানুষ তো, অর্ধেক গরু। বাবা ও বড় ভাইয়েরা গরু কিনে নিয়ে এলে শুরু হতো আমার যাবতীয় কর্মকাণ্ড। হাট থেকে একটু বাইরে নিয়ে এলে গরুর গলার দড়িটা নিজের হাতে তুলে নিতাম। এরপর হাঁটতে হাঁটতে সোজা পেয়ারাতলার বাড়ি। বাড়ি যেতে যেতে সারা শরীর ধুলোময়। সেই যে গরুটিকে বাড়িতে নিয়ে যাওয়া, তারপর থেকে কোরবানির আগ পর্যন্ত ওর দেখভাল আমিই করতাম। বাড়ির বাদবাকিরাও আমার হাতে গরুটি ছেড়ে দিয়ে বেশ নিশ্চিন্ত থাকত। আমার তখন সেকি ব্যস্ততা! গরু কী খাবে না খাবে, কোথায় ঘুমাবে, কোথায় বা সারবে প্রাকৃতিক কর্ম! বাড়ির ভেতরেই খাবার দিতাম গরুকে। খড়-বিচালি, কাঁঠালপাতা এসব। পানি খাওয়াতাম বড় একটি গামলায়। সারা দিন একটু পর পর গিয়ে দেখে আসতাম, কী করছে আমাদের গরু। আদর করে দিতাম সুযোগ পেলেই। আর রাতে ঘুমানোর সময় হলে মশারি টানিয়ে দিতাম, না হয় জ্বালিয়ে দিয়ে আসতাম কয়েল। শীতের সময় গায়ে চটের বস্তার ব্যবস্থাও করে দিয়েছি কখনো কখনো। তার পরও রাতে চিন্তা হতো, ঠিকঠাক ঘুমাতে পারছে তো গরুটা! সকালে উঠে আবার নেমে যেতাম গরুর সেবায়। এমনি করে একদিন ঈদ চলে আসত। ভীষণ কষ্ট হতো তখন। কোরবানি দেওয়ার সময় ভাইয়েরা সবাই গরুটা ধরে রাখত। আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতাম।এখনকার গরুর হাট আবার অন্য রকম। এখনো কোরবানির ঈদ আমি কুষ্টিয়াতেই করি, হাটেও যাই। আর আমাকে দেখলেই তো সবাই ভাবে, হাটের সবচেয়ে বড় গরুটাই কিনতে এসেছি। ব্যস, শুরু হয় টানাটানি। একদিক থেকে ডাক আসে, ‘ভাই, এদিকে আসেন।’ আরেক দিক থেকে বলে, ‘না, ভাই, আমার গরুটা দেখে যান আগে।’ আমি আর কী করি, বড় দেখে একটি গরু কেনারই চেষ্টা করি পারলে। আমার বাচ্চারা অবশ্য হাটে যায়নি তেমনটা। তবে গরু দেখলে ওদের চোখ চকচক করে। যেমনটা হতো আমার! [অনুলিখিত]